শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

বাংলার ধর্ম, বাঙালির ধর্ম: একটি গৌরচন্দ্রিকা

Shibanshu Dey

১.
বাঙালির ধর্মচেতনা বিষয়টির দুটি আধেয় রয়েছে। ‘বাঙালি’ এবং ‘ধর্মচেতনা’। প্রথম পরিভাষাটি প্রাকৃত, দ্বিতীয়টি বৌদ্ধিক। আলোচনার মুখপাত করার আগে তাদের তাৎপর্য স্পষ্ট হয়ে যাওয়া দরকার। কারণ ‘বাঙালি’ বিশেষণটির বহু ধরনের পরিপ্রেক্ষিত রয়েছে। বিক্ষিপ্ত মতামতের ধূম্রজাল ছিন্ন করে এগোতে গেলে ধীমান পণ্ডিতদের শরণ নিতে হয়। বাংলা ভাষা তথা বাঙালির আত্ম-পরিচয় প্রসঙ্গে আচার্য সুনীতিকুমারের ব্যাখ্যা অবশ্য জজেও মানবে।

‘…ভারতরাষ্ট্রের ভিতরে যে-সব people বা Language-Culture Group অথবা ভিন্ন ভিন্ন ভাষাবলম্বী জনসমূহ আছে, বাঙ্গালি জন – ‘গৌড়জন’ বলে মধুসূদন তাঁর মেঘনাদবধ কাব্যে যার উল্লেখ করেছেন সেই ‘বাঙ্গালি’ বা ‘গৌড়জন’ একটি অন্যতম প্রধান দল বা শ্রেণি বা জন। …প্রথম ‘বাঙ্গালি জনগণ’ (বা সাধারণ ভাষায় বলতে গেলে বাঙ্গালি ‘জাতি’) বলতে এমন এক শ্রেণির লোককে বুঝি, যার রক্তে নানা জাতির মিশ্রণ হতে পারে, কিন্তু ভাষায় এক – যেহেতু তারা বাঙ্গালা ভাষা বলে। বাঙ্গালির মধ্যে – অর্থাৎ বঙ্গভাষী জনগণের মধ্যে বামুন, কায়েত, বদ্যি আছে, রাজপুত, ছত্রী, বৈশ্য আছে, যাঁরা নিজেদের খাঁটি বা মিশ্র আর্য বলে মনে করে থাকে; আছে নানা অন্য জাতীয় ব্যক্তি যাদের উৎপত্তি হয়েছে দ্রাবিড় বা কোল অর্থাৎ নিষাদ থেকে, মোঙ্গোল অর্থাৎ কিরাত থেকে। ব্রাহ্মণ, চণ্ডাল, বাউরি, পশ্চিমি ছত্রী, চট্টগ্রামের চাকমা, উত্তর বাঙ্গালায় রাজবংশী, পশ্চিম বাঙ্গালায় মাহিষ্য, হিন্দুস্থান থেকে আগত পশ্চিমা মুসলমান, কত বিভিন্ন বর্ণ বা সম্প্রদায়ের মানুষ, যাদের মূল বংশগত উৎপত্তি পৃথক, তারা সকলেই বাঙ্গালি বা বঙ্গভাষী জাতির সামিল হয়ে গিয়েছে। বাঙ্গালা ভাষা নিয়েই বাঙ্গালি জাতি বা জনগণ। যত দিন না বাঙ্গালা ভাষা মিলছে তত দিন বাঙ্গালি জনের বা জাতির পাত্তাই নেই।

‘একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়’ – বিজয়সিংহ বাঙ্গালা দেশ থেকে গিয়ে সিংহল জয় করেছিলেন, সেই বিজয়সিংহকে বাঙ্গালি জাতির মানুষ ভেবে আমরা আজ-কালকার বাঙ্গালিরা গর্ব করি। বিজয়সিংহ হয়তো ‘বঙ্গবাসী’ ছিলেন (এ-সম্বন্ধেও কিন্তু মতভেদ আছে), কিন্তু তাঁকে ‘বাঙ্গালি’ বলতে পারি না, কারণ তিনি ‘বঙ্গভাষী’ ছিলেন না, বাঙ্গালা ভাষার উদ্ভব বিজয়সিংহের সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫০০ বছরের দিকে হয়-ইনি।’

(বাঙ্গালির ইতিবৃত্ত: জাতি গঠনে- সুনীতিকুমার চট্টোপাধ্যায়)

অস্যার্থ, নিজেকে ‘বাঙালি’ প্রতিপন্ন করতে চাইলে প্রথম ও একমাত্র শর্ত বাংলা বলতে হবে। একসময় বঙ্গীয় জনগোষ্ঠী মগধ রাজত্বের কাল থেকে নিজেদের ‘ঐতিহ্য’ সন্ধান শুরু করতেন। অনেকে মহাভারতের কালেও পৌঁছে যান। গঙ্গারিদাই সভ্যতা থেকে শুরু করে নন্দ, মৌর্য, সুঙ্গ, কন্ব, কুশান, গুপ্ত, মগধ রাজত্বের কোনও রাজাই ‘বাঙালি’ ছিলেন না। অঙ্গ, বঙ্গ, রাঢ়, সুহ্ম এবং পুণ্ড্র এলাকার অধিবাসীরা বাঙালিদের পূর্বপুরুষ ছিলেন। কিন্তু বাঙালি ছিলেন না। এমন কী বহু প্রচারিত রাজা শশাঙ্কও অবাঙালি। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে মানুষের বোধের জগৎকে সরলীকৃত করা যায় না। ইতিহাসের দীর্ঘ পথ সফর করে একটি জাতির সংস্কৃতি ও পরিচিতির প্রেক্ষিতগুলি বিবর্তিত হতে থাকে। বাঙালি জাতির সঙ্গেও সেটি ঘটেছে।

২.

