শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

বাঙালির ধর্ম: জীবন থেকে বিশ্বাস — এক দীর্ঘ বিবর্তনের ইতিহাস

ধর্মের ইতিহাস শুরু ধর্মগ্রন্থ দিয়ে নয়, মানুষের জীবন দিয়ে। তার প্রয়োজনীয়তা থেকে। মানুষ যখন প্রথম প্রাকৃতিক শক্তির মুখোমুখি দাঁড়াল, তখন তার হাতে বিজ্ঞান ছিল না, ছিল না প্রকৃতির নিয়ম বোঝার কোনও শিক্ষা। কিন্তু তার ছিল প্রবল পর্যবেক্ষণ ক্ষমতা এবং অজানার সামনে বিস্ময় ও ভয়।
বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়। নদী জল দেয়, আবার বন্যায় ঘর ভাসিয়ে নিয়ে যায়। বজ্রপাত মৃত্যু ঘটায়। রোগের কারণ অজানা। সন্তান জন্মানো রহস্যময়। মৃত্যু আরও রহস্যময়। এইসব অভিজ্ঞতা থেকেই মানুষের মনে তৈরি হল এক ধরনের অতিপ্রাকৃত ব্যাখ্যা। বিস্ময়কে ঘিরে তার মধ্যে জাগল প্রশ্ন— প্রকৃতির দৃশ্যমান শক্তির পিছনে অদৃশ্য কোনও শক্তি আছে কি?
তার মধ্যেই বপন করা হয়ে গেল ধর্মের আদিমতম বীজ। কিন্তু সেই ধর্ম কোনও মতবাদ ছিল না। কোনও ‘হিন্দুধর্ম’, ‘বৌদ্ধধর্ম’ বা ‘ইসলাম’ তখন ছিল না। ছিল শুধু বেঁচে থাকার ধর্ম। বাংলার ধর্মীয় ইতিহাস বুঝতে হলে এই সত্যটিকে প্রথমে মনে রাখতে হয়।
প্রাগৈতিহাসিক বাংলার দিকে তাকালে আমরা দেখব ধর্মের আগে এসেছে বিশ্বাস। বাংলার ভূখণ্ডে মানুষের বসতি বহু প্রাচীন। কিন্তু এই সময়কার ধর্মবিশ্বাস সম্পর্কে সরাসরি লিখিত কোনও দলিল নেই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু তাদের নির্দিষ্ট ধর্মীয় মতবাদ সম্পর্কে নিশ্চিতভাবে বলা কঠিন। তবু নৃতত্ত্বের সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি— কৃষি ও স্থায়ী বসতির সঙ্গে সমানুপাতিক হারে মানুষের ধর্মীয় কল্পনায় প্রকৃতি এবং উর্বরতার গুরুত্ব বেড়েছে।
বাংলা ছিল নদী, জলাভূমি ও অরণ্যে পূর্ণ একটি ভূখণ্ড। তাই এখানে মানুষের জীবন শুরু থেকেই জল, মাটি, বৃষ্টি, গাছপালা, পশু এবং কৃষির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। এই পর্যায়ে ধর্মের কেন্দ্রে কোনও সর্বশক্তিমান ঈশ্বরের সুসংহত ধারণা থাকার প্রমাণ নেই। বরং সম্ভাব্য ধর্মীয় চেতনার কেন্দ্রে ছিল— প্রকৃতি, উর্বরতা, পূর্বপুরুষ এবং অদৃশ্য শক্তি। ধর্ম তখনও জীবনের বাইরে কোনও পৃথক প্রতিষ্ঠান নয়।
