
বাঙালির লিখিত আত্মপরিচয় শুরু হয়েছে যে বইটি দিয়ে, তার নাম চর্যাপদ। হাজার বছর ধরে বাঙালির ধর্মসাধনা নানা সময়ে বাঁক নিয়েছে, রূপ পাল্টেছে। ধারাটি কখনও বেগবতী, কখনও-বা ক্ষীণ হয়েছে, কিন্তু থেমে যায়নি। পুরো মধ্যযুগে বাঙালির সাহিত্যসাধনা চলেছে ধর্মকে ঘিরেই। শ্রীকৃষ্ণকীর্তন থেকে অন্নদামঙ্গল- এই দীর্ঘ যাত্রায় মুখ্য ও গৌণ বহু দেবদেবীর বন্দনাগান রচিত হয়েছে। অনুবাদিত হয়েছে রামায়ণ মহাভারতের মতো কাব্যও। শান্ত নিস্তরঙ্গ জীবনযাত্রায় বাঙালি অভ্যস্ত ছিল। শাসনকার্যে যতই পালাবদল হোক না কেন, স্বপ্নাদিষ্ট হয়ে বা রাজ-পৃষ্ঠপোষকতায় কাব্য-রচনায় ছেদ পড়েনি। মাঝে দু’চারটি প্রেমের আখ্যান লেখা হলেও মূল স্রোতটি ছিল ধর্মাশ্রিত।
চিরদিন কি কারও সমান যায়? ১৭৫৭-র পলাশির আমবাগান সব হিসেব ওলট-পালট করে দিল। সাগরপারের দূত হয়ে এল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের ৪৩ বছর রূপান্তরের পূর্বাভাস। তাদের মাধ্যমে ভেসে এল দিনবদলের বসন্তবাতাস। এল শিক্ষা-সংস্কৃতি-অর্থনীতি-ধর্মে নতুন দিনের ছবি। বাঙালি দেখল অবাক বিস্ময়ে।
শতকের বদল ঘটল। আচারসর্বস্ব, বিকৃতিসর্বস্ব সেকালের হিন্দুধর্মের ক্লেদাক্ত পরিবেশ দূর করতে কোম্পানি উৎসাহিত ছিল না। কারণ তাদের অন্যতম নীতি ছিল এদেশীয় ধর্মবিশ্বাস ও অন্যান্য আচার অনুষ্ঠানে হস্তক্ষেপ না করা। এই কারণে প্রথম দিকে মিশনারিদেরও এদেশে ধর্মীয় প্রচারকার্য চালাতে নিষেধ ছিল। কেরি, ওয়ার্ড ও মার্শম্যানকে কলকাতায় ঘাঁটি গাড়তেও দেওয়া হয়নি।
মিশনারিদের প্রাথমিক লক্ষ্যই ছিল ধর্মান্তরকরণ। তাঁরা বহুদিন ধরেই এদেশে ধর্মপ্রচারে সচেষ্ট ছিলেন। পরিবেশ ধর্মপ্রচারের খুব অনুকূল না হলেও, মিশনারিরা কিন্তু হাল ছাড়েননি। শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগ সর্বপ্রথম ফলপ্রসূ হয় ১৮০০ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর, বাঙালি ছুতোর কৃষ্ণ পালের খ্রিস্টধর্ম গ্রহণে। এরপর শ্রীরামপুর ত্রয়ীর চেষ্টায় ১৮১৭ পর্যন্ত প্রায় ৭০০ জন দেশীয় ব্যক্তি ধর্মান্তরিত হয়।
মিশনারিরা স্বপ্ন দেখতেন, রাতারাতি এদেশীয়দের খ্রিস্টান করার। জঘন্য ভাষায় হিন্দু ও মুসলমানদের ধর্মকর্ম, দেব-দেবীকেও নিন্দা করতে দু’বার ভাবতেন না। মিশনারিরা তাঁদের স্বার্থসিদ্ধির জন্যই শিক্ষার প্রসার চাইতেন। একই কারণে তাঁরা বাংলায় স্ত্রীশিক্ষা বিস্তারের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। যারা এইরকম কোনো লোভ বা প্রলোভনে পড়ে খ্রিস্টান হত, হিন্দুধর্মের মতো খ্রিস্টধর্ম সম্পর্কেও তারা ছিল অজ্ঞ, এবং তাদের আচার-আচরণ ধর্মান্তরিত হবার পরও একইরকম থাকত।

