
মা খিড়কির দরজা দিয়ে চলে গেল শেষমেশ | পালকের ওই ভীতু ভীতু মুখের সুন্দরী মা, যার ফর্সা মুখে নীল শিরা দেখা যেত শেষের দিকটায় | ওইখানে ওই খিড়কির পুকুরের পারে, মায়ের জন্যে বোম্বাই খাট এল, ফুল এল | পালক রাত থাকতেই পুকুরে নেমে মায়ের ঘরে রাখার জন্যে শালুক আর পদ্ম তুলে এনেছিল | তা মা সে ঘরে আজ থাকলে তো! ভোর হলো, পুবের আকাশটা সবে লাল হয়ে উঠছে তখন, আকাশে যেন আহির ভৈরোঁর সুর লেগেছে, মা চলে গেল দিদ্মার কোলেতে মাথা রেখে, পালককে বুকের কাছে জাপটে ধরে | আস্তে আস্তে মায়ের সব কিছু শিথিল হয়ে এলো | এমন হয়, যারা চলে যায় তাদের | সব কিছু ছেড়ে যায়, হাত পা এলিয়ে পড়ে কেমন, মায়ের যেমন পড়ল | মায়ের ঠোঁটের কাছে নীল অভিমানটুকু জমে আছে | বড্ড নীল, বড্ড ব্যথায় ভরা, পালক ও দিকে তাকাতে পারে না | মায়ের চোখের থেকে জল গড়িয়ে সাদা হয়ে গেছে জায়গাটা | পালক দিদ্মার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেয় | এই তো কাল রাতেও মা অতি কষ্টে কতবার জিজ্ঞাসা করেছে, “হ্যাঁ রে পালক, তোর বাবা ঘরে ফিরল ? একটা ফোনও তো করতে পারে মানুষটা |” মায়ের হাতগুলো কি রোগা, দিদ্মা বলেন, বিছানার সাথে মিশে গেছে মা | শুধু বুকটার ওঠানামায় আজকাল বোঝা যেত মা শ্বাস নিচ্ছে | ডাকলে পরে কিছুক্ষণ পরে সাড়া দিত মা | রাজ্যের ক্লান্তি নিয়ে |

অথচ দেখো, বাবা ভালই আছে | মাঝে মাঝে রাতে বাড়ি ফেরে না এই যা | যখন আসে বাড়িতে আতরের গন্ধ ‘ম’ ‘ম’ করে, গজল শোনে, গায় বাবা | আর হাহা করে হাসে অকারণ | মায়ের ঘরে প্রায় তিনমাস হয়ে গেল উঁকিও মারে না বাবা | পালকের বন্ধুরা পালককে হেসে হেসে রাগায়, তোর বাবার নতুন বন্ধুনি জুটেছে রে | পালক সব জানে | মা জিজ্ঞাসা করলে, মিথ্যে বলে সে, হ্যাঁ ফোন করেছিল বাবা, মায়ের কথা, ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞাসা করেছে | খুব অল্পক্ষণের জন্য প্রদীপ নিভে যাবার আগে জ্বলে ওঠার মত মার মুখ উজ্জ্বল হয় | চোখ দিয়ে জল পড়ে মার | মা বলে, “বড় দুঃখী মানুষটা রে, দেখিস ওকে পালক |” পালকের গলার কাছে ব্যথারা দলা পাকায়, মাথা নাড়ে, সে দেখবে | এইটুকুই সে মায়ের জন্যে করতে পারে আজকাল | এই আশ্বাস, এই শান্তিটুকুই দিতে পারে, আর কি?
