শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

বাঙালির ধর্মজিজ্ঞাসা – মত ও পথের দ্বন্দ্ব, বিরোধ এবং সমন্বয়

প্রশ্নটা যখন বাঙালিকে নিয়ে তখন বঙ্গ ইতিহাসের ঠিক কোন সময়টা থেকে শুরু করব, এটা নিয়ে ধন্দ তো একটা ছিলই। শেষ পর্যন্ত মনে হল প্রদীপ জ্বালানোর আগে সেই সলতে পাকানোর সময় থেকে শুরু করাটাই যথাযথ হবে ।

যদিও সেটা ঠিক কোন সময় তা নিয়েও অনেক রকমের মতামত আছে, তবু মোটামুটি ভাবে বলা যেতে পারে পালরাজাদের সময় থেকে পূর্ব ভারতের একটা অংশে, বিশেষ করে পুণ্ড্র, গৌড় ও বঙ্গ—এই তিনটি জনপদ নিয়ে যে অঞ্চল, সেখানে কিছু বিশেষ আঞ্চলিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল । এই বৈশিষ্ট্যের মধ্যেই ভবিষ্যতের বাঙালি জাতির বীজ প্রোথিত হয়েছিল বলে অনেকে মনে করেন। অবশ্য বাঙালি জাতির যে মূল পরিচয় বাংলা ভাষা, তা তৈরি হয়েছে অনেক পরে ।

পাল রাজাদের রাজত্বকাল ছিল অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের সময়ে। পুণ্ড্র, গৌড় ও বঙ্গ অঞ্চলের যে সাংস্কৃতিক কার্যকলাপের কথা বলা হল তার মধ্যে অবশ্যই ছিল কিছু ধর্মীয় আচরণ ।

পাল রাজত্ব

এই পাল রাজারা মূলত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন । কিন্তু এই রাজাদের সময়েই বাংলাদেশে বৌদ্ধধর্মের সঙ্গে সমান্তরাল ভাবে শক্তি ধর্মের স্রোতও প্রবাহিত হতে শুরু হয়েছিল । শক্তিধর্মের নানান দেব দেবীর মূর্তির রূপ-কল্পনার সূচনাও এই সময়েই হয়েছে । তবে পাল রাজারা নিজে থেকে উদ্যোগ নিয়ে এই সময়ে বাংলায় বৌদ্ধ ধর্মের বিস্তার করতেই চেয়েছিলেন। ধর্মপাল প্রতিষ্ঠিত মহাবিহারে তিব্বত থেকে বৌদ্ধ জ্ঞান-পিপাসুরা আসতে শুরু করে। আবার অতীশ-দীপঙ্কর এই সময়েই বাংলা থেকে তিব্বতে বৌদ্ধধর্ম প্রচারে গিয়েছিলেন।

পাশাপাশি এই সময়েই মহাযান বৌদ্ধধর্মের মধ্যে তন্ত্রের ছোঁয়া লাগতে শুরু করে। বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য দুই ধর্মের প্রচারকরা চেয়েছিলেন তাঁদের অনুগামীদের সংখ্যা বাড়াতে । সেই চেষ্টায় দুই পক্ষই আদিম কৌম সমাজের লোকেদের দলে টানতে চেষ্টা করেছিল । কৌম সমাজে নানা রকমের যাদু বিদ্যা প্রচলিত ছিল। ছিল গুহ্য রহস্যময় মন্ত্র-তন্ত্র এবং আচার অনুষ্ঠানের প্রচলন । ছিল মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাস, ছিল ‘টোটেম”-এর প্রতি বিশ্বাস, ছিল নদী, বৃক্ষ, অরণ্য, পর্বত, ভূমির মধ্যে নিহিত শক্তিকে দেবী জ্ঞানে পূজা করার প্রথা, ছিল ভূত প্রেতে বিশ্বাস। যত দিন গেছে এই সবই হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অবশ্য অনেক হিন্দু পন্ডিত দাবি করেন, তন্ত্র-ধর্মের বীজ বৈদিক ধর্মের মধ্যেই নিহিত ছিল। আবার বৌদ্ধরা দাবি করেন ভগবান বুদ্ধ যে সব মুদ্রা, মন্ত্র, মন্ডল, ধারণী, যোগ ইত্যাদি প্রবর্তন করেছিলেন তার মধ্যেই ছিল তন্ত্রের উৎস ।

তবে এটা ঠিকই যে আদিবাসীরা যখন বৌদ্ধধর্ম গ্রহন করল, তখন তাঁরা তাঁদের মধ্যে প্রচলিত টোটেম, এবং মন্ত্রতন্ত্রের সংস্কৃতি পিছনে ফেলে তো আসেনই নি বরং সঙ্গে নিয়েই এলেন। সেখান থেকেই বৌদ্ধ ধর্মের মধ্যে তন্ত্র সাধনা ঢুকে পড়ে থাকবে এবং সেটাই স্বাভাবিক বলে মনে হয়।
ফলত বাংলায় বৌদ্ধতান্ত্রিকদের একটি আলাদা ঘরানা শুরু হয়ে যায়। এই সময়ে বুদ্ধের বন্দনা করে চর্যাপদ ও দোহাও লেখা হয়।

