শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

‘মন্ত্রে কি কোনো কাজ হয়? সাপে-কাটা মানুষ বাঁচানো যায়? বিষধর কালাচ সাপের প্রবল কালকূট… শেষ রক্তবিন্দু পর্যন্ত কাল্‌চে করে রন্ধ্রেরন্ধ্রে ছড়িয়ে পড়েছে, এ বিষ কি নামানো মুখের কথা! ওঝার মুখের কথায় নামবে? সবাই জানেন, না। শুধু কথায় চিঁড়ে ভেজে না। সবাই জানেন কাজ যা হবার হয়, ওঝার হাতের ঔষধির গুণে, বিষহর ভেষজ—শেকড়বাকল গুল্মলতার তেজে। মন্ত্রটা একটা আনুষঙ্গিক দোহার মাত্র, নেহাতই ফুস্‌-মন্তর-ফুস।

তাই চাকভাঙা মধু লেখার সময় মাতলা ওঝা কী করে অঘোরের বিষ ঝাড়াবে, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। জানতাম চিৎপুর রোডের লাইব্রেরীগুলো থাকতে ও নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ঝাড়ফু’ক তুকতাক বাণমারা বশীকরণের হরেকরকম পাঁজিপুঁথি মেলে চিৎপুরে। সময় মতো বেছেবুছে একটা লাগসই ছড়া মাতলার মুখে বসিয়ে দিলেই চলবে। আর ঔষধি ? সে তো যে কোনো গাছের ডাল। দর্শকরা তো মঞ্চে উঠে পরখ করতে যাচ্ছে না, ওটা হাস্নুহানার ডাল—না প্রকৃত গুণশালী বিষহর বৃক্ষমূল।
কিন্তু না, থিয়েটার ওয়ার্কশপ জানালো, ওসব ফাঁকিবাজিতে তারা নেই। গ্রামের ভেতর যেতে হবে, ওঝাদের খুঁজে বার করতে হবে, তাদের কাছ থেকে মন্ত্র–তন্ত্র ওষুধ-বিষুধ সব জেনে বুঝে আসতে হবে। আচ্ছা, সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো মানে হয়?—আমার মনে হয়েছিল। থিয়েটার ওয়ার্কশপের হয়নি। কেননা নাটকের মঞ্চরূপায়ণ থিয়েটার ওয়ার্কশপের কাছে অলস ফাঁকিবাজির বেসাতি নয়, সাচ্চা জ্যান্ত জীবনের আস্বাদন করা এবং করানো।

তাই বাহাত্তর সালের গনগনে এপ্রিল মাসের এক ভরদুপুরে—বসিরহাটের কাছে মালতীপুর বলে যে ছোট ষ্টেশনটা হয়েছে ওখান থেকে আরো মাইল আটেক ভেতরে—অজ গাঁয়ের কিনারে এক ভাঙাচোরা ঝুপড়ির সামনে আমরা কয়েকজন উপস্থিত। সংগে একটা পেল্লায় গ্রুনডিক টেপরেকর্ডার। লোলচর্ম ওঝামশাই—বয়সের রোষে যিনি চোখ কান দুটোকেই হারিয়েছেন… তখন সদ্য লানচ্‌ সেরে উঠে সবচেয়ে লম্বা আঙুলটা ঝাড়ুর মতো গালে ঢুকিয়ে মাড়ির উপর উচ্ছিষ্ট ভাততরকারি খোঁজাখুঁজিতে ব্যস্ত। বেশ খানিকটা সময় নিয়ে আমাদের প্রার্থনা হৃদয়ঙ্গম করলেন ওঝামশাই। আঙুলের গা চেটেপুটে ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাতের কণাতিকণাগুলো পুনরায় পেটে চালান করলেন। এবং একটা লম্বা চওড়া ঢেকুর ছেড়ে আমাদের মুখের দিকে চেয়ে হেসে উঠলেন, তুমরা পাগুল না মাথাখারাপ বাবুরা ? সে সব আমার গুপ্ত বিদ্যে, তুমাদের কাছে ফাঁস করতে যাবো কোন্‌ সুবাদে ? এ কি বাপু তুমাদের এলোপিত্তি চিকিচ্ছে… দুনিয়ার ছেলেবুড়ো সবাই যার ওষুধের খবর রাখবে ! যাও বাপু, যেখান থেকে আসা হয়েছে, সেখানে ফেরত যাও।

নিরুপায় হয়ে আমাদের একজন তখন আলতো করে প্রস্তাব করলেন, বিনি পয়সায় তোমার গুপ্ত বিদ্যে জানতে আসিনি গো কত্তা, দক্ষিণাও দেবো।–আর তাতেই কাজ হলো। ওঝামশাই তাঁর আলুথালু জিব চাপড়াতে চাপড়াতে একের পর এক মন্ত্র আউড়ে গেলেন। মন্ত্র ছাড়াও বৃদ্ধ ওঝা আরো যে কিছু আমাদের দিয়েছিলেন, সেটা জানতে পেলাম, বিভাস চক্রবর্তীর ‘জটা’-কে দেখে। তিনদিন অভুক্ত জটা একমুঠো পান্তাভাতে শান্ত হয়ে—ঠিক অমনি করে হাতের সবচেয়ে লম্বা আঙুলটা সড়কির মতো গালের ভেতর চালিয়ে অমনি করে ভাতের কণা খোঁজে আর লম্বা ঢেকুর ছেড়ে দাক্ষায়ণীকে বলে, ‘আজ আর বাকিতে কারবার চলবে না গো ঠাকরুণ… আগে টাকা পরে ঝাড়ন… আজ নগদ কাল ধার।’