খিড়কির পুকুরটা ছিল মায়ের আর পালকের সব থেকে আরামের জায়গা | মা অসুখে পড়ার আগে, দিদ্মা এখেনে আসার আগে, সারাদিন ওই খিড়কির দরজা দিয়েই আনাগোনা ছিল মায়ের আর ছেলের | ওখানেই মুড়িওয়ালা, বামী পিসি, শিল কাটানো, পোস্ট ম্যান সবাই আসত যে | আর মা চুপি চুপি, তাদের জলখাবার, শীতের কাপড় যে যা চাইতো দিয়ে দিত | সদর দরজা দিয়ে বেরুলে পাছে বাবার কানে ওঠে? আর বাবা মাকে গালি দেয়? তাই | মায়ের কাছে সবাই আসত | বড় ভালবাসত মাকে | মা বড় উদার মনের মানুষ | পালকের চোখে জল আসে, কেন যে মায়ের এমন অসুখটা ধরল | পালকের ইচ্ছে করে, ওর খেলার ঢাল তরোয়াল নিয়ে মায়ের অসুখটাকে আটকে দেয় বেশ করে, একটুও আসতে দেয় না মায়ের কাছে | কিন্তু মায়ের আবারও রক্ত কমে যায়, যেখান সেখান থেকে রক্তক্ষরণ হয়ে, আবার রক্ত দিতে হয় | মা, কি সাদা হয়ে যান তখন | মায়ের গালের গোলাপফুল দুটো কোথায় হারিয়ে যায় | অথচ এই মা কি লাফাঝাঁপি করতেন যে | ঠিক দুপুর দুপুর যখন কালবৈশাখী আসার সময় হত আর দুরে বাবলুদের বাড়ির ওই দূর থেকে কালো কালো অনেক মেঘ উড়ে আসত এদিকপানে, তখন মা চুপি চুপি বলতেন, “এই পালক, চল ভিজিগে, পুকুর পাড়ে |” তখন সেই অন্ধকার খিড়কি দুয়ার দিয়ে মা ও ছেলে কি এক বৃষ্টিখেলায় মেতে উঠত | ছোট ছোট গাছ পালা বেয়ে জল ঝরে পড়ত অনর্গল | খুব বেশি বাজ পড়লে মাকে জড়িয়ে ধরত পালক | মা বলত, “ভয় কি রে, আমি আছি তো, বোকা ছেলেটা |” তারপর বৃষ্টি থেমে গেলে দুই মায়েপোয়ে ঘরে যেত | মায়ের লম্বা চুলের ডগা থেকে টুপটাপ করে মুক্তোর দানার মত জল পড়ত আর মা পালকের মাথা মুছিয়ে দিত কষে | আর তারপর যত ভুতের গপ্পের বই পড়ত মা | ঘরের কোণে কালো কালো কিসের ছায়া | মা থাকলে ভয় পেতেও কি যে ভালো লাগত …. পালকের |

আজ বৃষ্টি পড়েছে খুব | পালকের মনের ভেতরে | বাবা কয়দিন হলো নতুন মাকে নিয়ে এসেছে, এই বাড়িতে | মায়ের ঘরটা বন্ধ হয়ে গেছে | পালক বলেছিল ওই ঘরেতে যাবার কথা, বাবা বলেছে চাবি হারিয়ে গেছে | পালক জানে চাবি কোথায়, কিন্তু বাবা দেবেন না, তাই ও ঘরের বাইরে বসে থাকে অনেকক্ষণ | মায়ের বুকের হাঁপর হাই শেষ নিঃশ্বাসটুকু শোনার জন্যে সে কান পেতে থাকে দরজায় l দিদ্মা এসে নিজের ঘরে টেনে নিয়ে যান ঘুমন্ত ছেলেকে | মা খিড়কি দুয়ার ভালবাসতেন, তাই মায়ের খাট খিড়কি দুয়ার থেকেই উঠেছিল | মাকে সাজিয়ে গুজিয়ে বামি পিসিরা খিড়কি দুয়ার দিয়েই বের করে নিয়ে গিয়েছিল | পালকের তাতে দুঃখ নেই | ওই ছিল তার আর মায়ের একান্ত জায়গা | তার দু’দিন পরেই বাবা সদর দিয়ে মাথা উঁচু করে নতুন মাকে এনে তুলেছিল | আলাপ করিয়ে দিয়েছিল পালকের সাথে |
কিছু কিছু গল্প ভারী পুরোনো হয়ে যায়, তখন তাদের খিড়কি দোর দিয়ে বার করে দেওয়াই ভালো | পালক তা বুঝে গেছে | এ সব গল্প ঢাকা পড়ে থাকে খিড়কির দরজায়, পুকুরঘাটে, সিঁড়ির ধাপে, পুকুরের শেওলা বুকে জড়িয়ে, মায়ের সুনয়নী হাঁসকে ডাকার মিঠে সুরে | আর অপেক্ষারা মরে যায়, পুড়ে যায় মায়ের দেহর সাথে, কান্নার সাথে, অ-সুখের সাথে সাথে |