অন্যদিকে আবার এই সময়েই এমন কিছু সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল যাদের সহজিয়া বলা হত । এদের মধ্যে ছিল কাপালিক, তন্ত্রসাধক, শৈব্য, অবধূত, নাথ পন্থী ইত্যাদি। এরা হিন্দু হয়েও সনাতন ধর্মব্যবস্থাকে প্রায় অস্বীকার করত। যেমন শাস্ত্রে যেখানে বলা হচ্ছে ক্ষুধা বা যৌন ক্ষুধা মানুষের আদিমতম প্রবৃত্তি, তাই মানুষের উচিত তা অবদমন করা। কিন্তু সহজিয়া ধর্মের অনুগামীরা মনে করে, এই স্বাভাবিক প্রবৃত্তিগুলি অবদমন করলে মানুষ অসুস্থ এবং স্নায়ুরোগগ্রস্ত হয়ে যায়, এই অবস্থায় সে ধর্মে মন দিতে পারে না । সহজিয়ারা মনে করে মানবের সহজ বৃত্তিগুলিই তাকে সত্যদর্শনে সাহায্য করে। তারা মনে করে জীবনে পূর্ণতা লাভ করতে হলে হলে সহজ পথই রাজপথ। অযথা বক্রপথে যাওয়ার প্রয়োজন নেই। হাতের কঙ্কন দেখতে হলে আয়নার দিকে তাকানোর প্রয়োজন নেই। সোজাসুজি দেখাই ভালো। সহজিয়াদের মতে সকল সত্য শুধু আমাদের অন্তরে নয় দেহের ভিতরেও। যে সত্য বিশ্বব্রহ্মান্ডের নিরন্তর প্রবাহের ভিতর আছে সেই সত্যই আমাদের দেহের ভিতরও আছে। দেহই সত্যের মন্দির, সকল তত্ত্বের বাহন । সাধারণ ভাবে বলা যেতে পারে এই সহজিয়ারা ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে যে সব প্রথা ও আচার-অনুষ্ঠান আছে সেগুলি তারা মানত না । গভীর জ্ঞান চর্চায় তাদের আগ্রহ ছিল না । তারা বিশ্বাস করতো মানুষের স্বাভাবিক intuition- এর দ্বারাই সত্য অনুসন্ধান সম্ভব ।

পালরাজত্বের অবসান ঘটে দ্বাদশ শতাব্দীতে। শুরু হয় সেনদের রাজত্ব। সেনরা দাক্ষিণাত্য থেকে এসেছিল। তারা প্রথমে পালরাজাদের অধীনেই চাকরি করতো। পরে ক্ষমতা দখল করে রাজা হয়ে যায়। সেন রাজারা ছিল ব্রাহ্মণ্যবাদী। তারা চারিদিকে ব্রাহ্মণ্যধর্ম, প্রধানত শৈব্য ধর্ম প্রচার করার উদ্যোগ নিলেন। সেই সঙ্গে সংস্কৃত ভাষা ও সাহিত্যকেও এরা উৎসাহ দিতেন। এই সময়েই বাংলার ব্রাহ্মণ্য জীবন সর্বভারতীয় শ্রুতি ও স্মৃতির বন্ধনে ধরা পড়ে। এই সেন-দের রাজত্বে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব দুর্বল হতে থাকে এবং হিন্দু ধর্মের প্রভাব শক্তিশালী হতে থাকে। সেটা ঘটে রাজাদের সরাসরি পৃষ্ঠপোষকতাতেই।

সেন রাজত্ব

সেনরাজাদের সংক্ষিপ্ত আমলের শেষের দিকে বৈষ্ণব ধর্মের উত্থানও দেখা যায়। রাধা-কৃষ্ণের প্রেম কাহিনীকেন্দ্রিক বৈষ্ণব ধর্মের জনপ্রিয়তা বাড়তে থাকে। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে লক্ষণসেনের সময়ে তাঁর সভাকবি হয়েছিলেন বাংলার প্রথম বৈষ্ণব কবি জয়দেব। এই সময়েই বৈষ্ণব সাহিত্যের জোয়ার দেখা দেয়। চতুর্দশ শতাব্দীতে আরো দুজন বিখ্যাত কবি, বাংলায় চন্ডীদাস এবং মৈথিলী ভাষায় বিদ্যাপতি রাধা-কৃষ্ণের প্রেমকে অবলম্বন করে পদ লেখেন। এই সময়ে দেখা গেল বাংলার মানুষের কাছে বৌদ্ধ সহজিয়াদের প্রভাব কমে আসতে লাগলো এবং একধরনের বৈষ্ণব সহজিয়া ধর্মের প্রভাব বৃদ্ধি পেতে দেখা যেতে লাগল।

কিন্তু ত্রয়োদশ শতাব্দীর প্রথমেই (১২০৪) বক্তিয়ার খিলজির কাছে লক্ষণ সেনের পরাজয়ের মধ্যে দিয়ে বঙ্গ দেশে মুসলিম শাসনের শুরু হয়। তখন অবধি ইসলাম ধর্ম বাংলায় প্রায় অপরিচিত ছিল। শাসকের ধর্ম হওয়ার ফলে বাংলায় এই প্রথম মুসলমান ধর্ম বিস্তার লাভ করতে লাগলো। বৌদ্ধ বিহারগুলি আক্রান্ত হল। বৌদ্ধরা সেন রাজাদের আমলের কিছুটা অসুবিধার মধ্যে পড়ে বাংলা থেকে সরে যেতে শুরু করেছিল। মুসলমানদের অত্যাচারে তারা পূর্ব বঙ্গে এবং নেপালে পালিয়ে গেল । হিন্দুদের মধ্যে ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে মুসলমান হয়ে যাবার প্রবণতা দেখা দিল। সেটা কিছুটা শাসকের তরবারির ভয়ে তো হয়েই ছিল। কিন্তু আরো একটি কারণ ছিল নিম্ন শ্রেণির হিন্দুরা অমানবিক জাতিভেদ প্রথার নির্যাতনে এতটাই বিপন্ন ছিল যে তারা জাতিভেদহীন মুসলমান ধর্মকে সেই সময়ে কিছুটা নিরাপদ আশ্রয় বলে মনে করল। মুসলমান ধর্ম প্রচারকরা এই দুয়ের সুযোগ নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ধর্ম প্রচার করতে লাগল।

কিন্তু মুসলমান ধর্ম প্রচারের একটা বাধা ছিল ভাষা। সুলতানরা যে ধর্ম নিয়ে এসেছিল তার সব ধর্ম পুস্তকই ছিল আরবি, ফারসিতে লেখা, যা বাঙালিদের বোধগম্য ছিল না।