রাত নটা হবে। মালতীপুর স্টেশনে জনপ্রাণীর চিহ্ন নেই। ঘুরঘুটি আঁধার। বোধহয় কৃষ্ণপক্ষ। নইলে দেড়হাত দূরের বিজলী বাতির খাম্বাগুলোও দেখা যাবে না কেন? খুঁজে পেতে একজন স্টেশনমাস্টার গোছের একজন ভদ্রলোককে পাওয়া গেল। এবং তিনিই হঠাৎ দায়িত্ব সচেতন হয়ে শেষ সংবাদটি শোনালেন, আজ আর কলকাতায় ফেরার কোন ট্রেন নেই। মাঝ পথে কোথাও অ্যাক্‌সিডেন্ট হয়েছে। সব গাড়ি বাতিল। রাত এগারোটা নাগাদ একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। তবে কিনা উল্টোদিক থেকে। আমরা ফিরব কলকাতায়, গাড়িটা যাবে হাসনাবাদ। হেড-লাইট নিবু-নিবু, সবকটা কামরা অন্ধকার। ড্রাইভার আর গার্ড ছাড়া সে গাড়ীতে আরোহী বিশেষ কাউকে দেখা গেল না। ঘটাং-ঘটাং খোঁড়াতে খোঁড়াতে গাড়িটা এসে দাঁড়াল। এ সেই গাড়ি দিনের বেলা অ্যাক্‌সিডেন্ট করে কোন্‌ স্টেশনে পড়েছিল, এখন অন্ধকার পেয়ে, পথঘাট ফাঁকা পেয়ে চুপি চুপি চোরের মতো বেরিয়ে পড়েছে।

কামরা থেকে মুখ বাড়ালেন গার্ড সাহেবঃ অযথা মাঝপথে অন্ধকারে ঝুলে থেকে কী লাভ মশাই ? শহরে ফেরার আশা ছেড়ে দিন। তার চেয়ে উঠে আসুন আমার গাড়িতে… চলুন, উল্টোদিকে আরো কিছুটা এগিয়ে যাই—সাবধানে সন্তর্পণে গ্রুণডিক তোলা হল। গার্ড বললেন বাঁচালেন মশাই। একা-একা বড় ভয় করছিল ! যা দিনকাল !
ভাঙা গাড়িটা আমাদের নিয়ে অন্ধকারে খামচাতে খামচাতে এগিয়ে চলল। যেখান থেকে যে পর্যন্ত এসেছিলাম… তার থেকে আরো এগিয়ে চলেছি… ফেরা আর হলো না…

আমার বিশ্বাস থিয়েটার ওয়ার্কশপ আর কোনো দিনই ফিরবে না। ক্রমশঃ সে আরো দূরে আর ভেতরে যাবে। মানুষের আরো কাছে যাবে।
ঐ ভাঙা গাড়িটার কলকব্জা মেরামত হবে, আলো জ্বলবে, হেড-লাইট তীব্রতর হবে, অনেক মানুষ উঠবে গাড়িটায়, অন্ধকারে চোরের মতো চুপি চুপি চলবে না ও … দিনরাত কাঁপিয়ে দিয়ে ছুটে যাবে বাংলা থিয়েটারের মহাযান … দূরে—আরো ভেতরে … আর থিয়েটার ওয়ার্কশপ হবে তার উজ্জ্বল আরোহী। এটাই তার মন্ত্র। তার এ মন্ত্রে কে না জানে সত্যিকারের কাজ হয়।’ – এই রচনাটি মনোজ মিত্রের। তবে আপনারা পড়লেন মূল রচনার টুকরো অংশ। রচনাটির নাম—‘থিয়েটার ওয়ার্কশপ-এর সঙ্গে মন্ত্রের সাধন কিংবা … ’—প্রকাশিত হয়েছিল, দ্বাদশ বর্ষ পূর্তি উৎসব স্মারক সংকলন-এ, থিয়েটার ওয়ার্কশপ-এর যখন বারো বছর বয়স। আর আজ এই ২০২৬ সালে থিয়েটার ওয়ার্কশপ-এর বয়স ষাট বছর। মনোজ মিত্রর রচনার শেষ কয়েকটি চরণ মনে করিয়ে দিল, থিয়েটার ওয়ার্কশপ তার একের পর এক নাট্যপ্রযোজনা নিয়ে এখনও সচল।