সংস্কৃতিগত দিক দিয়ে বাঙালি জাতির লক্ষণ ও রীতিনীতি প্রাচীন যুগ থেকে মধ্য ও আধুনিক যুগে আমূল পরিবর্তিত হয়ে গিয়েছিল। এদেশের আদি অধিবাসীদের স্বরূপ ও পরবর্তীকালের বিবর্তনের ধারা অনুসরণ করতে গেলে উভয়ের মধ্যে বিপুল ফারাক নজরে পড়বে। প্রাচীন ও মধ্যযুগের বাংলার মধ্যে সামাজিক ভেদরেখাটি রচনা করেছিল উত্তরদেশীয় গাঙ্গেয় অববাহিকায় প্রচলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রসার। ব্রাহ্মণ্যধর্মের বিস্তার বাংলার আদি সমাজ-জীবন ও আর্থ-যাপনে জলবিভাজকের ভূমিকা নিয়েছিল। কৌমজীবনে যাপিত নানা সরল প্রথা-প্রকরণের কায়া পরিশীলিত ব্রাহ্মণ্য নিয়মের সূক্ষ্ম মার্জনায় আমূল পরিবর্তিত হয়ে যায়। মধ্যযুগে তার সঙ্গে যোগ হয় নবধর্ম ইসলামের গভীর প্রভাব। সামাজিক ভাবে ইসলামি প্রভাব বিস্তার করতে গিয়ে কায়িক বলপ্রয়োগের ঘটনাও বহু ঘটেছে। কিন্তু পশ্চিম এশিয়া, আফ্রিকা বা য়ুরোপে ইসলাম প্রসার উদ্যম যেরকম বলপূর্বক সন্ত্রাসে পর্যবসিত হয়েছিল, মধ্যযুগের বাংলায় সেটা ঘটেনি। বাংলার বস্তুস্থিতি ছিল ভিন্ন। উত্তর ভারতের মতো বর্বরোচিত না হলেও বাংলার সমাজ ব্যবস্থায় বর্ণাশ্রমী গাজোয়ারির যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। ব্রাহ্মণ রাজীবলোচন রায় ওরফে কালাপাহাড়ের কিংবদন্তি বহুলাংশে গ্রহণযোগ্য। মনুস্মৃতির বিচারে ব্রাহ্মণ ও সামন্তপুত্র রাজীবলোচনের যদি এমত দশা হয় তবে সমাজের দরিদ্র ইতরবর্গের অবস্থা সহজেই অনুমেয়। যদিও দরিদ্র ও শ্রমজীবী ইতরবর্গের মানুষরাই ছিলেন সংখ্যা বা আনুগত্যের বিচারে সমাজের বৃহত্তম অংশ। নিঃসংশয়ে তাঁরা ষোলো আনা ‘বাঙালি’। সেই সব বাঙালি নিজস্ব পারম্পরিক ধর্মে প্রচলিত পুরাণকথা, লোককথা এবং কিংবদন্তির ঐতিহ্য প্রয়োগ করে নবধর্ম ইসলামের মধ্যে উদ্দীপনা সঞ্চারিত করেছিলেন। এই সময় বাঙালির আবহমান ধর্মচেতনার ধারায় গভীর মন্থন ঘটে যায়। এর ফলশ্রুতি সেকালের সাহিত্য, সামাজিক বর্ণনা ও লোকযানী সংস্কৃতির মধ্যেও স্পষ্ট হয়ে ওঠে। গোমাংস ভোজন, শব সমাধি, নমাজ পড়া বা নিজেকে মুসলমান বলে ঘোষণা করা ব্যতিরেকে নবধর্মে অন্তরিত মানুষজনদের ব্যক্তিগত, সামাজিক বা সাংস্কৃতিক যাপনে বিশেষ পরিবর্তন হয়নি।

সমাজের উচ্চবর্ণীয় সম্প্রদায়ের ধর্মীয় বা সাংস্কৃতিক অবস্থানের তুলনায় সংখ্যাগুরু নিম্নবর্ণীয়দের বস্তুস্থিতি ছিলো একেবারে ভিন্ন। শূদ্রবর্গের বেদপাঠের অধিকার পূর্ণত নিষিদ্ধ ছিল। এমন কি, যে সমাজে বেদমন্ত্র কানে গেলে শূদ্রের কানে গলন্ত সিসে ঢেলে শাস্তি বিধান করা হত, সে সমাজে সাধারণ জনগণের কাছে সজ্ঞানে বেদ-উপনিষদ-পুরাণ-মহাকাব্য ইত্যাদির প্রভাব তাৎপর্যহীন। বৈদিক ‘ঐতিহ্য’-এর দেনাপাওনা বাঙালিদের জন্য ছিল এক কষ্টার্জিত অনুভব । বৃহত্তর উচ্চবর্ণ বাঙালি জাতির প্রেক্ষিতে তাকে ‘প্রাপ্তি’ বলা যেতেও পারে । কিন্তু নিম্নবর্ণের সংখ্যাগুরু বাঙালিদের কাছে তার আবেদন ছিল শূন্য। উপরন্তু, সামাজিক বা ঐতিহাসিক কারণে সে সব অধিকার উত্তরভারতের অধিবাসীদের কাছে যতটা সহজভাবে এসে যেত, বাঙালিদের কাছে আসত না। আর্যাবর্তে প্রচলিত ধারণা অনুযায়ী বাঙালিরা আর্য সভ্যতার সহজাত অধিকারী ছিলেন না। তাঁরা ছিলেন জাত্যন্তরিত সম্প্রদায়। আধুনিক কালে নানা বৈজ্ঞানিক নিরীক্ষা প্রয়োগ করে বাঙালি জাতির যে কোষগত পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে সেকালে তার সূত্র জানা না থাকলেও প্রচলিত ইতিহাস ও লোকবিশ্বাসের ভিত্তিতে বাঙালির ইতিহাস লিখতে গিয়ে বঙ্কিমচন্দ্র বেশ ফাঁপরে পড়েছিলেন। আর্য, না অনার্য, না দ্রাবিড়, না নিষাদ জাতির কোল-সাঁওতাল, না উত্তরপূর্ব সীমার বিভিন্ন কিরাত জনজাতি, কারা মৌলিকভাবে ‘বাঙালি’ স্বীকৃতি পাওয়ার উপযুক্ত, তা নিয়ে তাঁর পর্যবেক্ষণে নানা দ্বিধা চোখে পড়বে। শেষ পর্যন্ত তিনি ধরেই নিয়েছিলেন ‘বাঙালি’রা আদতে ‘আর্য’ সভ্যতার উত্তরাধিকারী, সেজন্য এই ধারণার পরিপন্থী বিভিন্ন নির্ণয়কে তিনি গ্রহণ করেননি। অন্তিম ‘সিদ্ধান্ত’ নিতেও তাঁর বিশেষ অসুবিধে হয়নি। তাঁর মতে, ‘যে দেশের লোকের মাতৃভাষা বাঙ্গালা, সেই বাঙ্গালি; আমরা সেই বাঙ্গালির উৎপত্তির অনুসন্ধানে প্রবৃত্ত। তাহার বাহিরে যাহারা আছে, তাহাদের ইতিহাস লিখিব না – সাঁওতাল বা নাগা এ প্রবন্ধের কেহ নহে।’ বাঙালি জাতির গঠন ও সাংস্কৃতিক সংরচনায় অঙ্গ, বঙ্গ, পুণ্ড্র, সুহ্ম, রাঢ় অঞ্চলের আদি সংখ্যাগুরু সম্প্রদায় চের বা কোল জনজাতি এবং প্রাগজ্যোতিষের কিরাত জনসমুদায়ের অবদানকে তিনি অস্বীকার করেছিলেন। কালের প্রেক্ষিতে হয়তো তিনি ‘মুক্তমনা’ চিন্তাশীল মেধার অধিকারী ছিলেন। কিন্তু ব্রাহ্মণ্য আধিপত্যবাদের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। তাঁর পর্যবেক্ষণে ‘প্রমাণিত’ হয়েছিল ‘বাঙালি’ হতে গেলে শুধুমাত্র বাংলাভাষী হলেই চলবে না। তার সঙ্গে জাতিগত এবং ধর্মীয় পরিচয়কেও সামিল করতে হবে।