এরপর কৃষির আবির্ভাবে ধর্ম হয়ে উঠল ফসল ও উর্বরতার ধর্ম। কৃষির বিস্তারের সঙ্গে মানুষের জীবন নাটকীয়ভাবে বদলে গেল। শিকারনির্ভর জীবন থেকে মানুষ ধীরে ধীরে কৃষিনির্ভর জীবনে এল। ফলে তার কাছে মাটি ও ঋতুচক্রের গুরুত্ব বেড়ে গেল। বীজ বোনা, বৃষ্টি হওয়া, ফসল পাকানো— এসব আর নিছক প্রাকৃতিক ঘটনা রইল না। এগুলির সঙ্গে মানুষের ধর্মীয় আচার যুক্ত হতে থাকল। এই সময়কার ধর্মকে আধুনিক অর্থে ‘ধর্ম’ বলার চেয়ে জীবন-সংক্রান্ত আচারব্যবস্থা বলা বেশি যুক্তিযুক্ত। ফসলের জন্য প্রার্থনা, রোগ থেকে রক্ষা, সন্তানলাভের কামনা, মৃত পূর্বপুরুষের স্মরণ— সব একই ধর্মীয় জগতের অংশ। এখানে ধর্মের উদ্দেশ্য পরকাল নয়, প্রধানত এই জীবনকে টিকিয়ে রাখা।
খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে বাংলার বিভিন্ন অঞ্চলে বৃহত্তর উত্তর ভারতীয় সাংস্কৃতিক ও ধর্মীয় ধারার প্রভাব বাড়তে থাকে। এই সময়ে গঙ্গা অববাহিকার সঙ্গে বাংলার যোগাযোগ বাড়ে। আর্য-ভাষাভাষী ও বৈদিক সংস্কৃতির প্রভাব পূর্বদিকে বিস্তার লাভ করে। তবে এটিকে এমনভাবে দেখা ভুল হবে যে, কোনও একদিন ‘বৈদিক ধর্ম’ এসে বাংলার আগের সব বিশ্বাস মুছে দিল। বাস্তব পরিস্থিতি সম্ভবত অনেক বেশি জটিল। স্থানীয় বিশ্বাসের সঙ্গে বহিরাগত ধর্মীয় ধারণার সহাবস্থান ও মিশ্রণ ঘটেছিল এই সময় থেকেই।
বৈদিক দেবতা ও আচার বাংলায় প্রবেশ করলেও বাংলার নিজস্ব ভূগোল ও লোকবিশ্বাসও টিকে রইল। অর্থাৎ এখান থেকেই একটি দীর্ঘ প্রক্রিয়া শুরু হল। স্থানীয় লোকবিশ্বাসের সঙ্গে বৃহত্তর ভারতীয় ধর্মীয় সংস্কৃতির মিশ্রণ ঘটে সৃষ্টি হল বাংলার নতুন ধর্মীয় সংস্কৃতি।


আমরা জানি খ্রিস্টপূর্ব ষষ্ঠ–পঞ্চম শতক থেকে বৌদ্ধ ও জৈন ধর্মের আবির্ভাব ঘটে। গৌতম বুদ্ধের সময়ে পূর্বভারতের ধর্মীয় পরিবেশে বড় পরিবর্তন ঘটছিল। একদিকে আচারকেন্দ্রিক ব্রাহ্মণ্যবাদ, অন্যদিকে শ্রমণদের জীবনধারা। বৌদ্ধধর্মের উত্থানের পর মানুষ জীবন নিয়ে এক নতুন প্রশ্নের মুখোমুখি হল। বৌদ্ধধর্মের প্রসারের ফলে ধর্মীয় চিন্তায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেল। তার মনে ঢুকিয়ে দিল একটি পর মনে ঢুকিয়ে দিল একটি প্রশ্ন— দুঃখ কী? মানুষ কেন দুঃখ পায়? মুক্তি কীভাবে সম্ভব? অর্থাৎ ধর্ম ক্রমে জীবনরক্ষার আচার থেকে অস্তিত্বের প্রশ্নে, এক দার্শনিক স্তরে প্রবেশ করল।
পাল যুগে বাংলায় বৌদ্ধ ধর্ম ও তান্ত্রিকতার অভ্যাস বিস্তার লাভ করল। আনুমানিক অষ্টম–দ্বাদশ শতকে পাল যুগ বাংলার ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্ব। পাল শাসকেরা বৌদ্ধধর্মের, বিশেষত মহাযান ও পরবর্তীকালে বজ্রযান ধারার পৃষ্ঠপোষক ছিলেন। এই সময়ে বাংলায় বিকশিত হয় বিখ্যাত বৌদ্ধ মহাবিহারগুলি— নালন্দা, বিক্রমশীলা, সোমপুর প্রভৃতি বৃহত্তর পূর্বভারতীয় বৌদ্ধ জগতের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এখানেও ধর্ম শুধু পুঁথি ও দর্শনের মধ্যে আটকে থাকেনি। বজ্রযান ও তান্ত্রিক বৌদ্ধধারার মধ্যে স্থানীয় দেবদেবী, নারীশক্তি, মন্ত্র, সাধনা ও লোকবিশ্বাসের বহু উপাদান প্রবেশ করেছিল।
চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় এসেছিলেন আনুমানিক ৬৩৯ খ্রিস্টাব্দে। সেই সময় তিনি কজঙ্গল, পুন্ড্রবর্ধন, সমতট, কর্ণসুবর্ণ এবং তাম্রলিপ্তে প্রচুর বাঙালি বৌদ্ধের সন্ধান পেয়েছিলেন যাঁরা ছিলেন হীনযানপন্থী। পরবর্তীকালে বাংলায় বৌদ্ধপ্রভাব কমতে থাকে। সেই সময় কিছু জৈন ধর্মের প্রভাবও ছিল।
আবার সেন যুগে আমরা দেখলাম ও ব্রাহ্মণ্যধর্মের পুনর্গঠন। আনুমানিক একাদশ–দ্বাদশ শতকে সেন আমলে বাংলায় ব্রাহ্মণ্যধর্মের প্রাতিষ্ঠানিক প্রভাব বৃদ্ধি পায়। বর্ণব্যবস্থা, শাস্ত্রনির্ভর সামাজিক কাঠামো এবং ব্রাহ্মণ্য আচার আরও শক্তিশালী হয়। এখানে ধর্মের চরিত্রে একটি পরিবর্তন লক্ষ করা যায়।
আদিম লোকধর্মে আমরা প্রকৃতি, জীবিকা, পরিবার, নিরাপত্তা ইত্যাদির গুরুত্ব অনুভব করেছি। সেখানে শাস্ত্রনির্ভর ধর্ম ক্রমে যুক্ত করল আরও কিছু বিধি। যেমন জাতি, সামাজিক কর্তব্য, শুদ্ধতা-অশুদ্ধতা, আচারবিধি ইত্যাদি। অর্থাৎ ধর্ম এখন শুধু মানুষ ও প্রকৃতির সম্পর্কে সীমাবদ্ধ রইল না। তা হয়ে উঠল মানুষে-মানুষে সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রণেরও একটি ব্যবস্থা।
এরই পাশাপাশি প্রবহমান রইল বাংলার নিজস্ব লোকধর্ম। শাস্ত্রনির্ভর ধর্মের উত্থান ঘটলেও লোকধর্ম কখনও হারিয়ে যায়নি। বাংলার গ্রামীণ সমাজে তাকে তার নিজের মতো করে বহন করে নিয়ে গেছে। মনসা, শীতলা, ষষ্ঠী, লক্ষ্মী, গ্রামদেবতা, স্থানীয় দেবী, গাছ, পুকুর, সাপ, পূর্বপুরুষ— এসবকে ঘিরে তৈরি হয়েছিল নানা আচার। এগুলি ছিল বাংলার ব্রত। এই মঙ্গলানুষ্ঠান ব্রতগুলি মেয়েরা পালন করতেন। এর সঙ্গে মিশেছিল কৃষি-নিরাপত্তা, যাদুশক্তি, প্রজনন শক্তি ইত্যাদির আরাধনা। পুণ্যিপুকুর, ইতু, অশোক ষষ্ঠী, দশ পুতুলের ব্রত, কুলকুলটি ব্রত, সেঁজুতি ব্রত— এরকম অসংখ্য ব্রত পালন করা হতো সারা বছর জুড়ে।
এই প্রসঙ্গে নীহাররঞ্জন রায় তাঁর ‘বাঙ্গালীর ইতিহাস: আদি পর্ব’-এ লিখেছেন, ‘ঋগ্বেদ হইতে আরম্ভ করিয়া আমাদের প্রাচীন ধর্মশাস্ত্র, ধর্মসূত্র কোথাও কোনও প্রচলিত ব্রতের উল্লেখ পর্যন্ত নাই। আদি বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধর্ম যে এই ধর্মানুষ্ঠানকে স্বীকার করিত না এ তথ্য পরিষ্কার।’ পরবর্তীকালে এই ধরনের বহু ব্রত ব্রাহ্মণ্য ধর্মের স্বীকৃতি লাভ করেছিল এবং তাঁরা এইসব পুজো করতে শুরু করেন।
