
“ভেতরে আসবো?”
“হ্যাঁ, এসো, এসো।”
“এ তো অন্ধকার, কোনদিকে আপনি?”
“এই তো তোমার বাঁদিকে দু-পা এগিয়ে একটা দরজা আছে, ঠেলা দিলেই খুলে যাবে।”
“ওফ! এক পা ফেললে সামনে আলো জ্বলছে, আবার পিছনে ফেলে আসা পায়ে আলো নিভে যাচ্ছে! তাজ্জব! এমন আলো আঁধারি করে রেখেছেন! কেমন গোলমাল হয়ে যায়। ছোট ছোট লাল নীল বাতিগুলো জ্বলছে নিবছে, ব্যাপারটা কী?”
“এটা সিসিসি অর্থাৎ কমান্ড কন্ট্রোল সেন্টার। আমি এখান থেকেই সবটা কন্ট্রোল করি কিনা, তাই এই রকম করা আছে। এই লাল নীল আলোগুলো বিভিন্ন সিগন্যাল। আমাকে কন্সট্যান্ট আপডেট করছে।”
“ওই ল্যাপটপগুলো?”
“ওখান থেকেই তো নির্দেশ পাঠাই।”
“অতগুলো কম্পিউটার?”
“ও তুমি বুঝবে না, বিভিন্ন জোন ভাগ করা আছে। সেখান থেকে খবরাখবর আসে।”
“বাপরে! এভাবে খবর আসে?”
“তা আসে বইকি, সারাদেশে নেট ওয়ার্ক ছড়ানো। তা, কী খাবে বল? চা বলি?
“চা! শুক্রবার সন্ধে, এমন আলো আঁধারি লাল নীল আলো জ্বালানো ঘরে চা?”
“কেন? তুমি কী আশা করেছিলে?”
“একটু স্কচ হবে না? এটাই তো স্বাভাবিক! অন দ্য রকস?”
“আমি এখন ও সব নিই না।”
“ছেড়ে দিয়েছেন?”
“ছাড়িনি, তিন মাসে একবার খাই।”
“সেকী? একেবারে পাঁজি দেখে মদ্যপান? তা কী দিয়ে খান?”
“মানে?”
“মানে সাত্ত্বিক পান তো, সঙ্গে কী অনুপান অর্থাৎ চাট থাকে জানতে ইচ্ছে করে। কাবাব থাকে? নাকি পনির?”
“কাবাব, ছোলা সেদ্ধ, আদা, জলজিরা, বাদাম, চানাচুর, মাছ ভাজা সব রকমই থাকে।”
“শুনেই কেমন রোমাঞ্চ হচ্ছে। পরের সেই ত্রৈমাসিক তারিখটা কবে? মনে রেখে দিতে চাই।”
“অত মনে রাখতে হবে না, আপাততঃ চা সিঙাড়া খাও। একটু পরে জিলিপিও পাবে।”
“তাই নাকি? খুব ভাল। তা আপনি যে তিন মাস পর পর মদ্যপান করেন, সেটা কি শনি মঙ্গল বিচার করে?”
“তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো?”
“এই একহাত জিভ কেটে বলছি। সে ক্ষমতা আমার আছে?”
“তাহলে, বাজে কথা রেখে, কাজের কথা বল। তোমার এখন কী অবস্থা?”
“খুব খারাপ। আজকাল লোকজনের পকেটে ক্যাশই থাকে না। দেশ থেকে পকেটমারি শব্দটাই উঠে গেল। আপনার এই কম্পিউটার এসে সব্বোনাশ করে দিল।”
“পকেটমারি না করে, শিল্পীরা এখন তো মোবাইলমারি করছে।”
“ওর’ম মনে হয়! অত সুখ নেই। সবগুলোতে অ্যান্টিথেপ্ট না কী বলে, করা আছে, ঠিক খুঁজে বার করবে। কোন নিস্তার নেই।”
“তবে কী করছো?”
“ওই আপনার মতো সাত্ত্বিক জীবন যাপন করছি। তিনমাসে একবার।”
“আমার সঙ্গে কাজ করবে?”
“আবার?”
“কেন? এর আগে কি খারাপ অভিজ্ঞতা হয়েছিল? রোজগার হয়নি?”
“সেটাই তো কাল হল। সমাজে আমার পেস্টিজ বেড়ে গেল, এখন যেকোন জায়গায় কাজ করতে পারি না। এসি ট্রেন বা এরোপ্লেনে চড়তে হয়।”
“বল কী! তুমি ফ্লাইটেও পকেট মারো?”
“বললাম না? পকেট সব ফাঁকা থাকে, কেউ হয়তো ব্যাগ ভর্তি করে ডলার নিয়ে যাচ্ছে বা সোনা, তখন একটু কাজ করার সুযোগ আসে। বাসে বা লোকাল ট্রেনের কাজ করার অভ্যেসটা চলে গিয়েছে। তা আপনার এখনকার কাজটা কী?”