৩.
‘লোকগণনায় স্থির হইয়াছে যে, যাহাদিগকে বাঙ্গালি বলা যায়, যাহারা বাঙ্গালাদেশে বাস করে, বাঙ্গালাভাষায় কথা কয়, তাহাদিগের মধ্যে অর্ধেক মুসলমান। ইহারা বাঙ্গালি বটে, কিন্তু ইহারাও কি সেই প্রাচীন বৈদিকধর্মাবলম্বী জাতির সন্ততি? হাড়ি, কাওড়া, ডোম ও মুচি; কৈবর্ত, জেলে, কোঁচ, পলি, ইহারাও কি তাঁহাদিগের সন্ততি? তাহা যদি নিশ্চিত না হয়, তবে অনুসন্ধানের প্রয়োজন আছে। কেবল ব্রাহ্মণ কায়স্থে বাঙ্গালা পরিপূর্ণ নহে, ব্রাহ্মণ কায়স্থ বাঙ্গালির অতি অল্পভাগ। বাঙ্গালির মধ্যে যাহারা সংখ্যায় প্রবল, তাহাদিগেরই উৎপত্তিতত্ত্ব অন্ধকারে সমাচ্ছন্ন।
…যে প্রাচীন হিন্দুজাতি হইতে উৎপন্ন বলিয়া আমরা মনে মনে স্পর্ধা করি, তাঁহারা বেদে আপনাদিগকে আর্য বলিয়া বর্ণনা করিয়াছেন। এখন তো অনেক দিনের পর ইওরোপ হইতে ‘আর্য’ শব্দ আসিয়া আবার ব্যবহৃত হইতেছে। প্রাচীন হিন্দুরা আর্য ছিলেন; অথবা তাঁহাদিগের সন্তান। এজন্য আমরা আর্যবংশ।’
(তদেব)

(বাঙ্গালির উৎপত্তি- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)

‘উৎপত্তিতত্ত্ব অন্ধকারে সমাচ্ছন্ন’ তত্ত্ব অনুযায়ী এই মুহূর্তেও কিছু ‘বাঙালি’র ধারণা রয়ে গেছে, ‘ওরা বাঙালি নয়, মুসলমান’। বঙ্কিমচন্দ্রের ওই সংশয় বাংলার শিক্ষিত সমাজে দূরগামী প্রভাব ফেলেছিল।
ইতিহাস বলছে, প্রাচীনকাল থেকেই আর্যাবর্তের লোকজন বর্তমান ‘বাংলা’ নামের ভৌগোলিক অধিষ্ঠান এবং ‘বাঙালি’ নামক জাতি সমষ্টির সঙ্গে কুটুম্বিতা স্থাপনে অনীহা বোধ করতেন। বহিরঙ্গে শ্লেষ বোধ হতে পারে, কিন্তু আমাদের কবি’র আর্ষবাক্য, অনেক দুঃখেই লেখা হয়েছিলো।
‘মোক্ষমুলর বলেছে ‘আর্য’
সেই শুনে সব ছেড়েছি কার্য,
মোরা বড়ো বলে করেছি ধার্য,
আরামে পড়েছি শুয়ে।’
(বঙ্গবীর-রবীন্দ্রনাথ)
‘বাঙালি’র নিজস্ব পরিচয় গড়ে ওঠার আগে দেশের এই প্রান্তে আর্য প্রশাসনিক ব্যবস্থায় বাংলা ছিলো মগধ দেশের অধীন। ঋগবেদ সংহিতায় দেখা যায় মগধদেশের নাম ছিলো ‘কীকট’ । তাঁদের মতে কীকট ছিলো অন্ত্যজ শ্রেণির বসবাসের রাজ্য।

