শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

দিবা দ্বিপ্রহর। নবদ্বীপের গঙ্গার ঘাটে স্নান সেরে উঠে আসছেন এক ব্রাহ্মণ পন্ডিত। মুন্ডিত মস্তকে দীর্ঘ অর্ক ফলা। প্রতিটি পদবিক্ষেপে তাঁর অদ্ভূত দার্ঢ্য। নিয়ত অতি প্রত্যুষে অবগাহন শেষে চতুষ্পাঠীর পথ ধরেন পন্ডিত প্রবর। আজ তবে কেন এ অসময়ে গঙ্গা-স্নান? পথ পার্শ্বে এক বৃহৎ শাল্মলী বৃক্ষের অন্তরাল থেকে এক কিশোর অনিমেষ চেয়ে থাকে ব্রাহ্মণের চলে যাওয়া পথের দিকে। চোখে তার জল।

।। ২।।

অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। তখন নব্য ন্যায়-এর দুনিয়া শাসন করছেন নবদ্বীপের পন্ডিত মন্ডলী। ভারতবর্ষের সারস্বত সমাজে নবদ্বীপ প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ আসনে। অসংখ্য টোল ও চতুষ্পাঠীতে চলছে চতুর্বেদের অধ্যয়ন প্রস্তুতি — ষড়ঙ্গ এবং ষড়দর্শন-এর চর্চা। নদীয়ার রাজ সিংহাসনে অধিষ্ঠিত স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর। তারই দান ও অনুগ্রহে চতুষ্পাঠী গুলির শ্রীবৃদ্ধি চোখে পড়ার মতো। ছাত্ররা গুরুগৃহেই বাস করতেন। কোনো কোনো সম্পন্ন গুরু গ্রহণ না করলেও অধিকাংশই শিষ্যদের প্রণামী গ্রহণ করতেন। এইই ছিল রেওয়াজ। কিন্তু হলে হবে কি, জগতে কিছু কিছু মানুষ থাকেন যারা কিছুতেই চলতি হাওয়ার পন্থী হতে রাজি হন না।

নবদ্বীপের বিদ্বৎসমাজের গণ্ডি ছাড়িয়ে আপামর জনসাধারনের মুখে মুখে তখন শুধু একটিই নাম — রামনাথ তর্ক সিদ্ধান্ত। নবদ্বীপের সর্ব প্রধান নৈয়ায়িক রামনারায়ন তর্কপঞ্চাননের গুরুকুল চতুষ্পাঠী থেকে ‘তর্ক সিদ্ধান্ত’ উপাধি প্রাপ্তির পর ধাত্রীগ্রামের ভট্টাচার্য্য বংশীয় পন্ডিত রামনাথ নবদ্বীপে খুলে বসেছেন তাঁর আবাসিক চতুষ্পাঠী। কিন্তু তাঁর অন্য সহাধ্যায়ীরা যে পথে হেঁটে আজ সফল ভাবে প্রতিষ্ঠিত রামনাথ সে সহজ পথে হাঁটতে পারেন নি। তিনি হাত পেতে রাজানুগ্রহ নিতে চাননি। তা নিয়ে অবশ্য নবদ্বীপের সাধারণ সমাজে আলোচনাও কিছু কম হয়না । চন্ডীমন্ডপের দাওয়ায় বসে বৃদ্ধ হরিদাস গোস্বামী তো মাথা নেড়ে বলেই ফেললেন, “তবে তুমি যাই বলো বৃন্দাবন, আমি এঁকে পন্ডিত বলতে পারছিনে”।