তাই সুফীবাদী এবং পীরবাদী মুসলমান ধর্মই মুখে মুখে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল । ধর্মের গভীরতায় না গিয়ে গ্রামের সাধারণ লোকেরা অদেখা মূর্তিহীন ঈশ্বরের চেয়ে সামনে দেখা পীরদের গ্রামের লোকেরা ভক্তি শ্রদ্ধা করতে লাগল।
এই সময় বিদেশ থেকে আসা ইসলাম ধর্মের সঙ্গে প্রচলিত স্থানীয় আচার অনুষ্ঠানের নীরবে এক ধরনের আদান-প্রদান চলতে থাকল। ইতিমধ্যে হিন্দু ধর্মেও অনেক রকমের বিবর্তন ঘটেছে, নানা রকমের মতবাদ প্রচলিত হওয়ার পরে।
মূলত কোরান হাদিসের ইসলাম ধর্মের সঙ্গে স্থানীয় ঐতিহ্যের ও আচার অনুষ্ঠানের মধ্যে যে ক্রিয়া-প্রতিক্রিয়া হতে থাকল, তার ফলে ইসলাম ধর্মে কিছুটা বিবর্তন ঘটল। সেই সময়ে কিছু কিছু ক্ষেত্রে পীর দেবতা হয়ে গেল এবং দেবতা পীর হয়ে গেল। সেই রকম একটি উদাহরণ হল সত্যপীর। তৎকালীন এক কবি কৃষ্ণ হরি দাসের রচনায় ছিল –
“হিন্দুর দেবতা আমি মুসলমানের পির
দুই কুলে সেবা লই হইয়া জাহির ।”

অর্থাৎ মুসলমানেরা যাকে সত্যপীর বলেছে হিন্দুরা তাকেই সত্যনারায়ণ নাম দিয়েছে । এ ছাড়া মানিক পীর, কালি গাজীরাও হিন্দু ও মুসলমান দুই ধর্মের মানুষের কাছেই গ্রহনীয় হয়ে উঠল ।

নানা রকমের ধর্মীয় মতবাদের অভিঘাতে ষোড়শ শতাব্দীতে বাংলায় নানা রকমের আদর্শ-বিকৃতি দেখা যেতে লাগলো । একদিকে সহজিয়া এবং তান্ত্রিকতার নিয়ন্ত্রণহীন বাড়াবাড়ির ফলে বৌদ্ধ মহাযানের আদর্শের মধ্যে নানা রকমের অবনতি দেখা দিল । অন্যদিকে হিন্দু স্মৃতিকারদের অসংবেদশীল কড়াকড়ির ফলে হিন্দুদের ধর্মান্তরিত হবার প্রবণতা বেড়ে গেল । হিন্দু পন্ডিতেরা বিভ্রান্ত, বিপর্যস্ত সাধারণ মানুষদের সমবেদনা দিয়ে বোঝবার বদলে তাদের আরো বেশি ধর্মের অনুশাসনে বেঁধে ফেলবার চেষ্টা করতে লাগলেন ।

ঠিক এই রকম একটা সময়ে ইতিহাসের যুগসন্ধিক্ষণে, উদারপন্থা এবং মানবতার বার্তা নিয়ে, ভালোবাসা এবং ভাবাবেগের পথ নির্ভর করে বাংলায় এসে পড়লেন শ্রীচৈতন্য ।

শিল্পীর কল্পনায় চৈতন্যদেব্র ভক্তি আন্দোলন

তখন বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তিনি বৈষ্ণব ধর্মের প্রতি কিছুটা নরম মনোভাব পোষণ করতেন। তাই চৈতন্যদের ভক্তি আন্দোলন শুরুর দিকে শাসকের দিক থেকে তেমন কোনো বাধা আসে নি। হিন্দুসমাজ যখন একদিকে উচ্চ বর্ণের মানুষদের জাতিভেদ প্রথার নামে নিম্নজাতিদের উপরে অত্যাচারে বিপন্ন বোধ করছে, অন্য দিকে সাধারণ মানুষ সনাতন ধর্মীদের ধর্মকে সংস্কৃত ভাষার দুর্গে আবদ্ধ করে রাখার ফলে ধর্ম থেকে আগ্রহ হারিয়ে ফেলছে, এই রকম একটা সময়ে চৈতন্যদেব প্রচার করলেন ধর্ম আচরণ করার জন্য কোনো সংস্কৃত মন্ত্র তন্ত্র আওড়াবার দরকার নেই। শুধু হরিনাম সংকীর্তন আর জীবে প্রেম করলেই হবে। চৈতন্যদেব যে ধর্ম প্রচার করলেন তাতে বলা হল মানুষ প্রেম ও ভক্তিমূলক নৃত্যগীতের মাধ্যমে সাধারণ মানুষ এমন এক আনন্দময় স্তরে পৌঁছাতে পারে যাতে করে তারা ঈশ্বর দর্শনের অনুভূতি লাভ করতে পারে। এতেই এক আশ্চর্য উন্মাদনা দেখা দিল। ভক্তির নেশা ও আবেগে বঙ্গ সমাজ একাকার হয়ে গেল। বর্ণাশ্রমের প্রাচীর ভেঙ্গে পড়ল। ব্রাহ্মণদের আধিপত্যবাদ টলে গেল। রক্ষণশীলতার গোড়া নড়বড়ে হয়ে গেল। স্বাভাবিক ভাবেই ব্রাহ্মণরা চরম বিরোধিতায় নেমে পড়ল। কিন্তু এই ধর্ম আন্দোলন থামিয়ে রাখা গেল না ।

শ্রীচৈতন্যদেব অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথার, হিংসা, দ্বেষ, সংকীর্ণতা থেকে বাঙালি জাতিকে মুক্ত করে এক উন্নত সংস্কৃতির ও মার্জিত জনরুচির প্রবর্তন করলেন। বলা যেতে পারে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির নবজাগরণ ঘটল। বাঙালির চিন্তাকে তিনিই প্রথম আধুনিকতার দিকে প্রবাহিত করলেন ।
কিন্তু চৈতন্যদেব খুব অল্প বয়সে রহস্যজনক ভাবে প্রয়াত হন । তার মৃত্যুর পরে তাঁর গোস্বামীরা তাঁর দ্বারা দেখানো পথ অনুসরণ না করে বরং উল্টোদিকেই হাঁটলেন । বৃন্দাবনে গিয়ে তাঁরা চৈতন্যদেবের ধর্ম সংস্কারের দর্শন নাকচ করে দিয়ে আবার ব্রাহ্মণ্যধর্মের অধীনে চলে যেতে লাগলেন । আবার সংস্কৃত মন্ত্র তন্ত্র ফিরিয়ে আনলেন । বর্ণাশ্রম, জাতিভেদ প্রথা, কৌলীন্য প্রথা আবার ফিরে এলো। বৈষ্ণব সাহিত্যের ভাষা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য করে তোলা হল। এতে চৈতন্যদেব প্রবর্তিত বৈষ্ণব আন্দোলন অভিমুখভ্রষ্ট হল এবং ক্রমশ তার প্রাণশক্তি হারিয়ে ফেলল ।