“কিংতে কৃণ্বন্তি কীকটেষু গাবো নাশিরং দুহ্রে ন তপন্তি ঘর্মম ।
আ নো ভর প্রমগন্দস্য বেদো নৈচাশখং মঘবন্রন্ধেয়া নঃ।। (৩.৫৩.১৪)
(‘প্রমগন্দ’ কীকটদের দলপতি। ইনি নীচ জাতির লোক)
আবহমানকাল ব্যাপী এই মনোভাবের জন্য কনওজিয়া পরম্পরার লোকজন বাঙালিদের পতিত কুলের ‘দরিদ্র আত্মীয়’ বিবেচনা করে এসেছেন। ‘বল্লালী বালাই’য়ের যাবতীয় উদ্যম সেই মনোভাবকে প্রশমিত করে ‘জলচল’ হবার একটা আকাঙ্খা হিসেবে গ্রহণ করা যায়। যদিও সেনবংশের রাজাদের এই উদ্যম নেবার পিছনে নানা ধরনের আর্থ-সামাজিক কারণও ছিল। মূলত আর্যাবর্তের ব্রাহ্মণ্য সংস্কৃতির থেকে স্বীকৃতি লাভের আকুলতাই ছিলো বল্লালী ‘সংস্কার’-এর প্রধান হেতু। ফলে উচ্চবর্ণের বাঙালি হিন্দুদের ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে আশ্রয় খোঁজার আতুরতা আরও বেড়ে যায়। বিপরীত পক্ষে প্রতিক্রিয়া হিসেবে নিম্নবর্গীয় দরিদ্র বাঙালির আরবী মরুর বিভিন্ন যাযাবর সম্প্রদায়ের অধ্যাত্মচেতনাসম্ভূত, আব্রাহামিক পরম্পরার নতুন ধর্মবিশ্বাসের প্রতি আকর্ষণ ক্রমশ প্রগাঢ় হয়ে ওঠে। বাঙালি গণমানসে আধ্যাত্মিক বিশ্বাস এই দুটি প্রধান ধর্মীয় ঐতিহ্য অবলম্বন করেই গত এক হাজার বছর ধরে বেঁচে আছে। লক্ষণীয়, দুটি ধর্মেরই প্রথম অঙ্কুর বাংলার মাটি বা বাঙালির মনোভূমি থেকে উদ্গত হয়নি। পশ্চিম থেকে এসেছে। বাঙালি জাতি বা বাংলা ভাষার উদ্ভব হবার বহু আগে থেকেই প্রাগার্য যুগে বাংলার ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বঙ্গ, পুণ্ড্র, রাঢ়, সুহ্ম এলাকার অধিবাসী মানুষজনের আধ্যাত্মিক ধর্ম-কর্ম ছিল আর্যাবর্তের থেকে সম্পূর্ণ ভিন্ন। গোঁড়া ব্রাহ্মণ্যবাদী বা ইসলামি ধর্মসংস্কৃতি বাঙালির ‘ঘরের’ ধর্মবিশ্বাস নয়। রাজধর্মের সুবাদে ঋণ করে পাওয়া। হাজার বছর ধরে বাংলায় এই মাটির ভূমিপুত্র এবং কোনও প্রকৃত ‘বাঙালি’, রাজা হতে পারেননি। দুই ধর্মের প্রতিনিধিদের মধ্যে শাসক-শোষিতের আসন ক্রমান্বয়ে বদলাতে থাকায় পারস্পরিক সম্পর্কের মধ্যে ক্ষোভ-অসূয়ার অন্ধকার জারি থেকে গেছে। উপরন্তু শাসককুলের সযত্ন প্রয়াসে দুই ধর্মের অনুগামীদের মধ্যে দূরত্বও ক্রমবর্ধমান। মতান্তর, মনান্তরে পরিণত হয়েছে। কায়েমি স্বার্থের কারণে বিভেদ বাঁচিয়ে রাখা হয়েছে। সামগ্রিক বাঙালি জাতির আকাঙ্খিত প্রগতির স্রোত বারবার ব্যাহত হতে দেখা যায়। বাঙালির ধর্মচেতনার বীজতলায়, বিশেষত সুশীল সমাজে, পশ্চিম থেকে আসা অনাকাঙ্খিত ধর্মীয় প্ররোচনা কীটের মতো সদ্ভাবের অংকুরকে বিনাশ করে গেছে দীর্ঘ দিন।

৪.
বাঙালির আদি ধর্মচর্যা বিষয়ে আচার্য নীহাররঞ্জন রায় লিখেছিলেন,
‘…প্রাচীন বাঙালীর ধর্মকর্মগত জীবনের সুস্পষ্ট চিত্ররচনা দুরূহ। স্বভাবতই ধর্মকর্মগত মানসজীবন ব্যবহারিক জীবন অপেক্ষা জটিল। তাহার উপর বর্ণ, কোমবিন্যস্ত সমাজে সে জীবন জটিলতর হইতে বাধ্য। ধর্মকর্মভাবনা ও সংস্কার বর্ণ, শ্রেণী ও কোম ভেদে পৃথক; একই কালে একই বিশ্বাস সমাজের সকল স্তরে এক নয়, বিভিন্ন কালে বিভিন্ন দেশখণ্ডে তো নয়ই। তা ছাড়া, নূতন কোন বিশ্বাস বা সংস্কার বা পূজানুষ্ঠান ইত্যাদি সমাজে সহসা প্রচার লাভ করে না; তাহার প্রত্যেকটির পশ্চাতে বহুদিনের ধ্যান ও ধারণা, অভ্যাস ও সংস্কার লুকানো থাকে এবং সমাজের ভিতরে ও বাহিরে নানা গোষ্ঠী, নানা স্তর, নানা কোমের ভক্তি-বিশ্বাস-পূজাচার প্রভৃতির যোগাযোগের একটা সুদীর্ঘ ইতিহাসও আত্মগোপন করিয়া থাকে; কালে কালে সেই ইতিহাস বিবর্তিত হইয়া সমসাময়িক কালের রূপ গ্রহণ করে মাত্র, এবং তাহাও একান্তই সমসাময়িক সমাজভাবনা ও চেতনানুযায়ী; সমসাময়িক সামাজিক শ্রেণী ও স্তরবিশেষ অনুযায়ী।’
(ধর্মকর্ম: ধ্যান-ধারণা- বাঙালীর ইতিহাস: নীহাররঞ্জন রায়)