“এত বড় কথাটা বলছেন কী করে ,ঠাকুরমশাই”? অবাক জিজ্ঞাসায় গোঁসাই ঠাকুরের মুখের দিকে তাকায় বৃন্দাবন। চৈত্রের শেষ। বাতাসে একটা গুমোট ভাব। গাছের তলার ছায়াতেও এই বিকেলে যেন স্বস্তি নেই। তালপাখার পাখাটা হাতে নাড়তে নাড়তে গোঁসাই ঠাকুর বিরক্ত হয়েই বললেন, “কেন বলবো না বলতে পারো? ধন থাকলে মানুষ ধনবান হয়, বিদ্যা থাকলেই বিদ্বান হয় কী? মনুষ্যশাস্ত্র বলে, সঙ্গে বুদ্ধিও থাকতে হয়”। বৃন্দাবন হেসে ফেলে। বলে,”রাজানুগ্রহ নেওয়া যদি কারো আদর্শের পরিপন্থী হয় সেই আদর্শনিষ্ঠাকে আপনি নির্বুদ্ধিতা বলবেন?” বৃন্দাবনের কথার মধ্যে একটা ধারালো খোঁচা ছিল। ঘাড়ে রাখা গামছাটা দিয়ে কপালটা মুছে নিতে নিতে উত্তেজিত হয়ে ওঠেন হরিদাস। “ওসব বাজে কথা বাদ দাও হে, আমাদের মহা পন্ডিত শংকর তর্কবাগীশের চতুষ্পাঠীর দিকে তাকাও দেখি একবার। কত বড় আয়োজন — চণ্ডীমণ্ডপ, আটচালা ঘর, চারিদিকে টানা বারান্দা। বড় আঙিনা জুড়ে সারি সারি ছাত্রদের থাকবার ঘর। দিনে অন্তত দু তিনশ’ কলা পাতা পড়ে। মহারাজ কেষ্টচন্দর তো কোনো অভাব রাখেন নি”। দু-হাত জোড় করে কপালে ঠেকান বৃদ্ধ হরিদাস। একটু দম নিয়ে বলেন, “ও সব আদশ্য ফাদস্য রাখো। আসল কথা হচ্ছে এক বগ্গামী।তোমাদের পন্ডিত বড্ড গোঁয়ার”। সুযোগ পেয়ে পাশ থেকে একজন ফুট কেটে ওঠে, “এক্কেবারে নির্য্যস খাঁটি কথাটা বলেছেন ঠাকুর মশাই, নইলে নবদ্বীপের শহর ছেড়ে কেউ বনের মধ্যে চতুষ্পাঠী খোলে! সাধে কি আর লোকে বলে বুনো, বুনোরামনাথ”? নবদ্বীপের বৈকালিক আড্ডায় এরকম তর্ক চলতেই থাকে।

।। ৩ ।।

বনের মধ্যে চতুষ্পাঠী স্থাপন করলেও রামনাথের ছাত্রসংখ্যা দিন দিন বাড়তেই লাগলো। পথের পাশে অযত্নে ফুটে থাকা জংলা ফুল যেমন নিজস্ব সৌরভে ও সৌন্দর্য্যে পথিকের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করে নেয় —তর্ক সিদ্ধান্তের আশ্রমিক চতুষ্পাঠীর খ্যাতিও নবদ্বীপের গণ্ডি ছাড়িয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো বৃহত্তর বঙ্গসমাজে। গুটিগুটি বাড়তে লাগলো ছাত্রদের ভিড়ও। কিন্তু এত ছাত্রকে আশ্রয় দেওয়ার উপায় তো তাঁর নেই, তাঁর নিজেরই অন্নসংস্থান যেখানে অনিশ্চিত। তবু এর মধ্যেই দু-তিনজন ছাত্রের থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে তাঁর আশ্রমে। কিভাবে করেছেন তিনিই জানেন! কাশী, মিথিলার কথা না জানলেও গোটা নবদ্বীপে এমন দ্বিতীয় পন্ডিত অধ্যাপক যে আর নেই সে কথা নবদ্বীপের ছাত্রমন্ডলীও জানত। তাই তারা একদিন দলবেঁধে করজোড়ে আশ্রমের প্রাঙ্গণে এসে দাঁড়ালো। রামনাথ একগুঁয়ে, রুক্ষ,অকপট কিন্তু জ্ঞানপিপাসু সম্মিলিত ছাত্রমন্ডলীর আবেদনে তাঁর শিক্ষক সত্ত্বা করুণায় আর্দ্র হয়ে উঠল। আশ্রমের বাঁশের খুঁটি ধরে ঈষৎ ঝুঁকে তিনি বললেন,”শোনো,আমার এ অপরিসর আশ্রমে তোমাদের কোথায় থাকতে দেবো বলো? তারচেয়ে বরং তোমরা এসো, বসো, কোন অমীমাংসা থাকলে জেনে নাও । তোমাদের অন্ত্যেবাসী রেখে পাঠদানে আমি অক্ষম”। গুরুকুল প্রথায় পাঠরত এখানকার ছাত্রদের বলা হত অন্ত্যেবাসী। সে কথা ছাত্ররা জানত। ছাত্রদের একজন, গোবিন্দ বলে উঠলো, “গুরুদেব ,যদি আজ্ঞা করেন আমরা কিছু কিছু প্রণামী দিই আপনাকে, কিন্তু আমাদের ফিরিয়ে দেবেন না”। এ প্রস্তাবে মুহূর্তে গম্ভীর হয়ে গেল পণ্ডিতের মুখমণ্ডল। তিনি দৃঢ় ভাবে দুপাশে ঘাড় নেড়ে জানিয়ে দিলেন তাঁর অসম্মতি। বললেন,”বিদ্যা দানের বিষয়, বিক্রয়ের নয়। তোমরা পাঠ গ্রহণ করতে পারো কিন্তু প্রতিদানের চেষ্টা কোরনা”। ছাত্রদের মধ্যে ভৈরব ছিল একটু বেশি সাহসী। সে এগিয়ে এসে তর্কসিদ্ধান্তকে প্রণাম জানিয়ে বললো,”গুরুদেব, আমরা আপনার কাছে বিদ্যার্থী হিসাবে এসেছি আহারার্থী হিসাবে নয়। আপনি আমাদের গ্রহণ করুন”। শেষে ছাত্ররা নিজ গৃহে আহারান্তে গুরুগৃহে অধ্যয়ন করবে– এই ব্যবস্থাই চালু হলো।