এদিকে ১৭৪০ থেকে ১৭৭০ এই ত্রিশ বছর সময়ের মধ্যে বঙ্গে কয়েকটি এমন ঘটনা ঘটলো যা বাঙালির জীবনযাত্রাকে প্রবল ভাবে নাড়িয়ে দিল । সেগুলি হল বর্গী হামলা, পলাশীর যুদ্ধ, ইংরেজদের দেওয়ানী লাভ এবং ৭৬-এর মন্বন্তর। এই সব ঘটনাই বাঙালি সমাজকে নানা ভাবে সংকটের মধ্যে ফেলে দিল। এই সংকটকালে বাঙালির কাছে অন্নদাত্রী, অভয়দাত্রী, শক্তিরূপিণী মাতৃরূপের আবেদন নতুন করে জনপ্রিয় হয়ে উঠল। এই রকম একটা সময়ে রামপ্রসাদ সেন মা কালীকে ঘরের মেয়ে কল্পনা করে সহজ বাংলা ভাষায় গান লিখলেন। এই গান মানুষ অন্তর থেকে গ্রহণ করল। ক্রমশ শাক্ত-বৈষ্ণব মতের বিরোধ থাকা সত্ত্বেও দেবী কালীই বাংলার প্রধান আরাধ্যা দেবী হয়ে উঠলেন।

অন্যদিকে ষোলো শতকের শেষের দিক থেকেই বঙ্গে আবার রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল । সুলতানদের আমল প্রায় শেষের দিকে, আবার মোগল আমল সবে শুরু হয়েছে, এমন একটা সময়ে দেশে পর্তুগীজরা এলো ব্যবসা করতে । সেই সঙ্গে এলো যীশুর বাণী নিয়ে খৃষ্টান ধর্মপ্রচারকেরা। ঠিক যেমন ভাবে মুসলমান ধর্ম প্রচারকেরা এ দেশে ইসলাম ধর্ম প্রচারের সুযোগ পেয়েছিল, খৃষ্টান মিশনারীরাও সেই সুযোগই নিল। নিম্ন বর্গের লোকেদের মধ্যে প্রচুর ধর্মান্তকরণ চলতে লাগল।

অষ্টাদশ শতকটা এই ভাবেই চলল। অষ্টাদশ শতকের শেষের দিকে, যখন মোগল সাম্রাজ্য ভেঙে পড়ছে এবং ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় নি, এই সময়টাতে দেশে এক ধরনের অরাজকতা দেখা দিল। সাধারণ মানুষের দারিদ্র‍্য, জমিদারদের অত্যাচার, মূল্যবোধের ভাঙন, এই সব সামাজিক অবস্থায় নানা রকমের ধর্মীয় বিকৃতি দেখা গেল। ধর্মের নাম করে নানা রকমের ব্যাভিচার, ভ্রষ্টাচার দেখা যেতে লাগল। ইংরেজরা ক্ষমতার অধিকারী হওয়ার পর দেখা গেল কিছু বাঙালি তাদের অনুগ্রহ লাভ করার প্রবল চেষ্টা করতে লাগল এবং তাদের ছত্রচ্ছায়ায় এসে নানা রকমের দালালি জাতীয় কাজ করে রাতারাতি অনেকেই বড়লোক হয়ে উঠল। এরা নানা রকম পূজা আচ্চার নাম করে বেহিসাবী পয়সা ওড়াতে লাগল। এর ফলস্বরূপ হিন্দু ধর্মের মধ্যে নানা রকমের বিকৃতি দেখা দিল। চড়ক, দুর্গাপূজা, রাসযাত্রা, এই সব উৎসবে নানা রকমের অশ্লীল নাচ গান শুরু হল । এর সঙ্গে ছিল অমানবিক সতীদাহ প্রথাকে ধর্মের অঙ্গ মনে করে তামাসা দেখতে যাওয়া, শাক্তদের বীভৎস বামাচার, কবিগানের দল, খেউড়ের দল এই সব করে রাধা কৃষ্ণের নাম করে অশ্লীলতা, এসব অবাধে চলতে থাকল। এর সঙ্গে ছিল কৌলীন্য প্রথার সর্বনাশা প্রকাশ, বহুবিবাহ, বাল্যবিবাহ, সতীদাহপ্রথার রমরমা।

রাজা রাম মোহন রায়

উনিশ শতকের শুরুর দিকে রামমোহন রায় কলকাতায় এসে থাকতে আরম্ভ করলেন। তিনি এবং তাঁর অনুগামীরা প্রচলিত হিন্দুধর্ম সম্পর্কে বীতস্পৃহ হয়ে এই ধর্মের আমূল সংস্কার চাইলেন। তিনি প্রমাণ করার চেষ্টা করলেন বেদান্ত-প্রতিপাদ্য হিন্দু ধর্মই প্রকৃত হিন্দু ধর্মের রূপ। তিনি পৌত্তলিকতাকে সরাসরি আক্রমণ করে বললেন – ‘এক ব্রহ্ম বিনা অপরের উপাসনা করিবেক না।‘ তাঁর একেশ্বরবাদ হিন্দু ধর্মের অনেক পন্ডিতই অস্বীকার করলেন। রামমোহন যখন সতীদাহ রোধের আন্দোলন শুরু করলেন, তখন এই পন্ডিতরা তাঁর বিরোধিতা করতে লাগলেন। রামমোহন একেশ্বরবাদ নিয়ে তাঁর যুক্তি এবং মতামত বিশ্লেষণ করে বই লিখলেন। এবং সেই বই নিজের খরচে ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করতে লাগলেন। এতে রক্ষণশীল হিন্দু সমাজ তাঁর বিরুদ্ধে এতটাই ক্ষিপ্ত হল যে তাঁর প্রাণনাশেরও চেষ্টা করা হল। তবুও রামমোহনের অনুগামীর সংখ্যা বাড়তে লাগল।