এর অনেকগুলি পরবর্তীকালে পুরাণের কাঠামোর মধ্যে ঢুকে যায়। মনসা তার মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ। বাংলার নদী, বর্ষা, সাপ এবং কৃষিজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে যে বিশ্বাসের সামাজিক ভিত্তি তৈরি হয়েছিল, সেটি পরে মনসামঙ্গল কাব্যের মতো সাহিত্যে বৃহত্তর হিন্দু ধর্মীয় জগতের সঙ্গে যুক্ত হয়। এখানে আমরা বাংলার ধর্মীয় সংস্কৃতির একটি মৌলিক বৈশিষ্ট্য দেখতে পাই। সেটি হল লোকবিশ্বাস শাস্ত্রকে গ্রহণ করেছে, আবার শাস্ত্রও লোকবিশ্বাসকে নিজের মধ্যে গ্রহণ করেছে।


ত্রয়োদশ শতক থেকে ইসলাম ও বাংলার নতুন ধর্মীয় পরিসর তৈরি হল। বাংলায় মুসলিম শাসনের সূচনার সঙ্গে ধর্মীয় ইতিহাসে আরেকটি বড় পরিবর্তন আসে। ইসলাম শুধু শাসকের ধর্ম হিসেবে আসেনি। পাশাপাশি সুফি, পীর, দরবেশ, ব্যবসায়ী, অভিবাসী এবং বিভিন্ন সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার সমাজে এর বিস্তার ঘটে। বাংলার গ্রামীণ সমাজে ইসলাম গ্রহণের প্রক্রিয়াটিও একদিনে ঘটেনি। স্থানীয় সংস্কৃতি ও ইসলামী বিশ্বাসের মধ্যে দীর্ঘকাল ধরে নানা ধরনের পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে। পীরপূজা, দরগাহ কেন্দ্রিক লোকবিশ্বাস এবং বিভিন্ন আঞ্চলিক আচার সেই মিথস্ক্রিয়ার কিছু নিদর্শন। ফলে বাংলার ধর্মীয় সংস্কৃতি আরও বহুত্বপূর্ণ হয়ে উঠল।
পঞ্চদশ–ষোড়শ শতকে চৈতন্যদেবের আবির্ভাবে সূচিত হল ভক্তিবাদের বিপ্লব। তাই চৈতন্যদেবের আবির্ভাব বাংলার ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। গৌড়ীয় বৈষ্ণবধারা ধর্মকে মানুষের আবেগ, প্রেম, গান এবং সমবেত ভক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত করল। নামসংকীর্তন, কীর্তন, পদাবলি— ধর্মীয় অভিজ্ঞতা হয়ে উঠল অধিকতর জনসমাজমুখী। ঈশ্বরকে পাওয়ার জন্য জটিল আচার বা পাণ্ডিত্য আর অপরিহার্য রইল না। ভক্তিই হয়ে উঠল পথ এর ফলে ধর্ম আবার এক অর্থে মানুষের দৈনন্দিন অনুভূতির কাছে ফিরে এল। ধর্ম হয়ে উঠল প্রেম, বিরহ, কান্না, গান এবং সমবেত আবেগ।
চৈতন্যের কাছে ধর্ম হয়ে উঠল মানবপ্রেম ও মুক্তির দর্শন। তাঁর কাছে ধর্ম নিছক আচার-অনুষ্ঠান কিংবা ঈশ্বরের আরাধনা ছিল না। ধর্ম ছিল মানুষকে মুক্ত করার পথ, মানুষের সঙ্গে মানুষের আত্মিক সংযোগের সেতু। তাঁর সময়ে আধুনিক অর্থে রাজনীতির ধারণা না থাকলেও সমাজে ছিল জাতপাত, বর্ণভেদ, অস্পৃশ্যতা ও নানা বিভাজন। এই বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ধর্মকেই বেছে নিয়েছিলেন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যম হিসেবে। সংকীর্তনের মধ্য দিয়ে তিনি আদ্বিজচণ্ডালকে এক ছাতার তলায় আনতে চেয়েছিলেন।