এই সংকলনেই প্রকাশিত কুমার রায়-এর ‘কঠিন কৃপণ পুরস্কার’ রচনার দু’টি পঙ্‌ক্তি—‘থিয়েটার ওয়ার্কশপের বয়স আজ ( ১১ জুলাই, ১৯৭৮) বারো বছর হল। মানুষ তাকে গ্রহণ করেছে, কেননা সে গ্রহণ করার শর্তটা পালন করেছে। যা উদার নয় মানুষের কাছে তা গ্রহণযোগ্য নয়, কিংবা ‘যার জাগরণ নেই মানুষের কাছে সে গ্রহণযোগ্য নয়’—এই শর্ত দুটো পালন করেছে বলেই সে আজ সাদরে গ্রহণীয়। এই উদারতা এবং জাগরণের মধ্যেই আছে ব্যঞ্জনা। যে শিল্পে ব্যঞ্জনা নেই তাও মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ১৯৬৬-র ১১ জুলাই ষোলজন ছেলেমেয়ে মিলে তৈরি হল থিয়েটার ওয়ার্কশপ। এঁদের মধ্যে চোদ্দজন ছিলেন নান্দীকার ছেড়ে আসা কর্মী। এই ছেড়ে আসাটা ওঁদের ভাষায় ‘ … একটি যন্ত্রণাদায়ক কিন্তু অপরিহার্য বিকল্প।’ তখন নান্দীকারের যন্ত্রণাটাও দেখেছি। একটাই বৈশিষ্ট্য তখন নজরে পড়েছিল—তাঁরা কেউই কোলাহল করেননি। দু’দলই কাজ চালিয়ে গিয়েছিলেন। কাজ করবার মনটা এবং কাজ করতে যে আনন্দ তা অবশ্যি ছিল।’ কুমার রায়ের লিখনের টুকরো অংশে রয়েছে থিয়েটার ওয়ার্কশপের সূচনার কথা।

নাট্য শোধ সংস্থানের দীর্ঘ সতেরো বছরের কর্মজীবনে, সংস্থানের সংরক্ষণাগারের কভার-ফাইল বিভাগে বিভিন্ন নাট্যদলের সংগৃহীত এইসব বহুমূল্য সংরক্ষিত তথ্য দেখার সুযোগ আমার হয়েছিল। তাই মনে হল, থিয়েটার ওয়ার্কশপ-এর ষাট বছরে, তাঁদের দ্বাদশ বর্ষ পূর্তি উৎসব-এ প্রকাশিত স্মারক সংকলনটি নিয়ে আমার এই লেখনি প্রস্তুত করি। তার কারণ, নাট্যোৎসবের একটি স্মারক পুস্তিকাকেও কত তথ্যভিত্তিক রচনায় সমৃদ্ধ করা যেতে পারে, সেই ভাবনাটি একসময় বাংলা থিয়েটারের নাট্যজনেরা ভাবতেন। এই স্মারক-সংকলনে একটি পর্বে ছিল—থিয়েটার ওয়ার্কশপ-এর সে সময়ের প্রযোজনার সঙ্গে যুক্ত বিশিষ্টজনের অভিজ্ঞতার কথা, আর অন্য পর্বে ছিল, থিয়েটার ছাড়াও সাহিত্য-সংস্কৃতির নানাজনের থিয়েটার বিষয়ক নানারকম আলোচনা। কোনো নাট্যদলের একটা স্মারক-সংকলনের এই ভাবনাটাই, থিয়েটারের ছাত্র হিসেবে আমাকে ভীষণভাবে আগেও আকৃষ্ট করেছিল এবং এখনও করে। আমার মনে হয়েছিল এটি একটি থিয়েটারের আকর গ্রন্থ। তারই কিছু স্বাদ আপনাদের জন্য রাখলাম।

থিয়েটার ওয়ার্কশপ-এর দীর্ঘদিনের সঙ্গী ছিলেন বিশিষ্ট মেক-আপ আর্টিস্ট—শক্তি সেন। তিনি ‘আমার প্রিয় থিয়েটার ওয়ার্কশপ’ নিবন্ধে লিখেছেন—‘ আজকে থিয়েটার ওয়ার্কশপের বারো বছর পুর্তি উৎসব হতে চলেছে। পেছন ফিরে তাকালে অনেক কথাই মনে পড়ে। তার মধ্যে দুটো নাটকের কথা বিশেষ করে বলব। একটা ‘চাক ভাঙা মধু’। ১৯৭২-এ যখন ওয়ার্কশপ করল আমি ওদের নিষ্ঠা ও পরিশ্রম দেখে অবাক হয়ে যাই। আমাকে বিভাস আগেই চরিত্রগুলি বুঝিয়ে বলে। ওর সঙ্গে আলোচনা করে আমি নিজে মনে মনে খানিকটা ভাবি। কিন্তু হাতে কলমে না করলে তো বোঝা যায় না কি হবে। প্রথম শো’-এর দিন বিভাসের জটা-র মেক আপ করে নিজেও খুব খুশি হয়েছিলাম। ঐ রকম অশীতিপর বৃদ্ধ, বেঁকে পড়েছে, মুখের চামড়া সব ঝুলে গেছে, অথচ কুতকুতে দুটি ধুর্ত চোখ ঠিক জেগে আছে, সব মিলিয়ে একটা লোককে একদম পালটে দেওয়া। বিভাস তো নিজেও অভিনয়ে কি কাণ্ড করেছে আপনারা দেখেইছেন। মায়া-র মেক আপও উতরে গিয়েছিল। অভিনয় তো বটেই। তবে অশোকের মাতলা-র মেক আপ নিয়ে ভাবতে হয়েছে দু’বার করে। প্রথম শো-এর দাড়িটা বড় করা হল। কাপড় পরার ঢংটা পালটে দেওয়া হল। অশোক গলার আওয়াজটাও পালটে নিল। অনেক সত্যি হয়ে উঠল চেহারাটা।