১৮১৫ সালে রামমোহন ‘আত্মীয় সভা’ নামের একটি সভা স্থাপন করলেন । এই সভার মূল উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে পৌত্তলিকতাবিরোধী একেশ্বরবাদ প্রচলন করা। কিছুদিন পরে ‘ব্রাহ্মসমাজ’ নামের একটি গোষ্ঠী তৈরি হল রামামোহনের নেতৃত্বে। ১৮২৮ সালে ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা হয় । তাদের নিজস্ব উপাসনা গৃহ তৈরি হল চিৎপুরে। প্রতি শনি ও বুধবারে সেখানে উপাসনা হত। ১৮২৯ সালে রামমোহন রায়ের উদ্যোগে সতী নিষেধক আইন জারী হয়। রামমোহনের বিরুদ্ধবাদীরা ১৮৩০ সালে ‘ধর্মসভা’ স্থাপন করেন।

কিন্তু ১৮৩০ সালে রামমোহন বিদেশে যাওয়ার পর এই সমাজের কার্যকলাপে রক্ষণশীল হিন্দু সমাজের কাছ থেকে বাধা আসতে লাগল। ব্রাহ্মসমাজের উৎসাহ স্তিমিত হয়ে আসতে লাগল।
অন্যদিকে ১৮২৬ সালে হেনরি লুই ডিরোজিও নামের এক তরুণ হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হলেন । তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে মহাপন্ডিত ছিলেন। এই যুবক তার ক্ষুরধার বুদ্ধিতে, অসাধারণ বাগ্মিতায় তাঁর ছাত্রদের উপর প্রবল ভাবে প্রভাব বিস্তার করলেন। তাঁর নেতৃত্বে তাঁর ছাত্রশিষ্যরা হিন্দু ধর্মের কুসংস্কারের উপর জেহাদ ঘোষণা করলেন। রামমোহনের অনুগামীরা নিজেদের হিন্দুই বলতেন তারা চাইতেন হিন্দু ধর্মের ভিতরে থেকেই হিন্দু ধর্মের সংস্কার করতে। ডিরোজিওর নেতৃত্বে ইয়ংবেঙ্গল দল চেয়ে ছিল হিন্দু ধর্মের রীতিনীতি সম্পূর্ণ বর্জন করতে । একই সঙ্গে তারা খৃষ্টান ধর্মেরও সমালোচক ছিলেন ।
কিন্তু ডিরোজিওর শিষ্যরা সমাজে আলোড়ন তুলতে সমর্থ হলেও দেখা গেল খৃষ্টান মিশনারী, রামমোহনপন্থী সংস্কারক এবং রক্ষণশীল ধর্মসমাজ, এরা সকলেই তাঁদের প্রতি বিরূপ হয়ে গেল। হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে কলেজ থেকে বহিষ্কার করল । এই বহিষ্কারের আট মাস পরেই ডিরোজিওর অকালমৃত্যু হয়। ইয়ংবেঙ্গলদের আন্দোলনের এখানেই সমাপ্তি ঘটে।

১৮৩০ সালে হিন্দুদের যে ‘ধর্মসভা’ স্থাপিত হয় তা ক্রমশ কলকাতার ধনী ব্যাক্তিদের পৃষ্ঠপোষকতা লাভ করতে লাগল। ‘ধর্মসভা’ এবং ‘ব্রহ্মসভা’ এই দুই পক্ষের মধ্যে মাঝে মাঝেই নানা বিষয়ে বিরোধ বাঁধতে লাগল । এই সুযোগে খৃষ্টান মিশনারীরা প্রবল উৎসাহে ধর্মপ্রচার শুরু করে দিল । হিন্দুদের খৃষ্টান হওয়ার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো ।
সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বর গুপ্ত খৃষ্টান হওয়ার হুজুগের বিরুদ্ধে হিন্দুদের সচেতন করতে উদ্যোগী হলেন। ধর্মসভা এবং ব্রহ্মসভার মধ্যে কিছুটা ঐক্য হল । তারা একত্রে খৃষ্টান বিরোধিতায় নামল ।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৯ সালে ‘তত্ত্ববোধিনী সভা‘ নামের একটি ধর্মকেন্দ্রিক সভা গঠন করলেন।
যে ব্রাহ্মধর্মকে বাঙালি প্রায় ভুলতেই বসেছিল, সেই ব্রাহ্মধর্ম এই তত্ত্ববোধিনী সভার মাধ্যমে আবার উজ্জীবিত হল । ১৭৬৫ শকের ৭ই পৌষ দেবেন্দ্রনাথ ২১ জন সদস্য সহ ব্রাহ্মধর্মে দীক্ষিত হলেন । একটি নতুন ধর্মের সূচনা হল । ব্রাহ্মধর্ম ক্রমশ জনপ্রিয় হল বটে কিন্তু এই ধর্ম মূলত সমাজের অভিজাত শ্রেণির মধ্যে গ্রহণীয় হয়ে উঠল। নিম্ন শ্রেণির লোকেদের কাছে জনপ্রিয়তা পেলো না । কিন্তু এই ধর্মের মধ্যে যে একটা সর্ব সমন্বয় এবং বিশ্বজনীন মানবতাবাদের উদ্দেশ্য ছিল তা বাঙালি জাতিকে অনেকটাই বুদ্ধির আলোকে উদ্দীপ্ত করল, যা থেকে বঙ্গদেশে রেনেসাঁর অনুকূল একটা পরিবেশ তৈরি হল।
তবে যারা যারা ব্রাহ্মধর্মে দীক্ষিত হলেন তাদের মধ্যেই নয়, শিক্ষিত বঙ্গ সমাজের হিন্দুদের মধ্যেও হিন্দু ধর্ম নিয়ে নতুন ভাবনা চিন্তার জন্ম হল ।

এই সময় অনেক চিন্তাবিদ বাঙালি হিন্দু ধর্মের পুনর্জাগরণের প্রয়োজন অনুভব করলেন। তার কারণ আগেই বলা হয়েছে, একদিকে ছিল খৃষ্টান মিশনারীদের দ্বারা হিন্দু সন্তানদের নানা ভাবে ধর্মান্তরের চেষ্টা করা, এবং অন্য দিকে দ্রুত ব্রাহ্মধর্মের বিস্তার লাভ করা। তাঁরা মনে করলেন হিন্দুধর্মের মাহাত্ম্যের পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন আছে। বেশ কয়েকজন এই উদ্যোগ নিলেন।