ইতিহাসের আদিপর্বে দেশের সব সম্প্রদায়ের ধর্ম-কর্মের সামগ্রিক রূপরেখা একই রকম ছিলো। আদি অধিবাসীরা সবাই নিজস্ব পূজাপদ্ধতি, আচার-অনুষ্ঠান, ভীতি, বিশ্বাস, সংস্কার জনিত প্রথাগুলি মেনে চলতেন। বাংলার বিভিন্ন প্রান্ত, যথা, বঙ্গ, রাঢ়, সুহ্ম, পুণ্ড্র সব সর্বত্র আধ্যাত্মিক ক্রিয়াকাণ্ড একই নিয়ম মেনে পালন করা হতো। তবে যেসব শ্রেণি, কোম বা সম্প্রদায়ের সামাজিক প্রতিপত্তি ছিলো অপেক্ষাকৃত অধিক, সমাজে তাঁদের অনুসৃত ধ্যান-ধারণা, ভক্তি-বিশ্বাস, অনুষ্ঠান-উপচারের স্বভাবধর্মও দেখা যেতো অধিকতর প্রভাবী। প্রাচীন থেকে মধ্য ও আধুনিক যুগে বঙ্গসংস্কৃতি ও বঙ্গীয় জাতির লক্ষণ ও রীতিনীতির বিবর্তনও তার ব্যতিক্রম ছিলো না। এদেশে আদি অধিবাসীদের ধর্মচেতনার প্রাথমিক স্বরূপ ব্রাহ্মণ্য দর্শন ও লোকাচারের প্রতাপে বদলে যায়। নিজস্ব, অভ্যস্ত ধর্মচর্চা ধরে রাখার প্রশ্নে মানুষের মধ্যে একধরনের জৈবিক প্রতিরোধ কাজ করে। বাঙালিদের পূর্বজরাও তার ব্যতিক্রম ছিলেন না। বাংলার আদিনিবাসীদের মধ্যে বিভিন্ন আর্যধর্মের, যথা নির্গ্রন্থী, সদ্ধর্মী বা ব্রাহ্মণ্য, ইত্যাদি মত প্রতিষ্ঠার প্রক্রিয়াও মসৃণ ছিলো না। তবে বাঙালিদের পূর্বসূরিরা ক্রমে এই সব নবাগত বিশ্বাসের মেধাগত ও প্রায়োগিক কৌশলের আধিপত্য স্বীকার করে নিয়েছিলেন। আদিবাসীদের লোকধর্ম থেকে বাঙালিদের মধ্যে আর্যধর্মের আত্তীকরণ শুধুমাত্র সময়ের অপেক্ষাই ছিলো।

৫.

ইতিহাস বলে, প্রাচীনকাল থেকেই বাঙালি মনস্বীদের স্বভাবে মেধা ও ঔদার্য এক সহজাত কবচকুণ্ডল।

‘…সারা ভারতবর্ষই ধর্মবিষয়ে চিরদিন উদার। তাহার উপর জৈন, বৌদ্ধ, নাথপন্থ, যোগীদের মত ও বৈদিক ধর্ম এইরূপ নানা মতবাদ প্রচার একে একে বাংলাদেশে হওয়ায় বাংলার সাধনার আকাশ নানাভাবে আরও উদার হইয়া উঠিয়াছে। বর্তমান যুগেও রামমোহনের ব্রাহ্মধর্ম আর্যসমাজের পূর্বে প্রতিষ্ঠিত। পরমহংস রামকৃষ্ণের উদার সন্ন্যাসধর্ম সকল ভারতের হৃদয় জয় করিয়াছে। অতি প্রাচীনকাল হইতেই বাংলাদেশ উদার মতাবলম্বী। ‘
(ধর্মের উদারতা-ক্ষিতিমোহন সেন)

ধর্মচেতনার সমন্বয়ী ঐতিহ্যকে সম্মান জানিয়েও একটা সংশয় থেকেই যায়। সংখ্যাগত ভাবে যে মানুষগুলি সংখ্যাগুরু এবং ব্রাহ্মণ্য অতিবাদকে অস্বীকার করে ইসলামি অধ্যাত্মবাদের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন, সেই বাঙালিদের ভূমিকা কি সামগ্রিক ধর্মচেতনার প্রেক্ষিতে দীর্ঘকাল অবহেলিত রয়ে গেছে? য়ুরোপিয় যুক্তিবাদের উন্মেষ হবার পরেও উনিশ শতকে চিন্তানায়কদের ব্যাখ্যায় আর্য পরম্পরাগত ব্রাহ্মণ্য দর্শন ও লোকাচারকেই বাঙালির ধর্মীয় ঐতিহ্যের একমাত্র ভিত্তি হিসেবে বিবেচনা করা হতো। ঔপনিবেশিক যুগে বঙ্গীয় সুশীল পণ্ডিতদের বৃহৎ অংশ ধরে নিয়েছিলেন ‘বাঙালিদের প্রকৃত’ ধর্মচেতনার ভিত্তি হলো ব্রাহ্মণ্য দর্শন ও আচারবিচার। এই ধারণা তৈরি হবার পিছনে য়ুরোপিয় পণ্ডিতদেরও যথেষ্ট অবদান ছিলো। যদিও এঁরা সবাই নমস্য। তবু উইলিয়ম জোন্স, জেমস প্রিন্সেপ, হিন্দু স্টুয়ার্ট থেকে শুরু করে আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, সবাই এভাবেই ভাবতেন। ইসলামি পরম্পরাকে ‘বহিরাগত’ তকমা দিয়েছেন প্রায় সব অমুসলমান চিন্তাশীল মানুষজন। ইসলামি ধর্মীয় মূল্যবোধের আশীর্বাদ তাঁদের ভাবনায় মোটামুটি ভাবে অনুপস্থিত ছিলো। লোকপ্রভাবী চিন্তার প্রেক্ষিতে বাংলায় ‘ইসলাম’ ছিলো মুসলমানের ধর্ম, যা আদতে ‘বাঙালি’ নয়। সমন্বয়ী ভূয়োদর্শনের অভাব সামগ্রিক ভাবে বাঙালির জাতিসত্ত্বাকে আঘাত করেছে। প্রত্যাশিত সাফল্যের স্বাদ পেতে দেয়নি। শুধু আমাদের উপমহাদেশ নয়, সমগ্র বিশ্বের দরবারেও বাঙালিকে তার প্রাপ্য গরিমা থেকে বঞ্চিত করে এসেছে।

৬.