চৈতন্যচরিতামৃতের সেই তাৎপর্যপূর্ণ উক্তি, ‘এহো বাহ্য, আগে কহ আর’। এটাই ছিল আধ্যাত্মিক উপলব্ধির এক গভীর পথনির্দেশ। বাহ্যিক পরিচয়, আচার কিংবা সামাজিক অবস্থান অতিক্রম করে তিনি পৌঁছতে চেয়েছিলেন প্রেমের গভীরে। আর সেই প্রেমের পরিণতিই ভক্তি।
চৈতন্যের কাছে ভক্তি মানে শুধু ঈশ্বরের প্রতি আনুগত্য নয়। প্রেম, একনিষ্ঠতা, আত্মসমর্পণ এবং সমস্ত ভেদাভেদ ভুলে একাত্ম হওয়ার সাধনা। তাঁর ধর্মের কেন্দ্রে তাই ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না মানুষ।


আসলে শ্রীচৈতন্যের বৈষ্ণবধর্ম ছিল মানবপ্রেমের এক সাংস্কৃতিক বিপ্লব। সেখানে মুক্তি ব্যক্তির একার নয়, মানুষের সম্মিলিত আত্মিক উত্তরণ। তখন রাজনীতি ছিল না বলেই ধর্ম হয়ে উঠেছিল তাঁর মানবমুক্তির অস্ত্র।
আঠারো শতকে আমরা পেলাম শাক্তধারা ও গ্রামীণ বাংলার ধর্মীয় সংস্কৃতিকে। কালী, দুর্গা, শক্তি— এই দেবীচেতনা বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গভীরভাবে প্রতিষ্ঠিত হল। পরে দুর্গাপুজো জমিদার ও অভিজাত পরিবারের পৃষ্ঠপোষকতায় বৃহৎ সামাজিক উৎসবে পরিণত হয়। এখানে আবার ধর্মের সঙ্গে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতার সম্পর্ক তৈরি হয়। একটি গৃহস্থের ব্যক্তিগত পুজো ধীরে ধীরে সামাজিক প্রদর্শন, আতিথ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্ষমতার প্রকাশের ক্ষেত্রও হয়ে ওঠে। অর্থাৎ ধর্মের সঙ্গে অর্থনীতি ও সামাজিক ক্ষমতার সম্পর্ক ক্রমশ স্পষ্ট হয়।
ঊনবিংশ শতকে দেখা গেল ধর্মের সঙ্গে যুক্তির সংঘাত। ঔপনিবেশিক আধুনিকতা বাংলার ধর্মবোধে এক নতুন সংকট বা বিশ্বাস তৈরি করল। ইউরোপীয় বিজ্ঞান, যুক্তিবাদ, খ্রিস্টীয় মিশনারি সমালোচনা, ইংরেজি শিক্ষা, নবজাগরণ— সব মিলিয়ে বাঙালি শিক্ষিত সমাজ নিজের ধর্মীয় ঐতিহ্যকে নতুনভাবে বিচার করতে শুরু করল। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেনদের মতো ব্যক্তিত্বরা ধর্মকে নতুন যুক্তিবাদী ও নৈতিক কাঠামোয় ব্যাখ্যা করার চেষ্টা করলেন। ব্রাহ্মসমাজের মতো আন্দোলন বলল, ধর্ম শুধু একটা আচার নয়। ধর্মের সঙ্গে নৈতিকতা, যুক্তি এবং একেশ্বরবাদও যুক্ত হতে পারে। অন্যদিকে হিন্দু সমাজের মধ্যেও সংস্কার ও পুনরুজ্জীবনের বিভিন্ন ধারা দেখা দিল। অর্থাৎ ধর্ম এবার আর শুধু বিশ্বাসের বিষয় নয়, হয়ে উঠল আত্মসমালোচনার বিষয়ও।
