শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

বেঙ্গমা বলল, “তুমি এ-আই কাকে বলে জানো?”
বেঙ্গমি একটুও অবাক না হয়ে বলে, “বে-য়াই? মানুষের ছেলে মেয়ে বিয়ের পর এক জোড়া বেয়াই বেয়ান জোটে।”
বেঙ্গমা হেসে গড়িয়ে পড়ে, “কোন যুগে পড়ে আছো? আজকাল ছেলেমেয়েরা বিয়েই করছে না, তো বেয়াই বেয়ান কোথা থেকে আসবে?”
“কেন? কেন? বিয়ে করছে না কেন?”
“আচ্ছা, লোকে বিয়ে কেন করে?”
“কেন করে? এ তো অদ্ভুত প্রশ্ন! সভ্যতা এগোবে কী করে? বংশবৃদ্ধি কী করে হবে?”
কথাটা শুনে বেঙ্গমা একটু থমকায়, ঠোঁট দিয়ে ডান দিকের ডানার পালক একটু চুলকে নেয়। তারপর মুখ তুলে বলে, “বংশবৃদ্ধি করতে তো, এক সঙ্গে থাকতে হবে। এই যে আমাদের ডাবলু টাওয়ারের বাহান্ন তলায় রাজশেখরবাবুর ছেলের বিয়ে হল, কত শত লোক নিমন্ত্রণ খেলো। তারপর কী হল?”
বেঙ্গমি অবাক হয়ে বলে, “কী হবে? বর বৌ নিজের জায়গায় ফিরে গেল। ওরা তো শুধু বিয়ে করতেই এখানে এসেছিল।”
“ঠিক তাই, শুধু বিয়ে করতেই এখানে এসেছিল। তারপর কেবলমাত্র নিজের নয়, যে যার নিজের নিজের জায়গায় ফিরে গেল।”

“মানে?”

বেঙ্গমা চোখ পিটপিট করে বলে, “ঠিক তাই, রাজশেখরবাবুর ছেলে থাকে ব্যাঙ্গালোর আর ছেলের বৌ চাকরি করে দিল্লিতে। ওরা যে যার কর্মক্ষেত্রে ফিরে গেল।”
“সে কী!”
“সে কী! নয়, তাই। সেই কারণেই বলছি, এখন বিয়েটাই দুর্লভ হয়ে উঠেছে, তাই বিয়েও নাই, বেয়াই-ও নাই।”
“ওই জন্য কি এ-আই এসেছে?”
উত্তর শুনে বেঙ্গমা হেসে ওঠে, “ভাল বলেছো। হয়তো তাই। এখনকার ছেলেমেয়েরা কোন লঙটার্ম প্ল্যান করতে পারে না।”
“কী রকম?”
“ওরা তো জানেই না, এই কোম্পানিতে কতদিন আছে? আজ ব্যাঙ্গালোর, কাল হায়দ্রাবাদ পরশু আটলান্টা, এমন হয়েই থাকে।”
“তাহলে?”
“তাই ওরা বাড়ি গাড়ি কেনা বা বিয়ে করার মধ্যে যেতেই চায় না। তার চেয়ে ভাড়া বাড়ি আর লিভ-ইন সম্পর্ক অনেক ভাল। গাড়িও নিজের মতো ভাড়া পাওয়া যায়। বিয়ে যদি বা করে, সন্তান আনতে ভয় পায়। কোন লম্বা সময়ের দায়িত্ব নেই। সারা জীবন একই পাখির সঙ্গে থাকতে হবে না।”

কথাটা শুনেই বেঙ্গমি ক্ষেপে গেল, “কী মনে করেছো তুমি? বুড়ো বয়েসে আবার কাউকে পছন্দ হয়েছে? এক পাখিকে নিয়ে সারা জীবন কাটাতে তোমার একঘেয়ে লাগছে?”
বেঙ্গমা সামাল দেয়, “আহা ওটা স্লিপ অফ বিক, ঠোঁট ফসকে বেরিয়ে গেছে। আমি কি আমাদের কথা বলেছি? কথা হচ্ছে মানুষদের নিয়ে।”
বেঙ্গমি একটু গজগজ করতে করতে জিজ্ঞাসা করে, “ব্যাঙ্গামি-লোর কি বেঙ্গমিদের থাকার জায়গা?”
“লোর আর নেই ওটা লুরু হয়ে গেছে।”
বেঙ্গমি বেজায় রেগে যায়, “তোমার এই সব লোক ঠকানো কথা বন্ধ করো।”

