শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

গিন্নি তুমি পালিয়ে কোথায় গেলে,
জানো না, আজ বিশেষ প্রিয় দিন?
জমিয়ে কড়া চা-টা বানাও ভোরে
জানো তো, আজ হয়েছি স্বাধীন?

বিশাল ভিড়ে লাইনে ঘেমে নেয়ে
অনেক কষ্টে মাংস পেলাম আজ,
কষিয়ে রাঁধো, ফাটিয়ে লঙ্কা দিয়ে
জানো তো আজ পেয়েছি স্বরাজ?

সাতটা মঞ্চে ভাষণ দিয়ে ফিরে
ঘরেই দেখি, পতাকা তোলা বাকি,
আরে ছাড়ো, পাবলিক কী বোঝে..
তারা জানে, দিলাম কেমন ফাঁকি?

সকালবেলায় প্রভাতফেরীর হাঁটা,
ফিরেই মাঠে ‘বসে আঁকো’র ভিড়..
চলবে লড়াই দেশভক্তির গানে,
জমিয়ে খাই স্বাধীনতার ক্ষীর..

জাঁকিয়ে খেয়ে ঢেঁকুর তুলে শেষে
দুপুরের ক্লাব.. ব্রীজ তাস কন্টেস্ট,
জলদি পালাই, কয়েকটা হাত বাকি
রেলিস করি, স্বাধীনতার টেস্ট..

সন্ধ্যাবেলা টাউন হলে ভাষণ,
বন্ধু, বুদ্ধিজীবীর সমাবেশে..
ইতিহাসের পিন্ডি চটকে মাইকে
সে কী তালি.. আমার ভাষণ শেষে

রাত বাড়লে ক্লাবে পার্টির ভিড়ে
সারাদিনের ক্লান্তি কাটাই জলে,
স্বাধীনতার এই তো হ’লো মজা
আমরা আছি নেপোটিজম দলে

এমনি ভাবেই প্রতি বছর কাটে
ভোগ বিলাসে.. স্বাধীনতার দিনে,
শহীদ, রক্ত, আত্মত্যাগের গাঁথা
থাক না চাপা, অন্য কোনখানে..

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.