কেশব চন্দ্র সেন

দেবেন্দ্রনাথ যেহেতু নিজেকে হিন্দুই বলতেন এবং বিধবা বিবাহ বা অসবর্ণ বিবাহতে সমর্থন দেন নি , তাই সংরক্ষণবাদী হিন্দুরা তাঁর বিশেষ বিরোধিতা করতেন না, বরং তাঁকে শ্রদ্ধার চোখেই দেখতেন। কিন্তু ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন সম্বন্ধে তাঁদের ভিন্নমত ছিল। তাঁরা মনে করতেন, কেশবচন্দ্রের কিছুটা খৃষ্ট ধর্মের প্রতি পক্ষপাত আছে এবং কেশবচন্দ্র প্রকাশ্যেই বলতেন ব্রাহ্মরা হিন্দু নয়। তাই হিন্দু জাগরণের সমর্থনকারীরা কেশব সেনের বিরোধী ছিলেন।

ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে দেখা গেল ব্রাহ্মধর্মের উত্থানের গতি শ্লথ হয়ে যাচ্ছে এবং হিন্দু ধর্মের পুনরুত্থানের প্রবণতা দেখা দিচ্ছে। কেশব সেন যখন বললেন ‘আমরা হিন্দু নই’, তখন এমন কি আদি ব্রাহ্মসমাজের তরফ থেকেই এই বক্তব্যের প্রতিবাদ উঠতে লাগল। আদি এবং নব্য ব্রাহ্মসমাজের মধ্যে বিরোধ বেধে গেল। অন্যদিকে কিছু ধনী হিন্দু এবং বিশিষ্ট ব্যক্তিরা ‘ধর্মরক্ষিনী সভা’ নামের একটি সংগঠনের মাধ্যমে হিন্দু পুনরুত্থানের ডাক দিলেন ।

আবার এই সময়ের জাতীয়তাবাদী স্বদেশী আন্দোলনের সূচনা হল। হিন্দু জাগরণ এবং জাতীয়তাবাদ কোথাও গিয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠল। আনন্দ মোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ গাঙ্গুলির নেতৃত্বে ‘ভারতসভা’ গঠিত হল। রাজনারায়ন বসু হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার উদ্দেশে নানা জায়গায় বক্তৃতা দিতে লাগলেন। কৃষ্ণ প্রসন্ন সেন, শশধর তর্কচুড়ামণির হিন্দু ধর্মের ব্যাখ্যা এবং নব্য হিন্দু ধর্মের প্রচার হিন্দু পুনরুত্থান আন্দোলনকে গতি প্রদান করল ।

তবে এই হিন্দু পুনরুত্থানের সমর্থনকারীদের মধ্যেও প্রচুর মতভেদ ছিল। চন্দ্রনাথ বসু,অক্ষয় চন্দ্র সরকার, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায় মনে করতেন প্রাচীন ব্রাহ্মণ্য গৌরব পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই ভারতের উন্নতি হবে। কৃষ্ণ প্রসন্ন সেন হিন্দুধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করবার জন্য উগ্র এবং অমার্জিত খৃষ্টান বিরোধিতার পথ নিলেন। শশধর তর্করত্ন চুড়ামনি হিন্দুধর্মের কুসংস্কারগুলিরও অন্ধভাবে বৈজ্ঞানিক অপব্যাখ্যা দিঁতে লাগলেন ।

ভূদেব মুখোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র দেশাচার এবং লোকাচারকে তেমন গুরুত্ব দিলেন না। তিনি পাশ্চাত্য দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে বললেন ঈশ্বরপ্রীতির পরেই দেশপ্রীতির স্থান। তিনি মনে করতেন আত্মরক্ষা, বংশরক্ষা, এবং স্বজন রক্ষাই মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্ম। তাঁর কৃষ্ণচরিত্র গ্রন্থে তিনি কৃষ্ণকে ঐতিহাসিক চরিত্রে রূপদান করেছিলেন, যেটা এর আগে কেউ করে নি।
ভূদেব মুখোপাধ্যায় আবার দেশাচার এবং লোকাচারকে অলঙ্ঘ্যনীয় মনে করলেন।
বিপিন চন্দ্র পাল ব্যাক্তির চেয়ে সমষ্টিকে বেশি মূল্য দেওয়ার কথা বললেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্যাক্তির ব্যক্তিত্বের উন্নতি করাতে জোর দিলেন। তাঁর মত ছিল স্বধর্মের সবই শ্রেয় এবং পরধর্মের সবই পরিত্যাজ্য।
নবীন চন্দ্র সেন প্রাচীন ভারতের আদর্শকে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যতটা সম্ভব ফিরিয়ে আনার জন্যে প্রয়াস নেওয়ার পক্ষপাতী ছিলেন।
তবে সব চিন্তাবিদরাই জোর দিলেন হিন্দুরাষ্ট্র বা হিন্দু রাজ প্রতিষ্ঠা করার উপরে। এটা করতে গিয়ে তাঁরা ভুলে গেলেন ভারত একটি বিশাল বৈচিত্র্যপূর্ণ বহু ধর্মের দেশ । অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা সবার থাকা প্রয়োজন। এতে অন্য ধর্মের, বিশেষ করে মুসলমান সমাজের মনে একধরণের শঙ্কা তৈরি হল ।

শ্রী রামকৃষ্ণ পরমহংস

এই সময়ে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হিন্দু ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সহজ ধর্মব্যখ্যা সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্মের প্রতি নতুন করে আগ্রহ দেখা দিল। তিনি কোনো যুক্তিবাদী ধর্মব্যাখ্যায় গেলেন না। তিনি সাধারণ মানুষের জীবনযাপনের উপাদান থেকে উপমা দিয়ে অনেক গভীর তত্ত্ব সহজ করে আটপৌরে ভাষায় মানুষের কাছে উপস্থাপিত করলেন। সেই সঙ্গে তাঁর নিজের জীবনচর্যায় যে ভক্তিস্নাত আত্মনিবেদনের ভাব ফুটে উঠত, তা সেই সময়ের সর্বস্তরের মানুষের মনে তা গভীর ভাবে রেখাপাত করল।
তিনি গীতার কর্ম, জ্ঞান ও ভক্তির মতো বিভিন্ন মার্গ বা পথকে যিনি আশ্চর্য দক্ষতায় মেলবন্ধন ঘটাতে পেরেছিলেন। তিনি ছিলেন গৃহী, কিন্তু গৃহস্থ নন, সাধক কিন্তু তন্ত্রবাদী নন, সাকারবাদী কিন্তু নিরাকারবিরোধী নন। বেদ-বেদান্ত মানেন, কিন্তু আচার নিয়ে বাড়াবাড়ি করেন না।
এই জন্যেই সমস্ত বিরুদ্ধ ভাবধারার মধ্যে একটা সমন্বয় আনতে পেরেছিলেন।
ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণাণের মতে – He had helped to raise from the dust the fallen standard of Hinduism, not in words merely, but in works also.