চাক ভাঙা মধু নাটক মনোজ মিত্র। নির্দেশনা বিভাস চক্রবর্তী। অভিনয়ে বিভাস চক্রবর্তী ও অশোক মুখোপাধ্যায়

অভিনয়টাও আস্তে আস্তে ওর আয়ত্তে এসে গেল। এ ছাড়া ফুকনা, অঘোর ঘোষ, শঙ্কর-এর চরিত্রগুলোতে অমিয়, বিমলেন্দু, মানিকের মেক আপ করেও তৃপ্তি পেয়েছি। ‘চাক ভাঙা মধু’ সাত বছর হয়ে গেল চলছে। আমার ধারণা ওয়ার্কশপ যতদিন করে চলবে ততদিনই চলবে এ নাটক। ১৯৭৪-এ ‘অশ্বত্থামা’। এটাও মনোজের লেখা। তিনটি মাত্র চরিত্র। এই নাটকের সংলাপের কাব্যময় স্টাইল আমার খুবই ভালো লেগেছিল। গণনাট্য সঙ্ঘের বিসর্জন-এর পর এত ভালো কাজ চোখে পড়েনি। অভিনয় করেছিল অশোক, মনোজ, সুদীপ্ত। চরিত্রগুলো মহাভারতের—কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা। রঘুনাথ গোস্বামী সেট ও পোশাকের পরিকল্পনা করলেন। তাপস করেছিল আলো। বিভাসও নতুন রকম অভিনয়রীতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছিল। তিনজনের অভিনয় ছিল খুবই ভালো। অশোক তো বিশেষ করে। এতে পৌরাণিক চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে আমার কল্পনাশক্তি খাটাবার জায়গা পেয়েছিলাম। যাই হোক, থিয়েটার ওয়ার্কশপ আমার ‘নেশা ও পেশা’ এ দুটোরই সত্যিকারের মূল্য দিয়েছে। আর দিয়েছে তাদের আন্তরিক ভালোবাসা।’
শক্তি সেনের রচনায় আমরা রঘুনাথ গোস্বামী-র নাম জানলাম, আমার সৌভাগ্য হয়েছিল তাঁর কাছে পুতুল নাটক নিয়ে শিক্ষানবিশী করার, এত বড় মাপের একজন গুণী শিল্পনির্দেশক আমি খুব কম দেখেছি। সত্যজিৎ রায়-এর মতো তিনিও ছিলেন অন্নদা মুন্সির ছাত্র। সংস্কৃতি নিয়ে আমার শিশিক্ষু জীবন গড়তে তিনি অনেক রকমভাবে আমার পাশে থেকেছেন।

চাক ভাঙা মধু নাটক – মনোজ মিত্র। নির্দেশনা বিভাস চক্রবর্তী। অভিনয়ে – বিভাস চক্রবর্তী ও মায়া ঘোষ।

এবারে তাপস সেন-এর লেখায় আসি—‘অশ্বত্থামার ট্র্যাজেডি’। এই লেখায় ‘চাক ভাঙা মধু নাটকটি প্রসঙ্গে তাঁর অভিজ্ঞতা—‘চাক ভাঙা মধু’-তে ছোট বড় নানা পরীক্ষা ছিল আলো নিয়ে। তার মধ্যে একটা ছিল সাইক্লোরামাতে রিফ্লেক্টেড বা বাউন্‌স্‌ড আলোর ব্যবহার। আলো সরাসরি না ফেলে অন্য কিছুতে ফেলে তার প্রতিফলিত একটা ডিফিউজড গ্লো এনে সাইক্লোরামায় ফেলা। এটা প্রথম মুক্তধারা-য় (নির্দেশনা শম্ভু মিত্র, বহুরূপী, ১৯৫৯) চেষ্টা করি। পরে রাজা-তেও ( নির্দেশনা শম্ভু মিত্র, বহুরুপী, ১৯৬৪) হয়েছিল। চাক ভাঙা মধু-তে এর ব্যবহার খুব বেশি আছে। এ ছাড়া সারা মঞ্চে ছোট ছোট আলোর যন্ত্রপাতি ছড়িয়ে রাখা হয় নানা টুকরো টুকরো আলোর এফেক্টের জন্য। আর স্পটগুলো সব ফিক্সড। অনড়। তাদের আলো নির্দিষ্ট এলাকায় ছাড়া পড়েনা। তাদের ঘোরানো হয়না, চরিত্রকে ফলো করা হয়না। অভিনেতাদের দায়িত্ব ছিল আলোয় বা অন্ধকারে থাকা বা না থাকা। এতে ছবিটা ভালো তৈরি হয়েছিল। সবটা মিলিয়ে কাজটা বোধহয় ভালোই হয়েছিল। উতরেছিল, লোকেও নিয়েছিল।’