।। ৪ ।।

প্রাচীন ঋষিদের তপোবন আশ্রমের মতো, নবদ্বীপ জনপদ প্রান্তে বনাকীর্ণ গঙ্গার ধারে সুবৃহৎ পাদপের গভীর ছায়ায় মৌন স্তব্দ্ধ প্রকৃতির নিবিড় আশ্রয়ে নব্য ন্যায়ের চর্চার প্রধান পিঠস্থান হিসাবে চলতে লাগল রামনাথ তর্কসিদ্ধান্তের আশ্রমিক চতুষ্পাঠী। ছাত্ররা নিজ গৃহে আহারান্তে গুরুগৃহে অধ্যয়ন করতে আসে। সারাদিন পঠন-পাঠন শেষে সন্ধ্যায় ফিরে যায় নিজের ঘরে। রামনাথ শিক্ষার্থীদের শুধু শাস্ত্র শিক্ষাই দিতেন না, পাঠদানের মধ্যে দিয়েই তিনি তৈরি করতেন নতুন পাঠ — সমাজের জন্য সুনাগরিক তৈরি করে দেওয়া। তারা সৎ, মেরুদন্ড সম্পন্ন, যুক্তিবাদী। প্রয়োজনে রাজারও ভুল ধরতে পারেন। তাঁর অধ্যাপন পদ্ধতির আকর্ষণে এবং অনন্যসাধারণ বাগ্মিতায় মন্ত্রমুগ্ধের মত আবিষ্ট হয় ছাত্র মন্ডলী।

প্রথম পর্বের পাঠদান শেষে দ্বিপ্রহরে মধ্যাহ্নভোজনের বিরতি। অন্ত্যেবাসী ছাত্ররা আহার করে নিষ্ক্রান্ত হলে গুরুদেব আহারে বসেন। কখনো বেগুন পোড়া,শাকান্ন। কখনো তেঁতুল পাতার ঝোল। গুরুদেব তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজন শেষ করলে গুরুমা খেতে বসতেন। হাঁড়িতে তখন অবশিষ্ট কী থাকত তা শুধু তিনিই জানতেন। এসব দৃশ্য অন্তরাল থেকে লক্ষ্য করতো ভৈরব। সে আরও লক্ষ্য করতো এই সময় এক অদ্ভুত নাটক চলে ।আশ্রমিক ছাত্ররা খেতে বসে আধপেটা খেয়েই ‘আর দেবেন না মা, পারব না’ বলে গুরুপত্নী কে অন্ন পরিবেশনে বাধা দিত।সহাধ্যায়ীদের এই হাসি মুখে অর্ধভুক্ত থাকা, দারিদ্র‍্য যন্ত্রণায় আপন ভোলা অধ্যাপকের অদ্ভুত উদাসীনতা ভৈরবকে কষ্ট দিত। সে সম্পন্ন গৃহস্থের সন্তান। স্বগৃহে দুধ ছানা ননী খেয়ে মানুষ হয়েছে। গুরুদেব গুরুমার এ কষ্ট সহ্য করতে না পেরে সে স্থির করলো চুরি করবে। নিজের বাড়ি থেকে পেট কোঁচড়ে করে নিয়ে আসতে লাগলো চাল, কখনো দু-একটা সবজি। নিপুণ হস্তলাঘবতায় গুরুমা’র অগোচরে রান্না ঘরে ঢুকে মাটির হাঁড়িতে মিশিয়ে দিত চুরি করে আনা চাল । এভাবেই চলতে লাগল এক নাটকের পর্দার অন্তরালে আরো এক নাটক।