ঊনবিংশ শতকের শেষভাগ থেকে বিংশ শতকে এসে ধর্ম হয়ে উঠল ব্যক্তিগত অভিজ্ঞতার এক ভিন্ন রূপ। রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ— বিভিন্ন ব্যক্তি ভিন্নভাবে ধর্মকে নতুন ভাষা দিলেন। এখানে ধর্মের একটি নতুন রূপ দেখা গেল। প্রাতিষ্ঠানিক ধর্মের বাইরে ব্যক্তিগত আধ্যাত্মিকতা। ঈশ্বরকে শুধু মন্দিরে খুঁজলে হবে না, মানুষের মধ্যে, নৈতিকতার মধ্যে, প্রেমের মধ্যে, প্রকৃতির মধ্যে তাঁকে খোঁজা যায়— এই ধরনের ভাবনা আধুনিক বাঙালি ধর্মচিন্তায় শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে বিবেকানন্দের কথা বলতে হয়। তিনি ধর্মকে বলেছিলেন উত্তরণের সোপান। ধর্মের সাধনা মানে ট্রান্সফর্মেশন। তিনি বললেন, আমরা জীব হয়ে জন্মেছি, ধর্ম আমাদের করে তুলবে শিব। অর্থাৎ ধর্ম তোমার ভিতরের দেবত্বকে জাগিয়ে তুলবে। ধর্ম এবং ধর্মাচরণকে তিনি এক করে ফেলেননি। তিনি বললেন, বরফের ধর্ম, আগুনের ধর্ম যেমন কোনওদিন বদলায় না, তা শাশ্বত, তেমনই মানুষের ধর্ম কোনওদিন বদলায় না। তা মানুষের কল্যাণ অভিমুখী। যেটা বদলে যায় সেটা ধর্মাচরণ। সেটা বিভিন্ন সম্প্রদায় নিজেদের মতো পালন করে। উপবাস, পুজো পদ্ধতি, নামাজ, কনফেশন এগুলো হল ধর্মাচরণ। তিনি ব্যাখ্যা দিলেন আস্তিক এবং নাস্তিকের। বললেন যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তিনি আস্তিক, যিনি নিজেকে অবিশ্বাস করেন তিনি নাস্তিক। এখানে তিনি মানুষের ওপর বিশ্বাসের কথাই বলেছেন। তাই তিনি বলতে পারেন, জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর।


স্বামীজির কাছে ধর্ম হয়ে উঠেছিল সাম্যবাদের মন্ত্র। ‘পরিব্রাজক’এ তিনি লিখলেন নতুন ভারতবর্ষের কথা। তিনি বললেন শূদ্র জাগরণের কথা। ‘নূতন ভারত বেরুক। বেরুক লাঙ্গল ধ’রে, চাষার কুটির ভেদ ক’রে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হ’তে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। বেরুক কারখানা থেকে, হাট থেকে বাজার থেকে। বেরুক ঝোড় জঙ্গল পাহাড় থেকে।’ সেই সঙ্গে উপনিষদের শ্লোক উদ্ধৃত করে বললেন, ‘উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত।’ আলস্য ত্যাগ করে উঠে দাঁড়াও, অজ্ঞানরূপ মোহনিদ্রা ত্যাগ করে আত্মজ্ঞান লাভ করো। ধর্ম তাঁর কাছে ছিল মানুষের জাগরণ।
রবীন্দ্রনাথের ধর্মভাব প্রাতিষ্ঠানিক ধর্মের বদলে মানুষের অন্তর্গত স্বাধীনতা, সৌন্দর্য ও বিশ্বমানবতার দিকে বেশি ঝুঁকে যায়। প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে যে দ্বিচারিতা তাকে অস্বীকার করলেন রবীন্দ্রনাথ। ‘ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে।’ তাই তিনি শেষ পর্যন্ত ধর্মের প্রাচীর ভেঙে এ দেশে জ্ঞানের আলো আনার কথা বলেছিলেন।