[Sourav Story by Sourav Howlader on Artificial Intelligence]

একটা বিরাট বড় আবাসন। সেখানে সারি সারি গগনচুম্বী অট্টালিকা। এ থেকে জেড পর্যন্ত একেকটা টাওয়ারের নাম। তেমনি ‘ডাবলু’ টাওয়ারের অনেক ওপরের একটা ফাঁকা অ্যাপার্টমেন্ট-র ব্যালকনিতে বেঙ্গমা ও বেঙ্গমি বাস করে। ব্যালকনির আলসে-তে বসে নিচের পৃথিবীতে নজর রাখে আর নিজেদের মধ্যে নানা রকম গল্প ফেঁদে সময় কাটায়।

বেঙ্গমি বলে, “তাহলে এ-আই ঠিক কী?”
“আমিও কি ঠিক জানি? পি-টাওয়ারের বাইশ তলায় একটি বছর চারেকের মেয়ে আছে, তুমি চেনো?”
“চিনি বইকি, যার একটা খরগোশ আছে, তাই তো?”
“বাঃ তোমার স্মৃতিশক্তি তো বেশ সতেজ।”
“সতেজ-এর কিছু নয়। এই আবাসনে তো সব বৃদ্ধ বৃদ্ধার বাস। কয়েকটা মাত্র বাচ্চা আছে, তাই তাদের চিনে রাখতেই হয়। তাছাড়া খরগোশের মাংস আমার খেতে ভাল লাগে।”
বেঙ্গমা উৎসাহিত হয়ে বলে, “ঠিক। তবে ওর খরগোশের দিকে নজর দিও না। ওই বাচ্চাটির নাম সাংভি। ওর বাবা মা দুজনেই চাকরি সূত্রে সকালবেলা বেরিয়ে যায় আর রাত করে ঘরে ফেরে। সারাদিন ও বেবিসিটার গঙ্গা-র কাছে থাকে। সেদিন সাংভির খরগোশ-এর শরীর খারাপ হয়েছে, ও তখন গঙ্গাকে বলছে, ‘আমি এ-আই-কে জিজ্ঞাসা করলাম। এ-আই বলল, ওর খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হবে। না হলে, মারা-ও যেতে পারে।’ সেই শুনে গঙ্গা তো হতবাক। আমি ওদের কার্নিশে বসে শুনছিলাম। তখনই বুঝেছি এ-আই সাংঘাতিক কিছু, যে সব কিছু জানে বা ভবিষ্যতও দেখতে পায়।”

বেঙ্গমি বলে, “কিন্তু খরগোশটা তো দিব্যি বেঁচে আছে। দুদিন আগেও ওদিকে গিয়েছিলাম, দেখলাম সাংভি কোলে নিয়ে পার্কে এসেছে।”
বেঙ্গমা বলে, “ভবিষ্যৎবাণী না-ও মিলতে পারে, কিন্তু সাজিয়ে গুছিয়ে ভবিষ্যৎ বলার মধ্যে একটা হেবি ব্যাপার আছে।”
বেঙ্গমি বলে, “তুমি হঠাৎ সাত সকালে এ-আই বলে লাফাচ্ছো কেন?”

আবাসনে সকাল হচ্ছে। নতুন কিছু নয়, প্রতিদিন যেমন হয়, তেমনই। বেশকিছু লোক হাঁটতে বেরিয়েছে। সত্তর শতাংশ বৃদ্ধদের এই আবাসন। ‘আমি বাঁচবো’ ‘আমি বাঁচবো’ ভেবে ভেবে ভোর রাত থাকতে জুতো মোজা গলিয়ে এরা সবাই বেরিয়ে পড়ে। সাইকেল করে, গাড়ি ধোয়া মোছা করার ছেলেগুলো আসছে, তাদের সঙ্গে খবরের কাগজওয়ালা, দুধওয়ালা, রান্না মাসি, ঝাড়ু মোছা মাসি, মালি, কুকুর বেড়ানোর লোক, বেবি-সিটার সবাই ঢুকছে। বড় ফটকের সামনে থাকা নিরাপত্তা রক্ষীদের এখন অনেক চাপ। প্রত্যেকের এন্ট্রি নজর রাখা, গাড়ির বুম বেরিয়ার উঠলো নামলো, তার হিসেব রাখা।