‘অশ্বত্থামা’ নাট্য প্রসঙ্গে তিনি লিখেছেন—‘অনেকদিন ধরে একটা ভাবনা ছিল যে নাটকের ক্রমবর্দ্ধমান টেন্‌শন্‌-এর সঙ্গে, ঘটনাপ্রবাহের তাল মিলিয়ে, অন্য সবকিছুকে এক রেখে, পটভূমিকে ক্রমে পালটে দেওয়া। অশ্বত্থামা-র প্রথম দৃশ্য শেষ হয় একটা মৃদু প্রদীপের আলোয় অশ্বত্থামা-র অভিষেক হচ্ছে। পটভূমি তখনো আবছা হলেও দৃশ্যমান। কিন্তু বিরতির পরে যখন নাটক আবার শুরু হয়, তখন সবটাই একটা জমাট গিলে-খাওয়া অন্ধকার। তারমধ্যে কৃতবর্মা একটা জ্বলন্ত মশাল হাতে ঢোকে, ‘জয় মহারাজ দুর্যোধনের জয়’ বলতে বলতে। মশালের আলোই তখন একটা মাত্র আলোর সোর্স। কাঁপা কাঁপা আলো রথে, চাকায়, পাথরে এমনকি পেছনের সাইক্লোরামাতেও গিয়ে পড়ে। কিন্তু তখন সেটা আর আকাশ নেই—সবটা একটা ঘনীভূত অন্ধকারের বিশাল স্তুপ। পেছনটা তখন সীমাহীন অন্ধকার। সমস্ত অন্ধকারটা তখন নেচে নেচে ওঠে। দর্শকের চোখের সামনে না হলেও নাটকের বিরতিকে ব্যবহার করে, এই বড় রকমের পরিবর্তন পটভূমিতে আনা হয়েছিল। সচেতনভাবে দর্শক তক্ষুণি এটা লক্ষ না করলেও নাটকের মেজাজের পরিবর্তনকে এটা খুবই ইনফ্লুয়েন্‌স্‌ করেছিল। একটা শ্বাসরোধকারী পরিবেশ তৈরি হয়। এই নাটকের শেষ দৃশ্যও খুব উল্লেখযোগ্য। অশ্বত্থামা-র ভয়ঙ্কর পাপের প্রতিশোধ নিতে অর্জুনের রথ আসছে এই ইঙ্গিতে নাটক শেষ হয়। তখন অন্য সব আলো তুলে নিয়ে একটা ভয়ঙ্কর কড়া চোখ ধাঁধানো সার্চিং ব্লাইন্ডিং আলো ডায়াগোনালি তেরচা ভাবে এসে পড়ে তিনটি অপেক্ষমান ভীত মূর্তির ওপরে। তাদের চেহারাগুলো প্রায় উডকাট বা লিনোকাটের মূর্তির মতো লাগতে থাকে। সঙ্গে অগ্রসরমান রথের ধ্বনি। রঘুনাথবাবুরই কৃত সঙ্গীত পরিকল্পনা এ দৃশ্যে খুবই সাহায্য করে।’

অশ্বত্থামা-নাট্যের আর এক রথী রঘুনাথ গোস্বামীর অনুভব তাঁর লিখনেই প্রকাশ পেয়েছে। তিনি লিখেছেন—‘ অশ্বত্থামার পটভূমি হল মহাভারত। অথচ থিয়েটারের সাজ-পোশাক যোগান দেন যে সব সংস্থা তাঁদের দৌড় মুসলমানী আমলের চোগা চাপকান,আচকান, চুস্ত তাজ, শির পাঁচ পর্যন্ত। অর্থাৎ মুসলমান আমলের ওদিকের যুগের নাটকের সাজ-পোশাক তাঁদের কাছে কোনোকালেই পাওয়া যায় না। কিছু স্বল্পসংখ্যক ব্যতিক্রম ছাড়া পৌরাণিক নাটকেও কর্ণ কৃষ্ণ অর্জুন ভীমাদি সকলেরই এক ধরণের বিশেষত্বহীন নন্‌ডেসক্রিপ্ট্‌ কিংবা আধা মুসলানী ঢং-এ চোগা চাপকান জাতীয় সাজ-পোশাক পরে মঞ্চে নেমে পড়ার রেওয়াজ। কিন্তু কলকাতার গ্রুপ থিয়েটারের লোকদের নানা বাহানা। প্রয়োজনীয় ব্যাপারগুলিকে তাঁরা অথেন্‌টিক করে তুলতে চান। পারফেক্‌শনিষ্ট হতে চান নানা বিষয়ে। বেগতিক দেখে প্রাচীন ভারতীয় ভাস্কর্য দেখতে লাগলাম মিউজিয়ামে গিয়ে। ছবি ও ভাস্কর্যের বহু প্রতিলিপিও সংগৃহীত হল। শ্রীচক্রবর্তী প্রাচীন ভারতীয় বেশভূষা অলঙ্কার ইত্যাদির বর্ণনা সম্বলিত বই পত্র এনে দিতে থাকলেন। কিন্তু এইখানেই শেষ নয়। এই নাটকের আবহ সঙ্গীত সম্বন্ধে আমার ধারণাগুলি কথায় কথায় একদিন প্রকাশ করামাত্রই দেখলাম নির্দেশক বিভাস চক্রবর্তী মহাশয় প্রায় অবিকল একই কথা ভাবছেন এবং এ ব্যাপারে বেশ চিন্তিত। আমিও জড়িয়ে পড়লাম, অর্থাৎ নির্দেশক মহাশয় আবহ সঙ্গীতের ব্যাপারে আমাকেই কিছু করার ভার দিলেন। কাজটা আমার কাছে নতুন, তাই বেশ উত্তেজক ঠেকল। আবহ সঙ্গীতের কন্‌সেপ্টটা তৈরি হবার পরই টেপের ভাণ্ডার ঘেঁটে ব্যবহারযোগ্য নানা অংশ নির্বাচন করে ফেললাম। তারপর যথাদিনে বিভাসবাবু আমি এবং আরও দু’একজন সহায়ক মিলে আবহসঙ্গীত ‘নির্মাণ’ করতে বসে গেলাম। থিয়েটার ওয়ার্কশপ যাঁরা চালান তাঁদের থিয়েটারের প্রতিটি ব্যাপারে ‘টোটাল ইনভলভ্‌মেন্ট’ আমার পক্ষে বিস্ময়কর অভিজ্ঞতা। সেই কারণেই ঘটনাগুলি উল্লেখ করলাম।’