পরবর্তীকালে ধর্ম কেবল ব্যক্তিগত বিশ্বাস বা সামাজিক আচার রইল না। অনেক ক্ষেত্রে তা পরিচয়ের রাজনৈতিক ও সামাজিক চিহ্ন হয়ে উঠল। ১৯৪৭-এর দেশভাগ এবং ১৯৭১-এর বাংলাদেশের জন্ম— দুই ঘটনাই বাংলার ধর্মীয় পরিচয়ের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। প্রাচীন মানুষের ধর্মীয় আচারের কেন্দ্র ছিল তার জীবন। বৃষ্টি চাই। ফসল চাই। সন্তান বাঁচুক। রোগ দূর হোক। নদী শান্ত থাকুক। পশু বাঁচুক। পরিবার টিকে থাকুক। মৃত পূর্বপুরুষের স্মৃতি রক্ষা হোক ইত্যাদি। অর্থাৎ ধর্মের সঙ্গে জীবনের দূরত্ব ছিল খুব কম।
আধুনিক সমাজে সেই সম্পর্ক পুরোপুরি হারিয়ে যায়নি। আজও মানুষ সন্তানের জন্য পূজা করে, অসুস্থতার সময় প্রার্থনা করে, নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে, ফসল বা ব্যবসার সাফল্য কামনা করে। কিন্তু একই সঙ্গে ধর্মের আরেকটি রূপ শক্তিশালী হয়েছে— সেটা হল পরিচয়ের ধর্ম। তুমি কে? কোন সম্প্রদায়ের? তোমার ধর্ম কী ইত্যাদি? তাই দেখা যাচ্ছে, এখানে ধর্মের কেন্দ্র জীবন থেকে পরিচয়ের দিকে কিছুটা সরে গিয়েছে।
প্রাচীন সমাজেও ছিল সামাজিক শ্রেণিবিভাগ, জাতপাত, নারী-পুরুষের অসমতা, ধর্মীয় নিষেধ এবং ক্ষমতার কাঠামো। আবার আধুনিক ধর্মবোধের মধ্যেও আছে ব্যক্তিগত স্বাধীনতা, আধ্যাত্মিক অনুসন্ধান, মানবতাবাদ এবং যুক্তিবাদী ধর্মচিন্তা। অতএব ইতিহাসের এই পরিবর্তনকে ‘ভালো থেকে খারাপ’ বলে চিহ্নিত করা ঠিক হবে না।
তাহলে বাঙালির নিজস্ব ধর্ম বলতে কী বোঝায়? এই প্রশ্নের উত্তর সবচেয়ে কঠিন। কারণ ঐতিহাসিক অর্থে কোনও একক ‘বাঙালি ধর্ম’ ছিল, এমন দাবি করা কঠিন। শুধু বলা যায়, বাংলার ধর্মীয় ইতিহাস কেবল দেবদেবীর ইতিহাস নয়। এটি আসলে বাঙালির জীবনযাপনের ইতিহাস। নদী বদলেছে, কৃষি বদলেছে, রাজা বদলেছে, ধর্মীয় প্রতিষ্ঠান বদলেছে, সমাজ বদলেছে, রাষ্ট্র বদলেছে— আর তার সঙ্গে বদলেছে ঈশ্বরকে দেখার চোখও। প্রথমে মানুষ প্রকৃতির সামনে দাঁড়িয়ে দেবতাকে খুঁজেছিল। তারপর দেবতা এলেন মন্দিরে। তিনি এলেন পুরাণে। তারপর এলেন গানে ও কীর্তনে। তিনি এলেন মায়ের রূপে, পীরের রূপে, কৃষকের বিশ্বাসে, গৃহস্থের ব্রতে। আধুনিক যুগে তিনি আবার অনেকের কাছে ফিরে এলেন মানুষের অন্তরে। ব্যক্তিগত বিশ্বাস, নৈতিকতা, প্রেম ও আত্মানুসন্ধানের রূপে। তাই বাঙালির ধর্মের ইতিহাস বিবর্তনের ইতিহাস। সেই ইতিহাসে দেবতার চেয়ে মানুষের কথাই বেশি। আমরা চিরকালই ‘দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা’।