আজ রবিবার ছুটির দিন, তাই স্কুলের বাস বা পুল-কারগুলো আজ ঢুকছে না। বেঙ্গমা বেঙ্গমি ওপর থেকে এই সব নজর রাখে। ভোরের সূর্যটা শুরুতে কেমন ডিমের কুসুমের মতো থাকে, ক্রমে সাদা হয়ে যায়।

বেঙ্গমা ওপর থেকে দেখতে পায়, নিচে একটা মোটাসোটা কেঁচো সারা গায়ে মাটি মেখে খুব আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে। কথার মাঝখানে হঠাৎ করে উড়ে যায়, তারপর সাঁই করে নিচে নেমে ঠোঁটে কামড়ে কেঁচোটা তুলে নিয়ে চলে আসে। বেঙ্গমিকে আধখানা দিয়ে দুজনে মনের সুখে ব্রেকফাস্ট করে ফেলে।

স্বাদে বেঙ্গমির চোখ বুজে আসে, “আহ্! আজ সকালটা খুব সুন্দর শুরু হল।”
বেঙ্গমা বলে, “তুমিও দেখছি মানুষের মতো বলছ, খাবার পেলে আর কোন কথা নেই।”
“আচ্ছা, খাবারের চেয়ে বড় সত্য কিছু আছে?”
“দার্শনিক হয়ে গেলে দেখছি?”
“এমন ডিমের কুসুমের মতো সূর্যকে দেখলে খিদে পায়না? ঠিক তখন যদি কেউ গার্ডেন-ফ্রেশ প্রোটিন এনে দেয়, কার না ভাল লাগবে?”
বেঙ্গমির প্রশংসায় বেঙ্গমার পালক ফুলে ওঠে। ঠোঁট ডুবিয়ে ফুলো পালকের ওম নিতে থাকে।
বেঙ্গমি আবার বলে, “তাহলে, এ-আই কী দাঁড়ালো?”
“ও বাবা! তুমি মনে রেখে দিয়েছো দেখছি?”
“তুমিই তো বললে, সে নাকি সাংঘাতিক কিছু!”
“তাই তো মনে হয়। তোমায় আরেক দিনের কথা বলি, জে-টাওয়ারের সাঁইত্রিশ তলায় রোহন থাকে। ক্লাস নাইনে উঠেছে, নাকের নিচে হালকা গোঁফের রেখা। ওর মা খুব চিন্তিত। যে ছেলে গত বছর পর্যন্ত সব বিষয়ে আশির ওপর নম্বর পেত, এ বছর সেই সব নেমে এসেছে ষাটের কোঠায়। রোহনের মা ওকে ডেকে বলে, তোর নম্বরের এই অবস্থা কেন? প্রথমে তো রোহন এমন ভাব করে, যেন শুনতেই পায়নি। তারপর মা আবার চিৎকার করে বলে, ‘তুমি এমন ব্যবহার করছো কেন?’ উত্তরে রোহন খুব ধীর গলায় বলে, ‘মা আমার এ-ডি-এচ-ডি আছে, আমার এমন বিহেভিয়র স্বাভাবিক।’ শুনে মা থমকে যায়।”