।। ৫ ।।

চৈত্র শুক্লা একাদশী তিথি। প্রায় মাস খানেক এর জন্য কৃষ্ণনগরে বসেছে নদীয়ারাজ প্রতিষ্ঠিত বারোদোল মেলা। এই উপলক্ষ্যে পরপর তিনদিন চতুষ্পাঠীতে অনধ্যায়। চতুষ্পাঠীতে ছুটি থাকলেও রামনাথ বাড়িতে মুখস্থ করার জন্য কিছু শ্লোক দিয়ে দিতেন। ছুটি শেষে আজ তিনি বাড়ির পাঠ ছাত্ররা কে কেমন প্রস্তুত করেছে তার পরীক্ষা নিচ্ছিলেন। সবাই একে একে পড়া দিলেও বালক গোবিন্দ পড়া দিতে অকৃতকার্য হলো। পন্ডিতমশাই জিজ্ঞেস করলেন যে বাড়িতে কেউ অসুস্থ ছিল কিনা। গুরুদেবের সামনে মিথ্যা সে বলবে না তাই স্বীকার করে নিল বারোদোল মেলার হৈ-হুল্লোড় আর আনন্দের মধ্যে সে পাঠে মন দিতে পারেনি। গুরুমশাই বালক গোবিন্দের চোখের দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করলেন,”তাহলে তুমি স্বীকার করছ ,অন্যায় করেছো ,তোমার শাস্তি প্রাপ্য?” গোবিন্দ মাথা নিচু করে ঘাড় নেড়ে সম্মতি জানায়।পন্ডিত প্রবর ঘাড় ঘুরিয়ে আদেশ করেন,”তোমার গুরুমাকে একটু ডেকে নিয়ে এসো তো বাবা, ভৈরব”।এক অদৃষ্টপূর্ব শাস্তির আশঙ্কায় গোবিন্দ ত্রস্ত হয়ে উঠলো। ভৈরব এরকম একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। কারণ আজ সে নিয়ে এসেছে সুগন্ধি উৎকৃষ্ট গোবিন্দভোগ চাল। অনতিবিলম্বে পন্ডিত -জায়া উমাসুন্দরী দেবী দ্বারপ্রান্তে এসে দাঁড়ালেন ।রামনাথ বললেন , “শোনো, আজ থেকে আমার উপবাস, গোবিন্দর পাঠ প্রস্তুতিতে যতদিন লাগে ততদিন।” গোবিন্দর দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, “যাও বাবা,পাঠাভ্যাস সমাপ্ত হলে আমায় জানিও”। এরকম আশ্চর্য শাস্তির জন্য গোবিন্দ প্রস্তুত ছিল না। গুরুমশাই উপবাস করলে গুরুমাও উপোসী থাকবেন। লজ্জায় নিজের ওপর রাগে দুঃখে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। সারাদিন নাওয়া-খাওয়া বাদ দিয়ে তিন দিনের পড়া একদিনে প্রস্তুত করে সন্ধ্যায় সে ফিরে এলো চতুষ্পাঠীতে। ছাত্রের নিষ্ঠায় খুশি রামনাথ আজ গোবিন্দকে খেয়ে যেতে বললেন।

অন্নগ্রহনের সময় বাক্ সংযম করে থাকেন পন্ডিত। আহার শেষে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “উমা ,তুমি সত্যিই অন্নপূর্ণা”।
“হঠাৎ এ কথা?” অবগুন্ঠনের আড়ালে বিব্রত বোধ করেন উমাসুন্দরী দেবী। উত্তরীয় প্রান্ত দিয়ে মুখ মুছতে মুছতে পন্ডিত হাসেন, বলেন–“তাছাড়া আর কি বলি বলো,আমি হাট থেকে নিয়ে আসি বোরো ধানের মোটা লাল চাল। তোমার হাতের গুনেই না তা থেকে বেরোয় এমন সুগন্ধী সুবাস!” গুরুদেবের এই কথায় অন্তরাল শ্রবণে ভৈরবের মুখে খেলে যায় এক চিলতে তৃপ্তির হাসি।

