
বৃক্ষের কাছে কিছু শান্তি জমে আছে,
আশ্রয় কিছু লগ্ন হয়ে আছে গভীর শিরায়
প্রাচীন মাটির গন্ধ মেখে। কোটরে পাখির
নিশ্চিন্ত ওড়াউড়ি, চলে যাওয়া ইচ্ছেমতো
ফিরে আসা… সব,সবকিছু নিবিড় সখ্যতায়
ওতপ্রোত আছে বৃক্ষের কাছে।
গাছেদের কাছে তুমি চেয়েছো কখনও কিছু?
পাতাদের আড়ালে আবডালে
খেলা করে যে আবছায়া আলো
কী নামে ডেকেছো তাকে?
ভিজে মাটি আলগোছে ধরে রাখে পায়ের নরম,
কী চোখে দেখেছো তাকে?
হীরকদ্যূতির মতো নয় ভালোবাসা,
ভালোবাসা নরম মাটির মতো
অস্তিত্ব জুড়ে ছড়িয়ে থাকে নম্রতার সোঁদা গন্ধ।
গাছেদের কাছে এসে শান্ত হয়ে বোসো।
শান্ত হয়ে আরও আরও শান্ত হয়ে
উঁইঢিবির মতো শান্ত হয়ে বোসো।
দ্যাখো,জঙ্গলের বুক জুড়ে
মৌনতা মুখর হয়ে আছে!

Facebook Comments Box


মাটি,গাছ আমাদের ধারণ করার শিক্ষা দেয়।তিলমাত্র অহংকার নেই সেখানে,উগ্রতা নেই।আছে শুধু ভালোবাসার আশ্রয়। যেটা আমরা অফুরন্ত পেয়েছিলাম আমাদের মাতৃস্থানীয়া নারীদের কাছ থেকে।বড় ভাল লাগল কবিতাটি।
সুন্দর উপলব্ধি।অনেক ধন্যবাদ।
আশ্রয় কিছু লগ্ন হয়ে আছে গভীর শিরায় প্রাচীন মাটির গন্ধ মেখে… হীরকদ্যূতির মতো নয় ভালোবাসা,ভালোবাসা নরম মাটির মতো … দ্যাখো,জঙ্গলের বুক জুড়ে
মৌনতা মুখর হয়ে আছে!
পঙক্তি রাজি মনে রাখার মত। বাঃ।
অনেক ধন্যবাদ।🙏
নীরব দানের যে বিভূতি তাই মূর্তি পেয়েছে গাছের সত্তায়।শাখায় পাতায় শিকড়ে তারই রসায়ণ।
একদম তাই।ধন্যবাদ আপনাকে।🙏