‘পরোধর্ম ভয়াবহ’ ধারণাটি আর্যাবর্তের অন্যান্য অধিবাসীদের মতো বাঙালিদের মধ্যেও গভীরভাবে সঞ্চারিত হয়ে গিয়েছিলো। বল্লালী আমলের আগে বাঙালির সভ্যতা ও অর্থনীতির মেরুদণ্ড ছিলো বিশাল মাপের নৌবাণিজ্যের প্রতাপ। সারা পৃথিবীর দূরদূরান্তে বিভিন্ন সভ্যতার সঙ্গে বাঙালির যোগ শুধু বাণিজ্যের মাধ্যমে ছিলো না। সমাজ ও অর্থনীতির সীমারেখার ঊর্ধ্বে গিয়ে বাঙালি সংস্কৃতিগত ভাবেও অজানা-অচেনা সভ্যতার সারতত্ত্বকে নির্বিরোধ গ্রহণ করেছিলো। বল্লালসেন বাঙালির নৌবাণিজ্যের গর্ব উচ্ছেদ করেছিলেন। তাঁর মনে হয়েছিলো, ক্ষমতার গর্বে বাণিজ্যপতিরা একদিন রাজার একাধিপত্যকে চ্যালেনজ জানাতে পারে। জাতিচ্যুত হবার ভয় দেখিয়ে তিনি বাঙালির বিদেশ যাত্রা বন্ধ করে দেন। আমরা দেখেছি প্রিন্স দ্বারকানাথ পর্যন্ত এদেশে ব্রাহ্মণ্য সমাজে ‘কালাপানি’র নামে ভয় দেখানো অব্যাহত ছিলো। ধর্মরক্ষার নামে বল্লালসেনের এই ষড়যন্ত্র বাঙালির সভ্যতাকে আর্থ-সামাজিক প্রেক্ষিতে চিরকালের জন্য পশ্চাৎপদ করে দেয়। বিশ্বাসগত ভাবে তুমুল ব্রাহ্মণ্যবাদী তামিল চোল রাজত্ব কিন্তু তার নৌরাজত্বের সুবাদে প্রায় চোদ্দো শতক পর্যন্ত সাগরপারের বাণিজ্য নির্বিবাদ চালিয়ে গিয়েছিলো।
‘The Chola dynasty transformed the Indian Ocean into their economic playground by seizing control of the world’s most lucrative spice trade routes. Rajendra Chola’s maritime empire positioned itself as the gatekeeper between the spice-producing islands of Southeast Asia and the hungry markets of Europe and China. Black pepper, cardamom, cinnamon, and nutmeg flowed through Chola-controlled ports, generating unprecedented wealth for the empire.’
(How Rajendra Chola Built the World’s First Maritime Empire)
তামিলদের আবিষ্কৃত সমুদ্রপথ অনুসরণ করে পরবর্তীকালে য়ুরোপিয় বণিকরা ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু ততোদিনে বাঙালি বণিকদের দাপট শেষ করে দেওয়া হয়েছিলো।

লক্ষণীয়, বহিরাগত মুঘল রাজশক্তি এবং য়ুরোপিয় পর্তুগিজ ‘বণিক’রা প্রায় একই সঙ্গে নৌ ও স্থলপথে বাংলা মুলুকে এসেছিলেন। এই দুই বহিরাগত শক্তির মধ্যে মৌলিক পার্থক্যটি ছিলো ভারতবর্ষকে নিয়ে তাঁদের পরিপ্রেক্ষিতের মধ্যে। মুঘলরা ছিলেন সাম্রাজ্য বিস্তারে আগ্রহী সামন্ততান্ত্রিক শক্তি। তাঁরা রাজতন্ত্রের বিভিন্ন স্তর প্রয়োগ করে দেশ শাসনে দক্ষ। পর্তুগিজদের আপাত উদ্দেশ্য বাণিজ্য প্রসার। কিন্তু তাঁরা ছিলেন উপনিবেশবাদী। মুঘল বাদশাহদের বিজিত দেশ থেকে ধনলুণ্ঠন করে ‘নিজের দেশে’ পাঠানোর কোনও নিহিত উদ্দেশ্য ছিলো না। তাঁদের রাজনৈতিক বা অর্থনৈতিক লাভ-লোকসান সবই ভারতবর্ষ ভিত্তিক। এদেশের অর্থনীতি ও মানবসম্পদ ছিলো তাঁদের একমাত্র পুঁজি। প্রভূত সাংস্কৃতিক ব্যবধান থাকলেও তাঁরা কালক্রমে এদেশের মানুষজন, তাঁদের জীবনধারা ও যাপনসংস্কৃতিকে স্বীকার করে নিয়েছিলেন। মুঘলদের অর্থসম্পদ এদেশের অর্থনীতির মধ্যেই চালিত হতো। মাহমুদ ঘজনি বা নাদির শাহের মতো তাঁরা লুণ্ঠক ছিলেন না। তাঁরা কখনও ‘নিজের’ মুলুকে ফিরে চলে যাবার আগ্রহ দেখাননি। অন্যদিকে য়ুরোপিয়দের আনুগত্য ছিলো শুধুমাত্র তাঁদের নিজের দেশের রাজশক্তির প্রতি। তাঁরা এদেশকে লুণ্ঠন করে যা উপায় করতেন তার কিছু অংশ ব্যক্তিগত অধিকারে রেখে বাকিটা নিজেদের রাজাদের কোষাগারে পাঠিয়ে দিতেন। এদেশের জনসমাজের সঙ্গে তাঁদের মেলামেশা ছিলো সীমাবদ্ধ। পর্তুগিজ, দিনেমার, ওলন্দাজ, ফরাসি এবং শেষ পর্যন্ত ইংরেজ উপনিবেশবাদী শক্তি এদেশের সম্পদ শোষণ করে ভারতবর্ষকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া করে দিয়েছিলো।