।। ৬।।

এই অদ্ভুত অধ্যাপন কৌশল এবং সঙ্গে সীমাহীন দারিদ্র্যের সব খবরই পৌঁছলো রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। তাঁর রাজ্য সীমার মধ্যে এমন একজন পন্ডিত অরণ্যাচারী হয়ে থাকবেন? শাস্ত্রজ্ঞ, ধর্মপরায়ণ বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্র স্থির করলেন স্বয়ং যাবেন রামনাথের কাছে, তাঁকে ফিরিয়ে আনতে।

নদী পাড় জুড়ে নিবিড় অরণ্য। অজস্র পাখির কলস্বরে মুখরিত আরণ্যক স্তব্ধতা। দূরে দেখা যাচ্ছে পণ্ডিতের পর্ণকুটির। অশ্ব সংবরণ করলেন কৃষ্ণচন্দ্র। বাকি পথ পদব্রজেই যাবেন। আশ্রমের দ্বারপ্রান্তে সুবৃহৎ তিন্তিরি বৃক্ষ। থমকে দাঁড়ালেন তিনি। ভিতরে চলছে শাস্ত্রালোচনা। জনা পনেরো ছাত্র ঘিরে বসে আছে গুরুদেবকে। মগ্ন পন্ডিত ভ্রুক্ষেপই করলেন না রাজার উপস্থিতি। ছাত্রদের ঈষৎ চঞ্চলতায় মুখ তুলে তাকালেন তিনি। প্রণাম জানিয়ে এগিয়ে গেলেন কৃষ্ণচন্দ্র। বিস্মিত, কৌতুহলী রামনাথ। স্বাগত সম্ভাষণ জানিয়ে সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, “মহারাজের আগমনের হেতু?”

আত্মাভিমানী পণ্ডিতের কাছে আবেদন পেশ করার পূর্বে সতর্ক মহারাজ। অর্থ সাহায্য এবং নবদ্বীপ সারস্বত সমাজে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা সরাসরি বলতে পারলেন না কৃষ্ণচন্দ্র। বললেন, “আপনার যদি কোন অনুপপত্তি থেকে থাকে…” ‘অনুপপত্তি’র অর্থ — অভাব বা আর্থিক অনটন। কিন্তু ঐ নঞ্তৎপুরুষ সমাসটির দ্বিতীয় একটি অর্থও ছিল তাহলো অসঙ্গতি বা অমীমাংসা। দুর্ভাগ্যবশতঃ এই সরল ব্রাহ্মণ পণ্ডিত ঐ দ্বিতীয় অর্থটিই গ্রহণ করে বললেন, “কিন্তু মহারাজ, আমি চারখন্ড চিন্তামণি শাস্ত্রের উৎপত্তি করেছি, উদয়ন আচার্যের ন্যায় কুসুমাঞ্জলিও অধ্যয়ন করেছি কিন্তু এখনো পর্যন্ত তো কোন অনুপপত্তি দেখিনি।” মহারাজ বুঝলেন এ আত্মভোলা জ্ঞানপিপাসু সরল মানুষটির সঙ্গে এভাবে কথা বলে হবে না। তাই এবার সরাসরি বললেন,”এ অরণ্য পরিত্যাগ করে নবদ্বীপ পন্ডিত মহলের শ্রেষ্ঠ আসনটি অলঙ্কৃত করবার জন্য আপনাকে আহ্বান জানাতে এসেছি,পন্ডিত মশায়”। মুখের রেখায় বিদ্যুৎ খেলে গেল রামনাথের। আত্মসংবরণ করে শান্ত দৃঢ়তায় বললেন,”তা হয় না, মহারাজ।”

