শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

বিদ্যালয়গুলি,
সম্মানিত জ্ঞানবৃদ্ধের মতো,
পলিত কেশ, লোল চর্ম,
দৃষ্টি অস্বচ্ছ, স্মৃতিও তথৈবচ, অথচ,
তাদের সামনে গেলেই
অজান্তেই মাথাটা নুয়ে আসে।
ঘরের দেওয়ালগুলো লোনাধরা
সেখান থেকে জল গড়িয়ে নামে, যার স্বাদ
শিশুর কান্নার মতো নোনতা।

ব্ল্যাকবোর্ডগুলো যারা ছাত্রদের সঙ্গে কথা বলত,
ঘোড়ারা এসে খেয়ে গেছে তাদের,
চকগুলো টেবিলে,
যেন কবরে শুয়ে থাকা শব্দহীন হাড়,
ধরার হাতগুলো ঘোড়াদের ক্ষুরে ছিন্নভিন্ন ;
নৈরাশ্য, নৈরাশ্যের কালো সুড়ঙ্গের মধ্যে
তলিয়ে যাচ্ছে শিশিক্ষু মুখগুলি,
ক্লাসরুমে বসে থাকে তাদের ইউনিফর্মগুলি।


ঐ তো জীবন্মৃত ছায়াগুলি,
চকের প্রতিটি পর্দায় যারা বিজ্ঞানের
সূত্রগুলির আত্মাকে বাজিয়ে তুলত,
জাদুকরের মতো দৃশ্যমান করে তুলত মৃত ইতিহাস,
হরপ্পা থেকে মেসোপটেমিয়া, নিয়ানডার্থাল থেকে হোমো-স্যাপিয়েন্সের পুঙ্খানুপুঙ্খ অভিব্যক্তিগুলো,
মৃত নদীগুলি কেঁপে উঠত,
কিছু কিছু ঘণ্টাধ্বনির মধ্যে থেকে, মমির মধ্যে থেকে
এই জাদুবাস্তবতা ছড়িয়ে ছড়িয়ে পড়ছে
নক্ষত্রের অশ্রুদানার মতো।

আমি স্পষ্ট দেখছি, যখন এক এক করে
বাড়িগুলি কফিনের মতো ভাসতে ভাসতে
এগিয়ে চলেছে এক কৃষ্ণগহ্বরের দিকে,
জ্ঞানীগুণী সম্মানীয় পরিবারগুলি —
যেখানে একদা খেলা করত সাদা সাদা দেবদূতেরা,
বুকের মধ্যে মৃত্যুর নৈঃশব্দ নিয়ে গভীর খাদের দিকে
তারা নেমে যাচ্ছে, আর প্রাণপনে চেঁচাচ্ছে,
যাদের মুখগহ্বর আছে, কিন্তু জিভ নেই,
তাই শুধু নৈঃশব্দ… নৈঃশব্দ।


তবু তার শব্দ ওঠে,
যেন এক অদৃশ্য সমুদ্র
বুক চাপড়ায়,
আর তার প্রতিধ্বনি
আকাশের চূড়ায় ধাক্কা খেয়ে ফিরে আসে।
আমি আদিম গাছপালার ভিতরে
তার সরোদের মতো কেঁপে ওঠা শুনি।
আর ঐ দ্যাখো, গেরস্থালি ঘরদোর
ঝোড়ো হাওয়ায় মোমবাতির মতো কেঁপে কেঁপে উঠছে,
যেন এক্ষুণি হারিয়ে যাবে আলো আর মুছে যাবে
স্বপ্ন দিয়ে তিল তিল করে আঁকা দেওয়ালের অসম্পূর্ণ ম্যুরালগুলি।


তবুও যেখানে তারারা মেঘের মধ্যে ডুবে গিয়েও
আকাশের জেগে থাকা বন্দরগুলিতে স্থির হয়ে দাঁড়ায়,
আর তারপরে মাঝ সমুদ্রে ভেসে যায় ,
যেন তারা পেয়ে গেছে আদেশ
বন্দরের কাল হল শেষ –
তারপরে গলা ছেড়ে তোলে ঐকতান
যেখানে নীল ঢেউ লিখে চলেছে জীবনের সংগ্ৰাম।

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.