পায়ে পায়ে পঞ্চাশ-তম সংখ্যায় পড়ল রবিচক্র আন্তর্জালিক পত্রিকা। আজ আমাদের ঋণ স্বীকারের দিন। এই পথ চলায় যে সমস্ত স্বজন-বন্ধু ও অতিথি লেখকেরা আমাদের সঙ্গী হয়েছেন, সহযাত্রী হয়ে আমাদের যাত্রাপথকে সুগম করেছেন, যাঁরা প্রতিনিয়ত আমাদের সাহায্য করে চলেছেন তাঁদের মননজারিত বর্ণময় লেখাগুলি প্রকাশ করার সুযোগ দিয়ে, তাঁদের কাছে আজ আমাদের প্রণত হবার দিন। এঁদের নিঃস্বার্থ ও অকুণ্ঠ সহায়তা ছাড়া রবিচক্রের মতো অতি সীমিত সহায়-সম্পদ সম্পন্ন একটি ছোট গোষ্ঠীর পক্ষে সম্ভব ছিল না স্বর্ণজয়ন্তী সংখ্যায় পৌঁছনোর স্বপ্ন দেখা। অন্যদিকে তাঁদের বিপরীত মেরুতে ছিলেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আগ্রহী পাঠকেরা। প্রযুক্তিগত সহায়তায় দীর্ঘকালব্যাপী চলমানতায় এঁরা প্রতিদিন, প্রতিনিয়ত ক্রমবর্ধমান। এই প্রসঙ্গে সবিশেষ উল্লেখযোগ্য, রবিচক্র আন্তর্জালিক পত্রিকার মহাফেজখানায় (Archive) আজ পর্যন্ত প্রকাশিত পঞ্চাশটি সংখ্যাই সংরক্ষিত এবং কৌতুহলী পাঠকদের কাছে লভ্য।
লেখক-পাঠকের এই সেতুবন্ধনে আমাদের ভূমিকা কাঠবিড়ালীর। পত্রিকাটিতে অদ্যাবধি সর্বমোট প্রায় পাঁচশ’র কাছাকাছি রচনা প্রকাশিত হয়েছে । আর পাঁচটা পত্রিকার মতো রচনাগুলির গুনগত মানের তারতম্য থাকা স্বাভাবিক ঘটনা। থেকেছেও। সকলকে সমস্ত বিষয়ে তুষ্ট করা দুঃসাধ্য জ্ঞানে সে প্রচেষ্টা থেকে আমরা বিরত থেকেছি, তবে পত্রিকাটি পরিচালনার ক্ষেত্রে নিষ্ঠা ও শিল্পসুষমাকে আমরা যথাসাধ্য প্রাধান্য দিয়েছি। প্রতিটি সংখ্যার মোটামুটি একটা মান যে ধরে রাখা সম্ভব হয়েছে, বিদগ্ধ পাঠকের মন্তব্য থেকে তা আমদের গোচরে এসেছে। একথা অনস্বীকার্য যে সংখ্যাগুলির নির্মাণে অনিশ্চয়তা, দ্বিধা ও শঙ্কা ছিল আমাদের প্রায় নিত্যসঙ্গী। এতৎ সত্ত্বেও মাসের সুনির্দিষ্ট দিনে ও সময়ে সংখ্যাগুলির প্রকাশ আমাদের কাছে যুগপৎ আনন্দের ও তৃপ্তিদায়ক।

পঞ্চাশতম সংখ্যাটিকে আমাদের সীমিত সাধ্যে স্মরণীয় করে রাখার জন্য আমরা বেছে নিয়েছি বাঙালির ইতিহাসের একটি বিশেষ ধারাকে, যাকে জাতির ধর্মভাবনা ও ধর্মাচরণ বলে চিহ্নিত করা যায়। একথা বোধহয় আমাদের অজানা নয় যে বহু ক্ষেত্রেই আপন ইতিহাস সম্পর্কে বাঙালি বিস্মৃতিপ্রবণ। তদুপরি বর্তমান সময়ের রথ ছুটেছে সত্যের বিস্মৃতি ও তথ্যের বিকৃতির প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে। তাই আলোচ্য বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি আমাদের ফেলে আসা সময়ের ইতিহাসের পদচিহ্ন। এই সংখ্যায় প্রারম্ভিক কয়েকটি বিশেষ প্রবন্ধে আমাদের ইতিহাস-সচেতন প্রাজ্ঞ লেখকরা আলোকপাত করেছেন বাঙালির ধর্মচর্চা ও ধর্মাচরণের ইতিহাসের আনাচেকানাচে, স্মরণ করেছেন আমাদের অতীত প্রেক্ষাপটটিকে। সঙ্গে রয়েছে তুলনামূলক সাহিত্য, ঐতিহাসিক গল্প, নাট্য সম্বন্ধীয় নিবন্ধ ও দু’টি উপভোগ্য গল্পের পসরা।