এই সময়ই কলকাতায় এলেন রামমোহন রায়। এই সময়কালে বাঙালি হিন্দুসমাজে ধর্মীয় মতবাদের দিক দিয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রধান ব্যক্তি নিঃসন্দেহে রামমোহন রায়। রামমোহন এক এবং অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস করতেন। একেশ্বরবাদ প্রতিষ্ঠার জন্য তাঁকে অনুবাদ করতে হল উপনিষদ। উপনিষদের অনুবাদে রামমোহন রায় প্রথম পথিক। তিনি একাই অনুবাদ করেছেন ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ এবং মান্ডুক্যোপনিষদ। এছাড়া লিখেছেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার। পরবর্তীকালে ১৮৪৯-এ আনন্দচন্দ্র বেদান্তবাগীশ দেবেন্দ্রনাথ ঠাকুরের আগ্রহে লিখেছিলেন বেদান্তসার। তাঁরা দুজনে মিলে উপনিষদ সম্পাদনা করেন ১৮৬১-তে। ধীরে ধীরে রক্ষণশীল হিন্দুর দল রামমোহনের ওপর বিরূপ হয়ে উঠলেন। ‘আত্মীয়সভা’র মূল আলোচ্য বিষয় ছিল বেদান্ত। সেই কারণে ‘আত্মীয়সভা’র আত্মীয়রা সেযুগে ‘বৈদান্তিক’ নামে পরিচিত ছিলেন। ব্রাহ্মসমাজের প্রথম আচার্য হলেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। ধর্মপরায়ণ সকলশ্রেণির লোকের বিশ্বনিয়ন্তার উপাসনার জন্য ব্রাহ্মসমাজের দ্বার ছিল উন্মুক্ত। যুক্তিবাদী ইসলামি একেশ্বরবাদ, খ্রিস্টের মানবপ্রেম নৈতিক আদর্শ ও বৈদান্তিক ভাবধারা এই তিনের সমন্বয় রামমোহনের ধর্মভাবনার মধ্যে লক্ষণীয়। রামমোহনের আবেদন মুখ্যত মননশীল শিক্ষিত গোষ্ঠীর কাছে। রামমোহন ধর্মসাধক ছিলেন না, ছিলেন ধর্ম সংস্কারক। তিনি হিন্দুধর্মের সংস্কার চেয়েছিলেন, নতুন একটি স্বতন্ত্র ধর্মমত গড়ে তুলতে চাননি।
রামমোহনের ধর্মীয় মতামত উত্তপ্ত আবহাওয়ার সৃষ্টি করলে অনেকে ‘আত্মীয়সভা’র সংস্রব ত্যাগ করেন। একেশ্বরবাদী রামমোহনের সঙ্গে প্রচলিত হিন্দুধর্ম বিশ্বাসীদের মতানৈক্য ক্রমে সতী-আন্দোলনকে কেন্দ্র করে পরিণত হল প্রকাশ্য বিরোধে। এইসব রক্ষণশীল মতাবলম্বীরা রামমোহনকে হিন্দু বলে স্বীকার করতেই রাজি হলেন না। তাঁদের মতে, রামমোহন হিন্দুধর্মের বিশেষ অনিষ্টকারী। উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক আচার অনুষ্ঠানগুলি প্রত্যক্ষভাবে ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল। হিন্দুধর্মের আচার-বিচারের অন্ধকারে প্রথম আলো ফেলেছিলেন রামমোহন।
ব্রাহ্মসমাজের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি দ্বারকানাথ ঠাকুর, রামমোহন রায়ের প্রভাবে একেশ্বরবদিীতে পরিণত হলেও পৌত্তলিকতা ত্যাগ করেননি। রাজনারায়ণ বসুর বাবা নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশের দাদা নন্দকুমার বিদ্যালঙ্কার, প্রসন্নকুমার ঠাকুর হিন্দু রীতিমতে আচার অনুষ্ঠান করতেন। রামমোহনের বিলেত যাওয়ার পর ব্রাহ্মসমাজের দুর্দিন দেখা দিল। ব্রাহ্মসমাজের ক্ষীণ দীপশিখাটিকে রামচন্দ্র বিদ্যাবাগীশই কোনোরকমে জ্বালিয়ে রেখেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ১৭৬৩ শকে যখন প্রথম ব্রাহ্মসমাজে আসেন, তখন তার অবস্থা শোচনীয়। রামমোহনের একেশ্বরবাদী আদর্শ থেকে অবতারবাদে তা নেমে এসেছিল।