Shamik Bandyopadhyay

এই সংকলনেই শমীক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতার কথা তাঁর নিবন্ধ—‘চড়াই উৎরাই’-এ। তিনি লিখেছেন—‘থিয়েটার ওয়ার্কশপের যখন সূচনা, বিভাস চক্রবর্তীকে তখনও আমরা নির্দেশক হিসেবে চিনি না। তাঁর অভিনয়ের যা পরিচয় পেয়েছি, তাতেও তখনও আমরা তাঁকে খুব বিশ্বাস করি না। ‘ললিতা’ ও ‘ছায়ায় আলোয়’ প্রথম দুটি প্রযোজনাতেও নান্দীকারের ধারাই যেন চলছিল। বিদেশী নাটকের রূপান্তরে দেশ-কাল সংগতি রক্ষায় অপারগতা অভিনয়ের প্রাণান্ত প্রয়াসে ঢেকে দেবার সেই চেষ্টা, যে-চেষ্টার বাহুল্যও প্রকট, আজও যা নান্দীকারের প্রযোজনার দুর্বলতা। ১৯৭০ সালে উৎপল দত্তের ‘রাতের অতিথি’ নামের একটি অকিঞ্চিৎকর নাটকের ‘হাঁড়ি ফাটিবে’ নামে রূপান্তরে বিভাস চক্রবর্তী আমাদের চমকে দেন। ফ্যানটাসির একটা আদল নাটকে চলে আসে বিভাসের কোরিওগ্রাফিক কল্পনায়। অনেক গোপন দুর্নীতি ফাঁস করে দেবার মতলবে কোন রহস্যময় চরিত্র অনেককে ডেকে পাঠান তাঁর রহস্যময় বাড়িতে, এই কাঠামোটিকে বিভাস যে বিশেষ মাত্রা দেন তাতে যেমন মজা ছিল, তেমনই রহস্য ছিল। ‘হাঁড়ি ফাটিবে’ দেখেই আমরা প্রথম বিভাসের নির্দেশক কল্পনার পরিচয় পাই। তখনও কিন্তু ‘রাজরক্ত’বা ‘চাক ভাঙা মধু’র সম্ভাবনা মনে আসে নি। ‘রাজরক্ত’ প্রযোজনায় থিয়েটার ওয়ার্কশপ নিজেকে প্রতিষ্ঠিত করে। এই নাটকের তিনটি প্রযোজনা কলকাতায় দেখার সুযোগ ঘটেছে, দিল্লীর রাজিন্দর নাথের পরিচালনায় হিন্দীতে কলকাতার পদাতিক সম্প্রদায় কর্তৃক, সত্যদেব দুবের পরিচালনায় বোম্বাইয়ের থিয়েটার ইউনিট কর্তৃক এবং থিয়েটার ওয়ার্কশপের প্রযোজনা। কিন্তু মোহিতের (নাটককার মোহিত চট্টোপাধ্যায়) নাটকের সম্পূর্ণতা একমাত্র থিয়েটার ওয়ার্কশপই ধরতে পেরেছিলেন। কারণ অন্যদের প্রযোজনায় রাজাসাহেবের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে তার সাকরেদ। রাজাসাহেবদের দেখা যায় কালেভদ্রে, তাদের আচরণও অনেক প্রচ্ছন্ন। প্রতিনিয়ত আমাদের যুঝতে হয় রাজাসাহেবদের সাকরেদদের সঙ্গেই। রাজাসাহেবরা প্রলোভনের যেসব উপকরণ সাজিয়ে রাখে, যেভাবে আমাদের মনকে প্রভাবিত করে, তার কলাকৌশলের স্বরূপ থিয়েটার ওয়ার্কশপের প্রযোজনায় স্পষ্টতর। রাজিন্দর নাথ যেখানে চেষ্টা করেছেন ফ্যানটাসির দূরত্বে প্রায় এক রূপকথার মজা আনবার, বিভাস কখনই বাস্তবের অনুষঙ্গকে আচ্ছন্ন হতে দেননি।
মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’ই বোধহয় একমাত্র নাটক যাতে বিজন ভট্টাচার্যের উত্তারাধিকার আত্মস্থ। ধর্মবিশ্বাস ও শোষণের পীড়নে বিপর্যস্ত গ্রামসমাজে জীবনধারণের সংগ্রাম প্রায় বিজনবাবুর নাটকের তীব্রতা লাভ করে। থিয়েটার ওয়ার্কশপ তাঁদের প্রযোজনায় সেই বাস্তবের শারীর প্রতিরূপ নিষ্ঠায় রচনা করেছিলেন যে মানুষ যেখানে সাজানো নাগরিক ভঙ্গিমা ভেঙে আদিম আবেগ ও যন্ত্রণায় নিজেকে প্রকাশ করে, সেইখানে তাঁরা পৌঁছে গিয়েছিলেন।’ শমীক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতার কথার টুকরো অংশে থিয়েটার ওয়ার্কশপের নাট্যপ্রযোজনার গুণগত মান ও নির্দেশক হিসেবে বিভাস চক্রবর্ত্তীর নাট্যনির্মাণের কথাই আলোচিত হয়েছে।