আজ এই উপলক্ষ্যে পাঠকের দরবারে একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমরা লক্ষ্য করেছি যে যাঁরা এই আন্তর্জালিক পত্রিকায় প্রকাশিত লেখাগুলি পাঠ করছেন, তাঁরা অধিকাংশই লেখাটি সম্পর্কে মন্তব্যের পরিসরে নীরব থাকছেন, অর্থাৎ মন্তব্যহীন থাকছেন। এ’ ব্যাপারে সংবেদনশীল পাঠকদের কাছে আমাদের একটি বিনীত নিবেদন আছে। সেটি হল এই যে, গুণী লেখকেরা তাঁদের মন, মনন ও শ্রম দিয়ে লেখাগুলি লিখছেন ও অনুগ্রহ করে আমাদের প্রকাশ করতে দিচ্ছেন। সেই লেখাটি কেমন হল, তা নিয়ে পাঠকরা কি ভাবছেন, সংক্ষিপ্ত আকারে হলেও, সেটি জানার জন্য তাঁদের একটা স্বাভাবিক প্রত্যাশা থাকে। এই প্রত্যাশা আমাদেরও। আমাদের বিশ্বাস, এই যৌথ প্রত্যাশা অমূলক নয়। তাছাড়া অনলাইন পত্রিকা লেখক ও পাঠকের এক মিলনক্ষেত্র যা উভয় তরফের ভাব বিনিময়ের সুযোগ দিয়ে থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করা কাঙ্খিত বলে আমরা মনে করি। সহৃদয় পাঠকদের কাছে এটা আমাদের বিনম্র প্রত্যাশা।

প্রসঙ্গান্তরে গিয়ে বলি, মাসাধিক কাল ব্যাপী বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উচ্ছ্বাস ও কলরোল প্রায় সমাপ্তির পথে। প্রকৃতিতে অনুভূত হচ্ছে পরিবর্তনের ছোঁয়া। রৌদ্রের তাপ ক্রমশ হয়ে উঠছে মিঠে ও সহনীয়, হাওয়ায় লেগেছে মৃদুমন্দ হিমের স্পর্শ। আমাদের আশা, উৎসবপ্রিয় বাঙালি এবার কাজের জগতে মনোনিবেশ করবে। খেলা, মেলা, উৎসব ও ছুটিতে বাঙালি মজে থেকেছে দীর্ঘকাল। একটি বিরাট কালখন্ড ধরে রাজনৈতিক প্রসারণবাদ, স্বেচ্ছাচারিতা ও সুবিধাবাদ বাঙালিকে কর্মহীনতার স্রোতে গা ভাসানোয় উজ্জীবিত করেছে। সরকারি আশ্রয়ে ও প্রশ্রয়ে “মৎস্য মারিব খাইব সুখে”র মতো আলস্যকে উস্কে দেওয়া প্রবাদটি বৃহত্তর জনমানসে যেন বাঙালির মনোজগতের বৈশিষ্ট্য হিসেবে পরিচিতি লাভ করেছে, যদিও এটি তার সামগ্রিক জাতিগত পরিচয় নয়। তথ্যাভিজ্ঞ মহলের এমনতরো মন্তব্য প্রায়শই শোনা যায় যে কর্মোদ্যম ও কর্মনৈপুণ্যে বাংলার বাইরে ও বাংলায় বসবাসকারী বাঙালি যেন দুটি ভিন্ন প্রজাতি। এই দুটি প্রজাতিকে এক বিন্দুতে মেলাবার সময় এসেছে। অনেক ভিন্ন পথে হাঁটা হয়েছে এবং বলতে দ্বিধা নেই যে বাঙালি যেন কেবলই দুর্বোধ্য এক ধরনের আত্মম্ভরিতা বা শ্লাঘার সঙ্গে দশকের পর দশক ধরে পশ্চাদপসারণ করেছে। উৎসবের আনন্দময় যাপন যেন আমাদের কর্মমুখর এক যাত্রাপথের সন্ধান দেয়, এটাই আজকের প্রার্থনা।
তবে এবারের পুজোর আনন্দোচ্ছ্বাসের আবহকে বেশ কিছুটা ভারাক্রান্ত করে দিয়েছে কলকাতার বুকে ঘটে যাওয়া কিছু মানুষের পদপিষ্ট হয়ে মর্মন্তুদ মৃত্যুর ঘটনা। এই অঘটনের জন্য দুঃখ প্রকাশ করার উপযুক্ত ভাষা আমরা খুঁজে পাচ্ছিনা। রাজ্যের সরকার ও প্রশাসনিক কর্তৃপক্ষকে ঘটনা পরবর্তী কিছু সদর্থক ব্যবস্থা নিতে দেখা গেলেও যে প্রশ্ন অমীমাংসিত থেকে গেল তা হল এই যে, কলকাতার বৃহদায়তন ও খ্যাতনামা পুজোর আয়োজক ও ব্যবস্থাপকরা এই মর্মান্তিক ঘটনা থেকে ভবিষ্যতের জন্য আদৌ কোনো শিক্ষা নিলেন কি? মনে রাখা দরকার, সরকারি দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণের অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু তার পাশাপাশি এই ধরনের সার্বজনীন আনন্দযজ্ঞে এ’রকম দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, সেটা নিশ্চিত করাও প্রশাসনের পক্ষে সমান জরুরি বলে আমরা মনে করি।
রবিচক্র অনলাইন আপনাদের কেমন লাগছে? নিচের ঠিকানায় লিখে জানান। ইমেল-ও করতে পারেন। চিঠি অথবা ইমেল-এর সঙ্গে নাম, ঠিকানা এবং ফোন নম্বর থাকা বাঞ্ছনীয়।
রবিচক্র
‘প্রভাসতীর্থ’, ৭৬ ইলিয়াস রোড, আগরপাড়া, কলকাতা – ৭০০০৫৮, ভারত
editor@robichakro.com
Bengali identity and consciousness