১৮২৯ খ্রিস্টাব্দে রামমোহনের পূর্ণ সমর্থন এবং সহযোগিতায় আইনের সাহায্যে সতীপ্রথা নিবারিত হল। শুরু হল লড়াই। সামাজিক কুপ্রথা জড়িয়ে গেল ধর্মের সঙ্গে। পরের বছরই তার বিরুদ্ধে ‘আপীল করণার্থ ও ধর্মবজায়’ রাখার জন্য ‘ধর্মসভা’ স্থাপিত হয়। কলকাতার নামকরা ধনীরা হলেন এর প্রধান পুরুষ। ‘ধর্মসভা’ ব্রাহ্মদের ধরে নিল পয়লা নম্বর শত্রু বলে। ভবানীচরণের সমাচার চন্দ্রিকা সোৎসাহে এঁদের মুখপত্র হয়ে উঠল। প্রথমদিকে এইসঙ্গে সংবাদ প্রভাকর, সংবাদ তিমিরনাশক ও সংবাদ রত্নাকর ‘ধর্মসভা’র সমর্থকরূপে দেখা দিল। ‘ধর্মসভা’র শাখাও কোথাও-কোথাও স্থাপিত হল। ‘ধর্মসভা’র কর্তাব্যক্তিরা জোর করে হিন্দুয়ানি মান্য করাতে চাইলেন।
রামচন্দ্র বিদ্যাবাগীশকে আচার্যপদে বরণ করে দেবেন্দ্রনাথ ‘তত্ত্ববোধিনী সভা’ প্রতিষ্ঠা করেন। সভার উদ্দেশ্য ছিল, ‘এদেশে কাল্পনিক ধর্ম নিবারণপূর্ব্বক ব্রাহ্মধর্মপ্রচার করা’ এবং ‘বিবিধ উপায় দ্বারা’ ‘ব্রহ্মজ্ঞান প্রচার’ করা। ব্রাহ্মধর্ম প্রচারই হয়ে উঠল ‘তত্ত্ববোধিনী সভা’র উদ্দেশ্য। ১৮৫৯-এ ‘তত্ত্ববোধিনী সভা’র অস্তিত্ব লোপ পায়। রামমোহনের আদর্শ থেকে দেবেন্দ্রনাথ বেশ কিছুটা সরে এসেছিলেন। হিন্দুশাস্ত্র থেকে নিরাকার একেশ্বর উপাসনাপোযোগী সংস্কৃত বচন সংগ্রহ করে দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম প্রণয়ন করলেন এটি হয়ে উঠল ব্রাহ্মদের ধর্মগ্রন্থ।
আলেকজান্ডার ডাফ শিক্ষাবিস্তারের মধ্য দিয়ে খ্রিস্টতত্ত্বপ্রচার করতে চেয়েছিলেন। ডাফের এই উদ্যোগের প্রথম ফল হিন্দু কলেজ ছাত্র ডিরোজিও শিষ্য মহেশচন্দ্র ঘোষের ধর্মান্তরগ্রহণ। এরপর ধর্মান্তরিত হলেন হিন্দু কলেজের নামকরা ছাত্র কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণমোহন শুধু যে খ্রিস্টান হলেন তাই নয়, অন্যদেরও খ্রিস্টান করতে উঠে-পড়ে লাগলেন।
রামমোহন ও রামমোহনপন্থীদের কার্যকলাপ যখন হিন্দু ধর্মীয়জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, সেইসময় ১৮২৬ খ্রিস্টাব্দে হিন্দু কলেজে শিক্ষক হিসাবে তরুণ ডিরোজিও-র নিযুক্তি। ইয়ংবেঙ্গল ছিলেন পুরোপুরি বর্জনের পক্ষে রামমোহনপন্থীরা শাস্ত্রবাক্যকে গুরুত্ব দিলেও, ইয়ংবেঙ্গলের কাছে যুক্তিই ছিল শেষকথা। রামমোহনপন্থীরা যখন শাস্ত্রের আসল অর্থ ও মর্মসন্ধানে ব্যস্ত, ইয়ংবেঙ্গল তখন যুক্তির পথ ধরে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করতে প্রয়াসী। এখানে উল্লেখ্য, খ্রিস্টধর্মের প্রতিও ইয়ংবেঙ্গলের মনোভাবকে খুব অনুকূল বলা চলে না।

ধর্মের ক্ষেত্রে যুক্তিবাদী মনোভাবের জন্য তদানীন্তন সমাজে ডিরোজিও এবং তাঁর শিষ্যগোষ্ঠী অন্তত প্রথমজীবনে ছিলেন নিঃসঙ্গ। খ্রিস্টান মিশনারি, রামমোহনপন্থী সংস্কারক ও ধর্মসভাপন্থী রক্ষণশীলের দল সবাই তাঁদের ওপর অপ্রসন্ন। ডিরোজিও-র মৃত্যুর পর নেতৃত্বহীন ইয়ংবেঙ্গল পূর্বের উগ্রতা হারিয়ে কেউ হলেন খ্রিস্টান, কেউ ব্রাহ্ম, কেউ সনাতন হিন্দু, আবার কেউ বা ধর্মবিষয়ে উদাসীন।