এই প্রসঙ্গে আরও একটি কথা বলা দরকার। ধর্মের হাত ধরেই বাংলা সাহিত্যের প্রথম বিকাশ। বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে তাকালে একটি আশ্চর্য বিষয় চোখে পড়ে। বাংলায় সাহিত্যের প্রাথমিক প্রকাশ ও বিকাশের সঙ্গে ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। ধর্মই যেন প্রথম সাধারণ মানুষের ভাষাকে সাহিত্যের মর্যাদা দিয়েছিল।
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ (আনুমানিক দশম থেকে দ্বাদশ শতক)। বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত এই পদগুলি মূলত আধ্যাত্মিক সাধনার কথা বললেও তার মধ্যে উঠে এসেছে সমকালীন বাংলার সমাজ, প্রকৃতি, জীবিকা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি। অর্থাৎ ধর্মীয় সাধনার ভাষার মধ্য দিয়েই বাংলা কাব্যভাষার প্রথম পরিচয় পাওয়া যায়।


পরবর্তী সময়ে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দেয়। রাধা-কৃষ্ণের প্রেমকাহিনিকে কেন্দ্র করে রচিত এই কাব্যে ধর্মীয় আখ্যানের পাশাপাশি মানবিক প্রেম, বিরহ, কামনা ও মনস্তত্ত্বের অসাধারণ প্রকাশ ঘটেছে। এরপর মঙ্গলকাব্যের ধারায় মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল প্রভৃতি রচনার মধ্য দিয়ে বাংলার লোকবিশ্বাস, দেবদেবী, গ্রামীণ অর্থনীতি, সমাজজীবন ও মানুষের সুখ-দুঃখ সাহিত্যের বিষয় হয়ে ওঠে।
পঞ্চদশ-ষোড়শ শতকে চৈতন্যদেবকে কেন্দ্র করে বৈষ্ণব পদাবলি ও চৈতন্যসাহিত্যের বিস্তার বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করে। ভক্তি, প্রেম, বিরহ ও মানবিক আবেগ সেখানে একাকার হয়ে যায়। এ প্রসঙ্গে নাম আসে কৃত্তিবাস ওঝার রামায়ণ এবং কাশীরাম দাসের মহাভারতের।
এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়— ধর্ম বাংলা সাহিত্যের জন্ম দিয়েছিল, কিন্তু সাহিত্য কেবল ধর্মপ্রচারের মাধ্যম হয়ে থাকেনি। ধর্মীয় আখ্যানের ভিতর দিয়েই সে আবিষ্কার করেছে মানুষকে, মানুষের প্রেমকে, সমাজকে এবং জীবনসংগ্রামকে। বাংলা সাহিত্যের আদি পর্বে ধর্ম ছিল প্রকাশের আশ্রয়, আর সেই আশ্রয় থেকেই ধীরে ধীরে জন্ম নিয়েছে স্বতন্ত্র সাহিত্যিক সত্তা। পরে সেই সাহিত্য ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানবজীবনের আরও বিস্তৃত জগতে প্রবেশ করেছে। প্রথম থেকেই আমরা দেখেছি, সমস্ত ধর্মকেন্দ্রিক সাহিত্যে আসল মানুষের কথাই বলা হয়েছে। ধর্মসাহিত্যই সবার আগে সোচ্চারে বলেছে,‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’।

[লেখকের পূর্ব রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.

0
Would love your thoughts, please comment.x
()
x