
পোস্টঅফিসের মোড়ে হঠাৎ দেখলাম তাঁকে
শব্দহীন জটলায়। ব্যস্ত শহর।গাড়ির হর্ন।
পথচারীর হন্তদন্ত হেঁটে যাওয়া —
সমস্ত কোলাহল অতিক্রম করে বক্তব্য রাখছেন তিনি
নির্বাক ঈশারার অমোঘ সংকেতে।
সামনে ফেস্টুন হাতে
শব্দের জগৎ থেকে নির্বাসিত নাগরিক ভিড়।
প্রতিবাদ আর প্রত্যয়ের অভিব্যক্তি মুহুর্মুহু জেগে উঠছে
শব্দকে অতিক্রম করে যাওয়া ভাষাহীন মুখে।
ওরা দেখেনি
চারপাশের সব আলো যেন নিভে এলো
অন্ধকার জনারণ্যে জেগে রইল সেই নিঃশব্দ ভিড়
আর
মৃত জোনাকির মতো তমসার বনে ঝরে পড়তে লাগল
আমার শব্দের অহংকার!
(উৎসঃ মূক ও বধিরদের এক জমায়েত )