“বলছি, তার আগে জিলিপিটা খাও। শুদ্ধ ঘিয়ে ভাজা, সব জায়গায় পাবে না।”
“জিলিপি খুব মজার জিনিস, জীবনের মতো। অজস্র প্যাঁচ কিন্তু টিঁকে থাকতে পারলে ভেতরে মিষ্টি।”
“তুমি তো দার্শনিক হয়ে গেছো দেখছি।”
“সে সব আপনাদের আশীর্বাদে। তা আমাকে স্মরণ করার কারণটা বললেন না।”
“এই তিন নম্বর ল্যাপটপের স্ক্রিনটা দেখো।”
“কী এটা? ল্যান্ড রেকর্ড মনে হচ্ছে, মৌজা খতিয়ান কীসব লেখা।”
“বাহ! তোমার আই-কিউ-র তারিফ করতে হচ্ছে।”
“আরে সেসব কিছু নয়। এতো আজকালের বাচ্চারাও জানে, তা কাজটা কী?”
“আমার কাছে সব রাজ্যের ল্যান্ড রেকর্ড-র ব্যাঙ্ক আছে।”
“আপনি কি জমির ব্যবসা করছেন?”
“কতকটা তাই, আমি লক্ষ্য রাখি কোন কোন জমি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে কোন নাড়াচাড়া হয়নি।”
“নাড়াচাড়া মানে, পকেট খুচরো নাড়ানো?”
“পকেটমারির ওপরে উঠতে পারলে না, খুচরো? ছোঃ”
“আহা রাগ করছেন কেন? বুঝিয়ে দিন, কী হয়েছে?”
“এগুলোকে পার্সেল বলে। সাধারণতঃ তিরিশ বছরে অন্ততঃ একবার জমি বাড়ির মালিকানা বদল হয়।”
“কী বলছেন? গ্রামে আমাদের বাড়ি তো প্রায় দেড়শো বছরের পুরানো।”
“দেড়শো বছর ধরে তোমার পূর্বপুরুষরা কি এখনও আছেন?”
“তা কেন থাকবেন? তখন তাঁরা ছিলেন, এখন আমরা আছি।”
“ঠিক তাই, তিরিশ বছরে অন্ততঃ একবার মিউটেশনে নাম পাল্টাবে, সে বিক্রি হোক অথবা উত্তরাধিকার।”
“তা হতে পারে।”
“হতে পারে নয়, তাই হয়। আর যেগুলো হয়না সেগুলোই সোনার ফসল।”
“মানে?”
“মানে, সেই পার্সেলের মালিকানা নেওয়ার মতো কেউ নেই।”
“পার্সেল?”
“এই যে বললাম, প্রপার্টিকে পার্সেলও বলে।”
“মালিকানা নেই! তাই হয় নাকি?”
“আখছার হচ্ছে, হয় তারা ভুলে গেছে, বা দেশে নেই কিম্বা কোন উত্তরাধিকারীই নেই।”
“তা হলে?”
“আমি সেইসব পার্সেল খুঁজে বার করি, আর আমার সহকারীরা কাজে লেগে পড়ে। সারা দেশ ছড়ানো নেটওয়ার্ক। হাজার হাজার কোটি টাকার বিজনেস!”
“তারা কী করে?”
“কী করে? হাসালে, তারা ওই পার্সেল বা প্রপারটির দলিল তৈরি করে, পার্টি ধরে বিক্রি করে দেয়। কড়কড়ে কোটি টাকার মুনাফা।”
“অ্যাতো সোজা?”
“বলে দিলে সোজা, না জানলেই কঠিন।”
“তা আমায় কী করতে হবে?”
“একটা অঞ্চলের দায়িত্ব নাও। তোমার নিজের গ্রাম থেকেই শুরু করতে পারো।”
“আমার এলাকায় আজকাল ধ্বস নামছে। ওভাবে হবে না। বিক্রি করা গেলেও কেনার লোক পাবেন না।”
“তোমার তো খনি এলাকায় বাড়ি তাই না?”
“হ্যাঁ।”
“সেখানে তো আরও মজা।”
“মজা?”
“তা নয়তো কি? সরকার প্রায় তিন লক্ষ বাড়ি বানিয়েছে, ধ্বসপ্রবণ এলাকা থেকে মানুষকে সরিয়ে পুনর্বাসনের জন্য, শুনেছি কেউই যাচ্ছে না।”
“কর্মসংস্থান তো সব খনি এলাকায়, সেখান থেকে দূরে যাবে কী করে?”
“ওগুলো ধরে বেচে দাও।”
“সরকারি আবাস, বেচবো কী করে?”
“সে তোমায় ভাবতে হবে না। দলিল তৈরি করার দায়িত্ব আমার।”
“নকল?”
“ওফ! তোমায় নিয়ে আর পারি না। জিলিপি খেয়ে এই বুদ্ধি হচ্ছে?”
নকল তুমি বা আমি জানব। ক্রেতা বা বিক্রেতার কাছে সম্পূর্ণ ঝকঝকে ত্রুটিহীন। মানুষকে পাখি পড়ার মতো করে বোঝাবে।”
“পাখি?”
“হ্যাঁ, টিয়া কাকাতুয়াকে বুলি শেখায়, জানোনা?”