বেঙ্গমিও অবাক, “রোহন নিজে বলল? ওর এ-ডি-এচ-ডি আছে? জানলো কী করে?”
বেঙ্গমা বলে, “ঠিক তাই, ওর মা-ও সেটা জানতে চায়। রোহন বলে, কেন? জি-পি-টি তো সব সময় বলে।”
বেঙ্গমি আবার বলে, “জি-পি-টি আবার কে? ওদের পিটি টিচার?”
“জি-পি-টি একজন এ-আই। রোহনের এখনকার সবচেয়ে নির্ভরযোগ্য ফ্রেন্ড ফিলোসফার আর গাইড।”
“আবার এ-আই?”
“তবে আর বলছি কি? সকাল থেকে রাত রোহনরা এ-আই-এর সঙ্গে কথা বলে, খেলা করে, পরামর্শ নেয়।”
“এ-আই যদি সাংঘাতিক হয়, তবে তো বিপদ!”
“মানুষরা ভাবে, এ-আই সব জানে। আসলে তা নয়। এ-আই মানুষের সঙ্গে মিশে নিজেকে ক্রমে সবজান্তা তৈরি করছে। মানুষের সঙ্গে কথার ফাঁকে ফাঁকে ও সব জ্ঞান নিয়ে রেখে দিচ্ছে। তারপর সেইসবই সুন্দর মোড়কে ফেরত দিচ্ছে।”
বেঙ্গমি এবার হেসে ফেলে, “তুমি এত সব জানছো কীকরে? তুমিও কি এ-আই ব্যবহার করছো?”
“আমাদের মতো এ-আই এখনও তৈরি হয়নি। আমি মানুষ দেখি, সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ব্যালকনি থেকে ওদের লক্ষ্য রাখি। ওতেই সব হয়ে যায়।”


“শুধু মানুষ নয়, কেঁচো, ইঁদুর, ঝিঁঝি পোকাও লক্ষ্য রাখছো।”
“হেঁ হেঁ! বেঁচে থাকতে খাবার তো লাগবেই।”

বেঙ্গমি জিজ্ঞাসা করে, “রোহন এ-আই-এর সঙ্গে খেলে? কী করে?”
“তুমি তাহলে, অনেক ব্যাকডেটেড। মোবাইল গেম বহুদিন এসেছে। এখন তার ভেতর এ-আই গাঁথা। শুধু কি খেলা? ওকে হোম ওয়ার্ক করে দেয়, গান শোনায়, গল্প বলে সব কিছু।”
“ও বাবা, গান গাইতেও পারে?”
“গান বললে গান, মিউজিক বললে মিউজিক, তুমি যা চাইবে তক্ষুণি হাজির। আমি জানলা দিয়ে দেখি তো।”
বেঙ্গমি গম্ভীর হয়ে যায়, “সে কী? তুমি লোকজনের জানলা দিয়ে উঁকি মারো? এমন অভ্যাস তো তোমার ছিল না।”
বেঙ্গমা বোঝে, ফাউল হয়ে গেছে, তাড়াতাড়ি শুধরে বলে, “আমি জানলার ভেতর ছিলাম, রোহন ওর ব্যলকনিতে ছিল।”
“থাক আর ঢাকতে হবে না। কী দেখেছো তাই বল।”
“কী আর দেখব? প্রথমে ভেবেছি অমন হেসে হেসে কথা বলছে, বোধহয় নতুন বান্ধবী জুটেছে। পরে বুঝলাম এ-আই।”
“তুমি বুঝলে কী করে? ফোনের অন্যদিকে কোন মেয়ে আছে কি নেই?”
“আহা ওর মা এসে বলল তো, ‘সারাদিন মেশিনের সঙ্গে গল্প না করে বন্ধুদের সঙ্গেও তো মিশতে পারিস।”
“ও বাবা! তাই নাকি?”
“হ্যাঁ তো, আগে দেখতাম অভিভাবকরা, বাচ্চা সারাদিন বাইরে খেলে বেড়াচ্ছে দেখে বকতো, এখন বাচ্চারা কেন বাইরে খেলতে যাচ্ছেনা, দেখে শাসন করে।”
বেঙ্গমি চিন্তিত মুখে বলে “তারপর যদি বিয়ে না করে, এর পরে তো বাচ্চাই থাকবে না। তখন কী হবে?”
বেঙ্গমা হেসে বলে, “কী আর হবে? তখন আমরাই রাজ করব। ভাবো একবার, এই সব বাড়িঘর আবার জঙ্গলে ভরে যাবে। কত সাপ ব্যাঙ শেয়াল পোকা মাকড়, মোটা মোটা কেঁচো, উফ আমার ভেবেই শরীরের পালক খাড়া হয়ে যাচ্ছে।”
বেঙ্গমা মুখ ঝামটা দিয়ে বলে, “থাক থাক তোমায় অত আশা করতে হবে না। কবে তুমি রাজা হবে? তারপর মোটা মোটা কেঁচো খাবে, হুঁ!”