৭.
মুঘল আমলে ভারতে আসা বিদেশী পর্যটক ও ব্যবসায়ীদের বর্ণনা থেকে পাওয়া যায় বাংলা ছিলো বহিরাগত সম্ভ্রান্ত নাগরিক শাসকদের অধীনে একটি সামন্ততান্ত্রিক, ভূমি-নির্ভর সমাজ। এই সব বহিরাগতরা আকৃতি, প্রকৃতি, সংস্কৃতি সব দিক দিয়েই বাঙালিদের থেকে একেবারে আলাদা। সংখ্যায় নগণ্য হলেও তাঁদের সামরিক ক্ষমতা ছিলো প্রবল। বাংলার গ্রামীণ সমাজ থেকে উঠে আসা কোনও প্রতিরোধ বা প্রতিবাদকে তাঁরা সহজেই উৎখাত করে দিতে পারতেন। বাংলা সবসময় ছোটোখাটো জমিদারদের শাসনে থেকে গেছে। বৃহৎ কোনও কেন্দ্রিত শক্তি কখনও সরাসরি বাংলা শাসন করেনি। বৃহত্তম রাজপুরুষ ছিলেন কোনও একজন সুবাহদার মাত্র। । জমিদাররাও ছিলেন মোটামুটি ভাবে সাধারণ প্রজাদের মতো সহজ সরল জীবনে অভ্যস্ত । রাজকীয় জাঁকের অভাবে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলায় কীর্তি হিসেবে কোনও বিপুল মাপের স্থাপত্য গড়ার উদাহরণ পাওয়া যায় না। অন্যদিকে বলপ্রয়োগ করে রাজ্যবিস্তার বা যুদ্ধবিগ্রহের নেশা বাংলার শাসকদের মধ্যে কমই দেখা গেছে। বাংলার সমাজ-সাহিত্যে স্বৈরাচারী শাসকের উপস্থিতি তুলনামূলক ভাবে অনেক কম ছিলো।

সামগ্রিক ভাবে ঔপনিবেশিক স্বার্থ রক্ষার উদ্দেশ্য নিয়েই ইংরেজরা হিন্দু ও মুসলিম সমাজের বস্তুসত্যকে বিকৃত করতো। এটা ছিলো তাদের রণকৌশলের প্রধান অঙ্গ । ইংরেজদের ক্ষমতার লালসা ও আগ্রাসন বাঙালি জীবনে সমন্বয়ের ঐতিহ্যকে নস্যাৎ করে দেয়। হয়তো তাদের জন্য সেটাই স্বাভাবিক। বাঙালির জন্য তা ছিলো বিপর্যয়। সবর্ণ হিন্দু ও সংখ্যাগুরু বিভিন্ন জাতি, উপজাতিকে ব্রিটিশ সরকার ভিন্ন ভিন্ন তপশিলে বিভক্ত করে দেয় । এর উদ্দেশ্য সত্য সন্ধান ছিলো না। ছিলো একান্ত ভাবে প্রশাসনিক কৌশলের অঙ্গ। বাংলা ভাগের মধ্যে দিয়ে বিংশ শতকের প্রথম থেকেই ব্রিটিশ সরকার যে ধর্মীয় বিভাজনের রূপরেখা তৈরি করেছিলো তার প্রভাব উভয় সম্প্রদায়ের নাগরিক সুশীল সমাজের মধ্যে ক্রমশ সঞ্চারিত হতে থাকে। সংখ্যার বিচারে যাঁরা বৃহৎ প্রাতিষ্ঠানিক ধর্মব্যবস্থা, যথা, হিন্দু, ইসলাম বা খ্রিস্টিয় মতের অনুগামী, তাঁদের অবস্থান সচরাচর অচলায়তন আশ্রিত । ‘শাস্ত্রগত’ ভাবে তাঁরা ‘উন্মুক্ত’মনা হতে দ্বিধা বোধ করেন। বস্তুত বেড়া ভাঙার বিরুদ্ধেই সোচ্চার অবস্থান নেন। অন্যদিকে, সমাজে দরিদ্র, নিপীড়িত বাঙালির লোকযানী বিশ্বাস ছিলো অনেক বেশি মুক্তপন্থী। সমন্বয়ের ঐতিহ্যে বিশ্বাসী।

৮.
বাঙালি সমাজের বৃহৎ দুটি ধর্মীয় গোষ্ঠী, ব্রাহ্মণ্য এবং ইসলামি, প্রাতিষ্ঠানিক ধর্মে আস্থা রাখলেও তাঁদের ধর্মাচরণের মূল অবলম্বন ছিলো আবহমান লোকধর্মের প্রচলিত প্রথাপদ্ধতি। দেবতার নাম সত্যনারায়ণ হোক বা সত্যপীর, দক্ষিণরায় বা বড়োগাজি, ওলাইচণ্ডী বা ওলাই বিবি, বাঙালির কিছু আসতো যেতো না। সত্যপীর ও ধর্মঠাকুর, বিশ্বাস নির্বিশেষে বাঙালির আরাধ্য ছিলেন। কবি কৃষ্ণদাসের ‘রায়মঙ্গল’ কাব্যে বাঘদেবতা দক্ষিণরায় ও তাঁর মুসলমান প্রতিদ্বন্দ্বী বড় গাজির লড়াইয়ের গল্প পাওয়া যায়। আধিপত্য নিয়ে তাঁদের মধ্যে কলহ মেটানোর জন্য অন্তিমে ঈশ্বরের শরণ নিতে হয়েছিলো। এহেন ‘ঈশ্বরে’র একাংশ কালো (কৃষ্ণ দেবতা) অন্য অংশ সাদা (পয়গম্বর)। তাঁর একহাতে কোরান, অন্যহাতে পুরাণ।

নবাবি পাঠপ্রকল্পের ছায়া থেকে বেরিয়ে আসা বাঙালি মুসলিম সমাজ য়ুরোপিয় শিক্ষার স্পর্শ পেয়েছিলেন অনেকটা পরে। তাঁদের বিশ্বাস ও বহু লোকাচার প্রসঙ্গে বাঙালি সমাজের একটি বৃহৎ অংশের ভাবনায় পক্ষপাতিত্বের ইশারা লক্ষ করেন তাঁরা। এমন কী, তাঁদের ‘বাঙালিত্ব’-এর প্রতি সংশয়ও লুকোনো থাকতো না। মেধাবী মনীষীরা,সঙ্গে সাম্রাজ্য অনুমোদিত বিদ্বদ্জন, বাঙালির ধর্মচেতনার ভিত্তি হিসেবে ব্রাহ্মণ্য দর্শন ও প্রথাপ্রকরণকেই কেন নিরংকুশ প্রতিষ্ঠা দিতে আগ্রহী, এ ব্যাপারটি তাঁদের মুসলিম মনোজগৎকে দ্বিধাবিভক্ত করে দিয়েছিলো। বাঙালি সমাজে প্রধান দুটি অংশের মধ্যে এই দ্বিধাবোধের ভার পারস্পরিক ভাবসম্পর্কের মধ্যে অনপনেয় পতনরেখার সূত্রপাত করে। পরবর্তীকালে বাঙালির নেতৃত্বে যখন ইংরেজ শাসন অবসানের জন্য বিদ্রোহ শুরু হয়, ‘ভাগ করো, শাসন করো’ তত্ত্বের প্রচারক ব্রিটিশ সরকার বাঙালির পারস্পরিক বিশ্বাসের জগৎকে উক্ত পতনরেখা’র অস্ত্রপ্রয়োগ করে দীর্ণ করে দিতে চেয়েছিলো। দুর্ভাগ্য, সফলও হয়েছিলো তারা।