“জানি তো। ছোটবেলায় আমার পাশের বাড়িতে একটা টিয়া ছিল। আমি রোজ ভোরবেলা উঠে ওকে গালাগালি শেখাতাম। পাখিটা দিব্যি শিখেও নিয়েছিল। ওদের বাড়িতে কেউ এলেই তাকে সেই গালাগালি শোনাতো।”
“তাহলে, ছোট থেকেই তুমি বেশ কাজের ছেলে! তাই না?”
“কিন্তু এগুলো তো খারাপ কাজ।”
“টিয়াকে গালি শেখানো?”
“তার চেয়েও খারাপ, গরীব মানুষের বাড়ি হাতিয়ে নেওয়া। আপনি এখন সাত্ত্বিক জীবন যাপন করেন। তিন মাসে একবার মাল খান। আচ্ছা আপনি এই ডাকাতিগুলো কি তিন মাসে একবার করেন?”
“ইয়ার্কি হচ্ছে? দেশজোড়া কারবার চালানো কি মুখের কথা?”
“কারবার না কি চোরাকারবার?”
“যে পাঁক একবার তোমাদের সবার ভালর জন্য মেখেছি, তা থেকে কি সহজে পরিত্রাণ পাওয়া যায়?”
“আমাদের ভাল?”
“তা নয়তো কী? এত টাকা কী শুধু আমার একার? কত লোক করে খাচ্ছে।”
“কী জানি? আপনার ফিলজফি আপনার কাছে, তা আমায় এই কাজের জন্য ডেকেছেন?”

“তুমি কি কিছু ইনভেস্ট করবে?”
“এই আবাস যোজনায়? এতো সরকারি প্রকল্প। সেখানে নেতারা গরীবের পকেট কাটে।”
“আহ! গাঁটকাটা হয়েই থেকে গেলে! এত এরোপ্লেন-এর কথা শোনালে, বুদ্ধিটা ওই রকম তৈরি করো।”
“তাহলে কিসে ইনভেস্ট করব? এবং কত?”
“বিয়াল্লিশ হাজার টাকা।”
“কোন প্রকল্পে ইনভেস্ট করার কথা বলছেন? এ টাকায় কি কোন ব্যবসা হবে?”
“ব্যবসা নয়, আমার ওপর ইনভেস্ট করতে বলছি।”
“মানে?”
“ক্যাশফ্লো তে একটু ঘাটতি হয়েছে। আমার গাড়িটার রোড-ট্যাক্স রিনিউ করতে হবে।”
“ও টাকা তো আপনার হাতের ময়লা, কত শত কোটি টাকার ডিল করছেন। আপনি চাইছেন? মানে, ধার নেবেন?”
“ধার কথাটা খারাপ শোনায়।”
“শুধু তাই নয়, ধার নিলে, শোধ দেওয়ার একটা শর্ত চলে আসে, যেটা ইনভেস্ট করার সময় থাকে না, তাই তো?”
“তুমি তো বেশ চালাক হয়ে গিয়েছো, দেখছি?”
“ওই যে বললাম, আপনাদের আশীর্বাদ।”
“তো কী ভাবলে?”
“কোনটার? বিজনেস প্রোপোজাল? না কি?”
“পার্সোন্যাল ইনভেস্টমেন্টাও ভাবনার মধ্যে রাখতে পারো।”
“আপনি এইটা রাখতে পারেন।”
“এটা কি?”
“আপনার ওদিকের আলো একটু জ্বালান, বুঝতে পারবেন।”
“আলো না জ্বালালেও আমি টাকা বুঝতে পারি। এটা কীসের টাকা?”
“আসার সময়, আপনার গেট-এ দারোয়ান আমায় খুব কষে জেরা করছিল। তখন একটু রাগ হয়েছিল।”
“ওর ওটাই কাজ। অনেক রকম লোক আমার কাছে আসে। ওকে সতর্ক থাকতে হয়।”
“সে তিনি সতর্ক থাকতে পারেন, তবে নিজের পকেট নিয়ে মোটে সতর্কতা নেই।”
“তুমি রামবিলাসের পকেট কেটেছো?”
“ওভাবে বলবেন না। এটা একটা শিল্প। আমি আর্টিস্ট, আপনার মতো নই। না হলে টাকাটা ফেরত দিতাম না।”
“আমি শিল্পী না হলেও শিল্পপতি। কত হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট সামলাই, জানো?”
“জানলাম, তবে আমার পকেটে ইনভেস্টমেন্ট করার মতো ওইটুকুই ছিল, তার ষোলআনা আপনাকে দিয়ে দিলাম।”
“তাহলে তুমি?”
“আমি আজ উঠি। আবার ত্রৈমাসিক তারিখে মনে পড়লে ডাকবেন, আসব। নমস্কার।”

[লেখকের রবিচক্রে পূর্ব প্রকাশিত রচনা]
ঠাঁই – ছোট গল্প
গয়না – ছোট গল্প
ছোটদের গল্প: পুজো আসছে
শাড়ি
পূর্বাভাস
অভিযোগ
জঙ্গলের প্রতিশোধ
গল্পঃ ঘুড়ি
মানুষ