যাঁদের কাছে একটা সময়ে থিয়েটার ওয়ার্কশপের একের পর এক সফল নাট্যপ্রযোজনা খুবই উপভোগ্য হয়ে ঊঠেছিল, তাঁরা নিশ্চয়ই এই সংকলনে প্রকাশিত ‘সমাচার’ শিরোনামে মোহিত চট্টোপাধ্যায়ের ‘একটি চিঠি’ পড়লেই, থিয়েটার ওয়ার্কশপের একের পর এক নাট্যপ্রযোজনার কথা স্মরণ করতে পারবেন, আর স্মরণ করবেন প্রতিষ্ঠাতা সদস্য সত্যেন মিত্রর কথাঃ

Ashok Mukhopadhaya

একটি চিঠি [আমার এক বন্ধু কয়েকটি আন্তর্জাতিক গোয়ান্দা দপ্তরের কাছে একটি গোপন চিঠি পাঠাবার পরিকল্পনা করেছিল। তার খসড়া অনেকটা নিম্নরূপ]…
মহাশয়,
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গাড়িঘোড়ার মাথার উপর অশ্বারূঢ় নেতাজীকে চোখে পড়বেই। তাঁর পাশ কাটিয়ে খানিক এগিয়ে বাঁক পেরোলেই কাঠের গোলা। কাঠের সিঁড়ি ধরে দোতলায় উঠলে একটি ঘরে কিছু মানুষকে দেখা যাবে। সামান্য খোঁজ নিলেই এঁদের হাবভাব মতিগতির আন্দাজ পাবেন। আপনারা যেসব ব্যাপারকে মূল্যবান মনে করেন—এঁরা তার বিরোধী। অনেক অন্যায় কাজকর্ম করে যাচ্ছেন, অথচ বাইরে ভালোমানুষটি সেজে বসে আছেন। দু’একটি দৃষ্টান্ত দিলেই বুঝবেন। একজন মহাজনকে এঁরা বল্লম খুঁচিয়ে মেরেছে, রাজাসাহেব নামাঙ্কিত প্রতাপশালী কিছু ব্যক্তিকে ছুরি উঁচিয়ে ভয় দেখিয়েছে, একজন গণিকাকে এক গাদা মানুষের কাছে ভালো মানুষ হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। দেবদ্বিজেও ভক্তি নেই, দেবতাদের গরু বলতেও ইতস্তত করে না; বদকর্মগুলো এখানেও থেমে নেই—ভিয়েৎনামের লড়াকু উজবুকগুলোর পক্ষেও গলা ফাটিয়েছে। এসব থেকেই বুঝতে পারছেন কাঠের গোলার উপর নিত্যজমায়েত মানুষগুলো একশ্রেণীর ঘুঘু। আপনারা বৃহৎ কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, চক্রান্তের ডিনামাইটে এক একটা রাজ্য ফাটিয়ে ফেলেন, জাতকে জাত মানুষকে গোপন গুঁতো আর যাদুমন্ত্র ছড়িয়ে ঠাণ্ডা করেন, বশ করেন। তার তুলনায় কাঠের গোলার টং-এ বসা পালস্ট্রীটের লোককটির ক্রিয়া কলাপ নিতান্তই সামান্য সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন রামের সেতুবন্ধনে যে কাঠবেড়ালটা সাহায্য করেছিল, হাজার হাজার বছর ধরে মানুষ তাকে মনে রেখেছে। অতএব উচিত ব্যবস্থা গ্রহণ করবেন।
ইতি
আপনাদের বিনীত হিতাকাঙ্খী