সাধারণ মানুষের মধ্যে শ্রীরামকৃষ্ণের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে লাগল। যে সব অতি শিক্ষিত বাঙালি চিন্তাবিদরা হিন্দু শাস্ত্রের নানা ব্যাখ্যা প্রচার করে হিন্দু জাগরণের পালে বাতাস লাগাতে ব্যর্থ হয়েছিলেন তাঁরা অবাক হয়ে দেখলেন তথাকথিত পান্ডিত্যের ধ্বজাধারী না হয়েও এক গ্রাম্য পুরোহিত শ্রীরামকৃষ্ণ একেবারে অন্য পথে গিয়ে সেই জাগরনের জোয়ার আনতে সমর্থ হলেন। সেই সঙ্গে আরো একটি ঐতিহাসিক কাজ করলেন। বিবেকানন্দ নামের এক বিস্ময়কে আবিষ্কার এবং দীক্ষা প্রদান। যিনি সেই মুহুর্তে দেশী বিদেশী নানা রকমের দর্শন এবং ধর্মের বই পড়ে, এবং চারিদিকের অবস্থা দেখে ধর্মের প্রতি আস্থা হারিয়ে ঝুঁকে পড়ছিলেন সংশয়বাদীদের দিকে। শ্রীরামকৃষ্ণ তাঁকে পথ দেখালেন , এবং জন্ম হল এমন এক দ্রষ্টার যিনি সারা বিশ্বের কাছে হিন্দু ধর্মের মাহাত্ম্যকে তুলে ধরতে সমর্থ হবেন একদিন। ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর চিকাগোর পার্লামেন্ট অফ রিলিজিয়ানে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের বাণী এবং হিন্দু ধর্মের মূল তত্ত্ব সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে সফল হলেন।

স্বামী বিবেকানন্দ

কিন্তু বিবেকানন্দ অকালে প্রয়াত হলেন। তাঁর পরে বাঙালির মধ্যে উচ্চস্তরের ধর্মচিন্তার, ধর্মজিজ্ঞাসার , ধর্মবিতর্কের যে পরম্পরা ছিল সেটাই লুপ্ত হয়ে যায় ।

ইতিহাসের দিকে তাকালে দেখা যাচ্ছে এই বঙ্গদেশে মানুষের সাংস্কৃতিক বোধ এবং ধর্মীয় ভাবনার মধ্যে একধরনের আত্মীকরণের শক্তি আছে। প্রাচীনকাল থেকে এখানে নানা ধর্মের প্রচার হয়েছে। এমন কি রাজশক্তি নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে কোনো একটি বিশেষ ধর্ম বা মতবাদ প্রচার করা্র চেষ্টা করেছে। নানা ধর্মীয় নেতাদের উত্থান হয়েছে, তাদের মত ও পথের অনুগামীরা নূতন গোষ্ঠী তৈরি করেছে। এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে, কিন্তু কোনো বিশেষ পথ ও মত উদগ্র স্বাতন্ত্র্য নিয়ে বেশিদিন টিঁকে থাকেনি ।
একে অপরের সঙ্গে একধরণের নিঃশব্দ দেওয়া-নেওয়া করেছে ।
কোনো ধর্ম তার উগ্রতা নিয়ে প্রকট হয় নি, কোনো রঙ অতি উজ্বল হয়ে উঠে অন্য রঙের প্রভাবকে আড়াল করে দেয় নি। সেই যে পালরাজাদের সময়ে যে বৌদ্ধধর্মের প্রভাব বৃদ্ধি পেয়েছিল, বা বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল, সেই বৌদ্ধধর্ম বঙ্গসমাজ তার নিজের আগ্রহে হিন্দু ধর্মের সঙ্গে অনেকটা মিলিয়ে মিশিয়ে নিয়েছিল। হিন্দুধর্মের সঙ্গে প্রচ্ছন্ন বৌদ্ধধর্ম এবং বৌদ্ধধর্মের সঙ্গে প্রচ্ছন্ন হিন্দু ধর্মের কোথাও একটা সন্ধি হয়ে গিয়েছিল। জনগণ বুদ্ধদেবকে কখনো শিবঠাকুরের পিছনে দাঁড় করিয়ে দিয়েছে, কখনো বা তার উল্টোটাও করেছে । আদিবাসীদের লৌকিক দেবী কখনো ব্রাহ্মণ্য ধর্মের দেবতার সঙ্গে পাশাপাশি অবস্থান করছে। সনাতনী মন্ত্রে সঙ্গে মিশে গেছে লোকায়ত ছড়া।

বাঙালি সমাজে বরাবরই একটা ধর্মবিশ্বাসের বহুমুখিতা ছিল। ধর্মীয় আধিপত্যবাদ খুব উগ্রভাবে কখনোই মাথাচাড়া দেয় নি। বা দিলেও খুব বেশীদিন তা টিঁকে থাকে নি । বঙ্গসমাজের সামাজিক গতিশীলতা কখনও কখনও স্তিমিত হলেও তা রুদ্ধ হয়ে যায় নি। জাতি-ব্যবস্থার মধ্যে অসাম্য থাকা সত্বেও কোথাও একটা এমন নমনীয়তা ছিল যে সমাজের মূল গঠনটি ভেঙে পড়েনি । ভৌগলিক ভাবে নদীমাতৃক দেশ, নান্দনিকভাবে পয়ার ছন্দের দেশ ছিল বঙ্গদেশ।
বাঙালির মতো করে দেবতার সঙ্গে এমন মানবিক আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার প্রবণতা আর কোনো জাতির মধ্যে দেখা যায় নি। চৈতন্যদেব থেকে রামপ্রসাদ, রামপ্রসাদ থেকে শ্রীরামকৃষ্ণ। রবীন্দ্রনাথের একটি কবিতার কয়েকটি পংক্তিতে যেন তারই নির্যাসটুকু ধরা পড়ে –
“…দেবতারে যাহা দিতে পারি, দিই তাই
প্রিয়জনে– প্রিয়জনে যাহা দিতে পাই,
তাই দিই দেবতারে; আর পাব কোথা!
দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা।…”