ভারতীয় উপমহাদেশে বাঙালিদের বাসভূমি ভাগ করা আছে একটি সার্বভৌম দেশ ও অন্য দেশের একটি অঙ্গরাজ্যে। এই উপমহাদেশের সমস্ত প্রান্তেই প্রাতিষ্ঠানিক ধর্মব্যবস্থার বহুমাত্রিক নিপীড়নে মানুষ নিরন্তর বিড়ম্বিত থাকে। বাঙালিদের ‘দেশ’ও কোনও ব্যতিক্রম নয়। উপরন্তু যেহেতু বাঙালির দেশভাগ হয়েছিলো ধর্মীয় তারতম্যের ভিত্তিতে, তাই দুই দেশেই বাঙালি ও বাংলাভাষার অবেগের থেকে বিভেদকামী রাজনৈতিক সুবিধেবাদের পশুশক্তি অনেক বেশি বিধ্বংসী রূপ নিয়ে আসে। বাঙালির ধর্মচেতনা ও ধর্মভাবনা নিয়ে আলোচনা করার আগে বিষয়টির জটিল পরিপ্রেক্ষিতগুলি স্পষ্ট হওয়া প্রয়োজন। শ্রদ্ধেয় পণ্ডিত আহমদ শরীফ বিষয়টি নিয়ে যেভাবে ভেবেছিলেন, তার সামান্য ইঙ্গিত রাখছি এই গৌরচন্দ্রিকায়।
‘…গোড়ার দিকের উত্তর-ভারতীয় ভাষা-ধর্ম-শাসন-সংস্কৃতির ঋণ বাঙালীর স্বাতন্ত্র্যবুদ্ধি চিরতরে বিলোপ করেছে। এর ফলে সে আর কখনো স্বমেরুতে স্থির হয়ে, আত্মপ্রত্যয়ে প্রবল হয়ে রাজনৈতিক বা বৈষয়িক জীবনে স্বতন্ত্র, স্বনির্ভর কিংবা স্বাধীন হবার সাহস পায়নি। তার জীবনচেতনা ও জগৎভাবনা আজো তাই পরাশ্রিত ও পরপ্রভাবিত। আজো হিন্দুমন ঘুরে বেড়ায় আর্যাবর্তে, ব্রহ্মাবর্তে, রাজস্থানে ও হিমালয়ের কন্দরে। মুসলিম বিচরণ করে ষোলশতক-পূর্ব উত্তর আফ্রিকায়, আরবে, ইরানে ও মধ্য এশিয়ায়। বৌদ্ধ-ব্রাহ্মণ্যবাদীর শাক্ত শৈব বৈষ্ণব গাণপত্যের দ্বন্দ্ব-সংঘর্ষ ছিল উচ্চবর্ণের ও উচ্চবিত্তের মানস-উদ্ভুত। কিংবা হিন্দু-মুসলিম বিবাদ-বিদ্বেষও ছিল দেশাগত বিদেশীর মধ্যে সীমিত। এরা প্রলুব্ধ করে সরল দেশী লোককেও হয়তো দলে ভেড়াত। আশার কথা, এ হচ্ছে আত্মবিস্মৃত বিকৃতরুচি নীলরক্তলোভী সংস্কৃতিলিপ্সু শিক্ষিত মানুষের চিন্তা-চেতনা। বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে এদের সম্পর্ক সামান্য। সমাজের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব এদের হাতে বলেই আজো বিভ্রান্ত বাঙালী বিপথে চালিত।’
(বাঙালীর ইতিহাস সন্ধানে- আহমদ শরীফ)

সেই ট্র্যাডিশন আড়াই হাজার বছর পরেও সমানভাবে বহমান। অধুনা উত্তর বা উত্তর-পশ্চিম ভারতের লোকজন আর্যধর্মের যে অপভ্রংশ ব্যাখ্যা সারা দেশের মতো বাংলার মাথাতেও চাপিয়ে দিতে চায়, তার থেকে বাঙালি চিরকালই মেরুপ্রমাণ দূরত্ব বজায় রেখেছে। বাঙালির আবহমান ধর্মভাবনা ও ক্ষমতালোলুপ সুশীল সম্প্রদায়ের আরোপিত সামন্ততান্ত্রিক ‘হিঁদুয়ানি’ বা ‘মোছলমানি’ ভিন্ন প্রপঞ্চ। রাজনৈতিক জাঁতাকলে ফেলে তাদের যতোই মেলাবার প্রয়াস পাওয়া হোক না কেন, তারা কোনও দিন মেলেনি। কখনও মিলবেও না। ‘ধর্ম’ বিশ্বাসকে পুঁজি করে নদীর উভয় প্রান্তের বাঙালিকে দিকভ্রান্ত করার প্রয়াস প্রায় বিপদসীমা অতিক্রম করতে চলেছে। আধুনিক সমাজে মুক্তবুদ্ধি ও যুক্তিবোধের ব্যাপক কৃষিকাজ, শুভবুদ্ধির ভরসাতেই অন্ধ বিভেদকামী শক্তিকে চ্যালেন্জ করা যায়। সময়োচিত সন্দর্ভটির ঐতিহাসিক পরিপ্রেক্ষিত বিচার না করলে বাঙালির সামগ্রিক ধর্মচেতনার বাস্তব স্বরূপ প্রতিষ্ঠা করা যায় না। এই লঘু সন্ধানটি তার জন্য সামান্য সলতে পাকানো মাত্র।

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.

0
Would love your thoughts, please comment.x
()
x