সারাদিন টাওয়ারের মাথায় বেঙ্গমা বেঙ্গমিদের গুটগুট শোনা যায়। ওদিকে গুচ্ছের পায়রাও আছে, তাদের বকমবকমও শোনা যায়। কয়েকটা টাওয়ারে আবার পায়রা আটকাতে জাল লাগিয়েছে। এছাড়া শালিখ কাক তো আছেই।

সারাদিনের পালা শেষ করে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে। যে সব পাখিরা বাইরে গিয়েছিল, তারা বাসায় ফিরতে থাকে। পাশেই একটা পোড়ো বাড়ি সংলগ্ন অনেকটা খালি জমি আছে। সেখানে বেশ ঘন জঙ্গলে কয়েক ঘর শেয়াল, সাপ, বাদুড় থাকে। শহরের মাঝখানেই এমন সহাবস্থান সচরাচর দেখা যায় না। তবে বেঙ্গমা বেঙ্গমি দেখেছে, জমির দালালরা ঘোরাফেরা করছে, যেকোনদিন সেখানেও এমন বড় আবাসন তৈরি হয়ে যাবে। তখন ওই শেয়াল, সাপ বা বাদুড়দের কী হবে ভেবে দুশ্চিন্তা হয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ওরা একযোগে ডেকে ওঠে। বেঙ্গমা বেঙ্গমিও সেই ডাকে সামিল হয়। এটা প্রকৃতির নিয়ম, প্রহরে প্রহরে সাড়া দিয়ে জানান দিতে হয়। মানুষেরা এসবের মধ্যে নেই, তারা শুধু নিজেদেরটা নিয়েই আছে। তবে বাহান্ন তলায় রাজশেখরবাবু সন্ধেবেলায় নিয়ম করে বাঁশি বাজায়। আজও সেই বাঁশি বাজছে। বেঙ্গমি একটু ঘন হয়ে কাছে আসে, “এই আওয়াজটা আমার খুব ভাল লাগে। এটা কি এ-আই?”

বেঙ্গমা বলে, “না, ওদিক তাকিয়ে দেখো, ও নিজে বাজাচ্ছে। সঙ্গে কোন যন্ত্রপাতি নেই।”
“ওর কি খুব কষ্ট?”
“কেন?”
“জানি না। শব্দটা কেমন কান্নার মতো শুনতে লাগছে।”
কথাটা শুনে বেঙ্গমা চিন্তিত হল, সত্যিই আজ যেন বেশি করুণ সুরে বাজছে। ডানা ঝাপটে উড়ে গিয়ে ডাবলু টাওয়ারের বাহান্ন তলার বাইরের কার্নিশে বসে। জানলা দিয়ে ভেতরটা স্পষ্ট দেখে যাচ্ছে। রাজশেখর বাবুর স্ত্রী ঘরে এসেছে, “শুধু বাঁশি না বাজিয়ে, মেয়েটাকে নিয়ে এসো। ও মেয়ে এখানেও চাকরি পেয়ে যাবে। তারপর ছেলেকেও বলব চলে আসতে।”
রাজশেখরবাবু বাঁশি থামিয়ে বলে ওঠে, “অত সহজ? বৌমা-র কোম্পানি বলেছে, ওরা এ-আই দিয়ে কাজ চালিয়ে নেবে, মানুষের দরকার নেই। দিল্লির কোম্পানি যদি তাই বলে, এখানকার কোম্পানি কি বসে থাকবে?”

বেঙ্গমা কতক বোঝে, কতক বোঝেনা। উড়ে গিয়ে বেঙ্গমির পাশে গিয়ে বসে। তখন অনেক রাত হয়ে গেছে। আবাসনের অধিকাংশ ঘরের বাতি নিভে গেছে। কেমন একটা আবছা অন্ধকারে ছেয়ে আছে চারদিক।

[সবকটি ছবি এ-আই দ্বারা নির্মিত]

[লেখকের রবিচক্রে পূর্ব প্রকাশিত রচনা]

ঠাঁই – ছোট গল্প
গয়না – ছোট গল্প
ছোটদের গল্প: পুজো আসছে
শাড়ি
পূর্বাভাস
অভিযোগ
জঙ্গলের প্রতিশোধ
গল্পঃ ঘুড়ি
মানুষ

আরও গল্প

বাংলা লাইভে প্রকাশিত গল্প

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x