“কেন হয়না?” ঈষৎ ক্ষুব্দ্ধ কৃষ্ণচন্দ্র। পন্ডিত বললেন,”ভর্তৃহরি বলছেন,বিদ্যা নাম নরস্য রূপমধিকং প্রচ্ছন্ন গুপ্তং ধনংবিদ্যা…” । শাস্ত্রজ্ঞ মহারাজ বুঝলেন–বিদ্যা মানুষের শ্রেষ্ঠ সৌন্দর্য্য ও গোপনে রক্ষিত ধন, রামনাথ তাকে প্রকাশ্যে দেখাতে চাননা। তর্কসিদ্ধান্ত শ্লোকটি সম্পূর্ণ করার পূর্বেই কৃষ্ণচন্দ্র বললেন, “আপনি মহাপন্ডিত,আমার একটি প্রশ্নের উত্তর দিন তাহলে”…
“বলুন মহারাজ”
“উপনিষদ যুগের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মবিদ যাজ্ঞবল্ক কী করে তাহলে জনক রাজার বৃত্তিভোগী সভাপন্ডিত হয়েছিলেন?”
স্মিত হেসে রামনাথ বললেন, “তিনি ছিলেন মহামুনি,ব্রহ্মবিদ্। আর আমি সামান্য ব্রহ্মজিজ্ঞাসু। তাঁর প্রাপ্তির সঙ্গে আমার অনুসন্ধানের তো কোন তুলনা হয়না মহারাজ।” কৃষ্ণচন্দ্র মাথা নীচু করলেন। পরাজিত কৃষ্ণচন্দ্রের ফিরে যাওয়া ছাড়া আর কোনও উপায় রইল না।

মনটা বড় তিক্ত, বিষণ্ণ হয়ে আছে রামনাথের। ইতিমধ্যে মধ্যাহ্নভোজনের পূর্বে উমাসুন্দরী নতুন এক ‘অনুপপত্তি’ নিয়ে হাজির হলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন,”আমার ঝুড়িতে একটি বার্তাকু ছিল এখন দেখছি এক গন্ডা!” বেগুন কি ঝুড়িতে ফলে? একটা থেকে এক গন্ডা? ঘটনাটা কী হয়েছে বুঝতে সময় লাগল না পন্ডিত মশায়ের। চোয়াল শক্ত হয়ে গেল রামনাথের। ছাত্রদের দিকে ফিরে শীতল অথচ দৃঢ় স্বরে জানতে চাইলেন, “কে করেছ এ কাজ?” কিছুক্ষণের খন্ডহীন নিস্তব্ধতা পাষাণের মতো ভারি হয়ে উঠল। প্রত্যেক জোড়া চোখ মাথা নীচু করে খুঁজে ফিরছে একে অপরকে। হাত সাফাই শিখলেও মিথ্যাচারণ শেখেনি ভৈরব। মাথা নীচু করে ধীরে ধীরে উঠে দাঁড়াল সে। মাথার ওপর দ্বিপ্রাহরিক সূর্য্যের গনগনে উষ্ণতা, রাজকীয় অনুকম্পার প্রস্তাব আর ছাত্রের চৌর্য্যবৃত্তির অপরাধ–সব মিলিয়ে নিজেকে সংবরণ করতে পারলেন না রামনাথ। চরম শাস্তির নিদান দিলেন ভৈরবকে–চতুষ্পাঠী থেকে বহিষ্কার দন্ড। আসলে ভৈরব বুঝতেই পারেনি গোপনে উপকার করতে চেয়ে আত্মাভিমানী গুরুদেবের দারিদ্রের অহংকে ধাক্কা দিয়ে ফেলেছে সে। রামনাথের সারা শরীর ক্লেদাক্ত মনে হচ্ছে। ছুটে বেরিয়ে গেলেন তিনি গঙ্গাস্নানের উদ্যেশ্যে।”গুরুদেব,আমি ভুল করেছি। আমায় ক্ষমা করুন”—কাতর আর্তি নিয়ে পিছন পিছন ছুটল ভৈরবও। ভ্রুক্ষেপ মাত্রও করলেন না তর্কসিদ্ধান্ত।

দ্বিপ্রাহরিক গঙ্গাস্নান সেরে ধীরে অথচ দৃঢ় পদবিক্ষেপে চলে গেলেন রামনাথ। এক বৃহৎ শাল্মলী বৃক্ষের অন্তরালে নিজেকে লুকিয়ে রেখে শেষবারের মতো গুরুদেবকে দেখে নিচ্ছিল ভৈরব। আর কোনদিন গুরুদেবের সামনে গিয়ে দাঁড়াতে পারবেনা সে। গাছের আড়াল থেকে বেরিয়ে গুরুদেবের চলে যাওয়া পথের ধূলায় পায়ের জলছাপের ওপর কপাল ঠেকিয়ে ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ল ভৈরব।

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.

0
Would love your thoughts, please comment.x
()
x