পুঃ—জানাতে ভুলে গেছি। কাঠের গোলার সিঁড়িতে উঠতেই একটি সাইনবোর্ড পাবেন—তার গায়ে একটি চাকা আঁকা। এবং লেখা থিয়েটার ওয়ার্কশপ। সম্ভবত এটিই এঁদের জাত-নাম কিংবা কোড-নাম। এঁদের উপর একসময় স্থানীয় রক্ষক ভক্ষকদের নজর ছিল। কয়েক বছর আগে এইদলের একজন নির্মাতা সদস্যকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। কত বড় সাংঘাতিক লোক হলে খুন করার প্রয়োজন হয় ভাবুন। দেশ ও দশের হিতের জন্য কড়া নজর রাখবেন—এই আশা রেখে শেষ করছি।’
মোহিত চট্টোপাধ্যায়ের এই লিখনের শেষ অংশে, সেকেণ্ড ফ্রন্ট সংস্থা হিসেবে – ‘নক্ষত্র’ ও ‘থিয়েটার ওয়ার্কশপ’–এর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে লিখেছেন—‘আমরা যে নাটক করেছিলাম মঞ্চে তাকে উৎসাহিত করার জন্য প্রথম শ্রেণীর নাট্যসংস্থাগুলির আনুকূল্য পাওয়া যায়নি। এসময় নাটকের সেকেণ্ড ফ্রন্ট আমাদের কাছে এগিয়ে আসে। আমার ক্ষেত্রে ‘নক্ষত্র’ এবং ‘থিয়েটার ওয়ার্কশপ’ এ-প্রসঙ্গে স্মরণীয়। বিভিন্ন মঞ্চে যখন প্রতাপশালী দলগুলি পৃথিবীর সেরা নাটককারদের নাটক করছেন এঁরা অসামান্য ঝুঁকি নিয়ে আমার মতো নাটককারদের নাটক নিয়ে পরীক্ষা চালান। কাজেই বলবো তরুণ নাটককারদের অনুপ্রাণিত করায় নতুন নাটকের জন্ম ও প্রসারে এই সেকেণ্ড ফ্রন্ট সংস্থাগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অন্তত আমি এই বন্ধুত্ব কোন কালে বিস্মৃত হব না। থিয়েটার ওয়ার্কশপ দীর্ঘজীবী হোক, দর্শকের আরো নিকটবর্তী হোক, ছড়িয়ে যাক।’

Mohit Chattopadhyay

অশোক মুখোপাধ্যায় (ব্যক্তিগত সাক্ষাৎকার) বলেছেন— ‘দ্বাদশ বর্ষ পূর্তি উৎসবে এই স্মারক-সংকলনটি প্রকাশের ভাবনাটাই ছিল—খানিকটা নিজেদের পুনর্মূল্যায়ন করা এবং খানিকটা বাইরের লোকের চোখে নিজেকে দেখা।’
থিয়েটার ওয়ার্কশপ-এর একাধিক নাটকের সঙ্গীত পরিচালক দেবাশিস দাসগুপ্ত তাঁর রচনা- ‘গানের গুঁতোয়’ লিখেছেন—‘ মনোজ মিত্রের নাটক নরকগুলজার। গোটা পাঁচেক গান আছে। আলিবাবার তুলনায় কিছু নয়। সুর করতে বসেই একটা গান করা গেল। কেদারা রাগ নিয়ে একটা ছেলেমানুষী খেলা অর্থাৎ কেদারাকে মজাদার ছন্দে বাজাতে বাজাতে রাস্তার দক্ষিণ ভারতীয় ভিক্ষুকদের অনুকরণে বিকৃত গলায় কোমল ধৈবত, পঞ্চম, কোমল নিষাদ মেশান হল। এক কথায় নাম দেওয়া যায় ‘ভিখারী কেদারা’। একটা বলবার কথা—একদা ঊষাকালে কলিটিতে কোমল ‘ধা’ লাগিয়ে ঊষা বোঝানো হয়েছিল। রামের (রাম মুখোপাধ্যায়) গলায় চট্‌ করে আসছিল না। বিভাস সহজ করে শুদ্ধ ‘ধা’ লাগাতে বললো। এতে গানটা সহজে জমে গেল। বটুকদা (জ্যোতিরিন্দ্র মৈত্র) কয়েকবার নরকগুলজার দেখেছেন, আমাকে দেখলেই বলতেন ‘এই যে ভগবান-নিদ্রা গিয়েছেন।’ এবার সত্যিই প্রাইজ পাওয়া গেল।

বিভাস চক্রবর্তী (ব্যক্তিগত সাক্ষাৎকার) বলেছেন—‘যখন ঠিক করেছিলাম থিয়েটারটাই করব। তখন শুধু থিয়েটার করব মানে থিয়েটার যে করব, তার জন্য অনেক কিছু—অনেক কিছু সংগ্রহ করা, আয়ত্ত করা – এসবের আপ্রাণ চেষ্টা ছিল। তখন তো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। নানান জায়গা থেকে নানান কিছু জানার চেষ্টা, দেশি থিয়েটার, বিদেশী থিয়েটার প্রসঙ্গে নানা লাইব্রেরিতে গিয়ে তার অনুসন্ধান ও চর্চা—এইসবই ছিল একমাত্র লক্ষ। যতটুকু জানতে পারা গেছে ঐ ফোর্সেই। তাইতো এই সংকলনের ভাবনা।’

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x