আর্যপূর্ব সময়ের গ্রামে যে সব আদিম দেব দেবীর পূজা হত, ব্রাহ্মণ্য ধর্ম সেই সব দেবদেবীদের ব্রাত্য বলে ঘোষণা করেছিল, মনুর বিধানে যারা পতিত বলে গণ্য হয়েছিল তারা কিন্তু এমন ভাবে আমাদের সংস্কৃতিতে ঢুকে পড়েছিল যে এক সময় ব্রাহ্মণ্য ধর্ম তাদের স্বীকৃতি দিতে বাধ্য হয় ।
বাঙালির ধর্মাচরণে যে সব বারো মাসে তেরো পার্বণ, তাকে ঘিরে যত ব্রতকথা, ছড়া, পাঁচালি জড়িয়ে আছে, আমাদের তুলসীতলায় পিদিম দেওয়া, ধান দুর্বার আশীর্বাদ নেওয়া, মঙ্গল ঘটে চিত্র বিচিত্র করা, আলপনা দেওয়া, নবপত্রিকা সাজানো, কলা-বৌ পূজা করা, আলতা সিঁদুর পরা, এই সব প্রথাগুলি আসলে এসেছে সেই আদিবাসী সংস্কৃতি থেকেই ।

বাঙালির মনে বার বার ধর্মজিজ্ঞাসা জেগেছে ,নানা শাস্ত্র সে খুঁটিয়ে পড়েছে, মন্থন করেছে,ব্যাখ্যা করেছে, তর্ক করেছে, পুরোনো পথ ছেড়ে নতুন পথের সন্ধান করেছে । জগৎসভায় হিন্দু ধর্মকে মহিমান্বিত করার চেষ্টা করেছে। কিন্তু অবশেষে বাঙালির হিন্দুত্ব তার উদার ছন্দ হারায় নি। কীর্তনে , বাউলে, পাঁচালিতে, মুর্শিদিতে, ভাটিয়ালিতে বাঙালির যে আধ্যাত্মিক বোধ বয়ে চলেছে যুগ যুগ ধরে সেটাকে বাদ দিয়ে বাঙালিকে অন্য কোনো ধর্মধারণার নিগড় পরানো যাবে না । ঐতিহাসিকভাবে তা প্রমাণিত।
একটি আলোচনা প্রসঙ্গে ব্রজেন্দ্রনাথ শীলকে রবীন্দ্রনাথ যা বলেছিলেন, সেই উক্তিটির মধ্যে যেন বাঙালির ধর্মাচরণের সারাংশ ধরা পড়ে। সেটির উল্লেখ করেই এই নিবন্ধ শেষ করা যাক –

“নদীর পলিমাটিতে তৈরি এই বাংলাদেশ। এখানের ভূমি উর্বর। বীজমাত্রই এখানে সজীব সফল হয়ে ওঠে । তাই এখানে প্রাণধর্মের বিশেষ দাবী আছে। পলিমাটির দেশ বলে এখানকার ভূমি কঠিন নয়। তাই পুরাতন মন্দির, প্রাসাদ প্রভৃতির গুরুভার এখানে সয় না। এই সব গুরুভার এখানে ধীরে ধীরে তলিয়ে যায় । বাংলাদেশে তাই তীর্থ প্রভৃতি বেশি নেই। পুরাতনের ঐশ্বর্য তার খুবই কম … পুরাতনের মৃত পাষাণভার এখানে না সইলেও জীবনের দাবি দাওয়া এখানে পুরোপুরি সফল হবে … প্রাণের নামে, মানবতার নামে দাবি করলে এখানে সাড়া মিলবে। জীবন্তক্ষেত্রে জীবনের দাবিই চলে। কিন্তু তাই বলে এই দেশের সাধনাকে পুরাকালের পাথরের জগদ্দল চাপে কঠিন ও ভারগ্রস্ত করে রাখলে তো চলবে না। মন্দিরের পাষাণভারে বাংলাদেশের উর্বর বিস্তারটিকে ঢেকে ফেলে জীবনের সেই দায়িত্বকে এড়াতে চাইলে আমরা হব ধর্মভ্রষ্ট ।”


গ্রন্থঋণঃ


ইয়োরোপ পুনদর্শন – তপন রায়চৌধুরী
পশ্চিমবঙ্গের মন্দির – শম্ভু ভট্টাচার্য
বাংলা ও বাঙালি – অতুল সুর
বাঙালির ধর্মচিন্তা – সংকলন ও সম্পাদনা – মোহম্মদ আব্দুল হাই
বাঙালীর ইতিহাস – সুভাষ মুখোপাধ্যায়
রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গসমাজ – শিবনাথ শাস্ত্রী
হাজার বছরের বাংলা সংস্কৃতি – গোলাম মুরশিদ
উনিশ শতকের সমাজ ও সংস্কৃতি – সম্পাদনাঃ অমিতাভ মুখোপাধ্যায়
পশ্চিমবঙ্গের সংস্কৃতি – বিনয় ঘোষ
ব্রাহ্মসমাজের সংক্ষিপ্ত ইতিহাস – বারিদবরণ ঘোষ
বাংলার নবচেতনার ইতিহাস – স্বপন বসু
উনিশশতকের নব্য-হিন্দু আন্দোলনের কয়েকজন নায়ক – সুনীতিরঞ্জন রায়চৌধুরী
বাংলাসাহিত্যের পটভূমিতে কয়েকটি ধর্মসাধনা – শশিভূষণ দাশগুপ্ত
বাঙালির মনন ঃ সম্প্রীতি ও সাম্প্রদায়িকতা – অমিতাভ চক্রবর্তী
বাংলার ভক্তি আন্দোলনে পরিবর্তনের ধারা – হিতেশরঞ্জন সান্যাল
বাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.

0
Would love your thoughts, please comment.x
()
x