এইসময় খ্রিস্টান মিশনারি, মডারেট রিফর্মার আর ইয়ংবেঙ্গল-বাংলার এই তিন গোষ্ঠী প্রচলিত হিন্দুধর্মের বিরুদ্ধে যখন সোচ্চার, তখন স্বাভাবিকভাবেই সনাতনীদের মধ্যে দেখা দিল আত্মরক্ষার প্রয়াস। বিভিন্ন খ্রিস্টীয় সংঘ এইসময় শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে উদ্যোগী হয়ে ওঠে। শিক্ষিত তরুণদের খ্রিস্টান হবার ঝোঁক এইসময়ে ছিল অব্যাহত। ব্রাহ্মসমাজ এবং ১৮৪৩ খ্রিস্টাব্দে প্রকাশিত ব্রাহ্মসমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা খ্রিস্টীয় মিশনারিদের প্রচার অভিযানের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠল। এই সক্রিয়তা বিশেষভাবে দেখা দিল সস্ত্রীক উমেশচন্দ্র সরকারের ধর্মান্তরগ্রহণে। মিশনারি স্কুলে ছেলে পাঠানো বন্ধ করার জন্য নিজেদের একটি পাঠশালা স্থাপন যে একান্ত প্রয়োজন একথা পত্রিকাটি জোরের সঙ্গে বলে। এরই ফলশ্রুতি ‘হিন্দু হিতার্থী বিদ্যালয়।’
অন্যদিকে খ্রিস্টীয় মিশনগুলি বিশেষ করে অনুন্নত ও দরিদ্র জনগণের মধ্যে তাদের ধর্মপ্রচার অভিযান অব্যাহত রাখে। কিন্তু ক্রমবর্ধমান জনচেতনার জন্য শিক্ষিতসমাজে খ্রিস্টধর্ম প্রচার অভিযান কিছুটা যে ব্যাহত হয়েছিল তা বলাই বাহুল্য। খ্রিস্টান মিশনারিরা এতদিন একতরফাভাবে হিন্দুদের আক্রমণ করে আসছিলেন, কিন্তু ‘তত্ত্ববোধিনী সভা’ ও তত্ত্ববোধিনী পত্রিকা খ্রিস্টধর্মের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ করার পর হিন্দুরাও খ্রিস্টধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। খ্রিস্টধর্মবিরোধী বিভিন্ন বাংলা সাময়িক পত্রিকা প্রকাশ পেতে লাগল।
খ্রিস্টধর্মস্রোত রোধ করার উদ্দেশ্যে সামান্য নামমাত্র প্রায়শ্চিত্তের সাহায্যে ধর্মান্তরিতদের পুনরায় স্বধর্মে গ্রহণ করা হতে লাগল। গঠিত হল ‘পতিতোদ্ধার সভা’। কেউ কেউ প্রায়শ্চিত্ত করে পৈতৃকধর্মে ফিরে এল, কিন্তু অল্পদিনের মধ্যেই পতিতোদ্ধারে দেখা দিল নিষ্ঠার অভাব। উনিশ শতকের মধ্যভাগ থেকেই এইসব কারণে শিক্ষিত মনে খ্রিস্টধর্মের প্রভাব হ্রাস পেতে থাকে।
চতুর্থ দশকে ব্রাহ্মধর্মের সঙ্গে খ্রিস্টধর্মের রীতিমতো লড়াই শুরু হয়। ব্রাহ্মধর্মের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা খ্রিস্টধর্মকে আক্রমণ শুরু করলে, খ্রিস্টানরা ব্রাহ্মসমাজের ধর্মবিশ্বাসকে ভিত্তিহীন বলে পালটা আক্রমণ করলেন। রামমোহনের মতো দেবেন্দ্রনাথও নিজেকে ‘হিন্দু’ এবং ব্রাহ্মধর্মকে হিন্দুধর্মের সমুন্নত রূপ বলে মনে করতেন। হিন্দুধর্মকে তিনি সকল ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ মনে করতেন।
হিন্দু কলেজের তরুণ ছাত্রদল সর্বপ্রকার ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধবাদী ছিলেন না, তাঁরা ছিলেন বিশেষভাবে হিন্দুধর্মের গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কিন্তু ডিরোজিও-র মৃত্যুর পর ডিরোজিও-র ছাত্রবন্ধুদের কেউ একেবারে উলটোপথে গিয়ে হয়ে উঠেছেন গোঁড়া ধার্মিক, গোঁড়া খ্রিস্টান, গৌড়া ব্রাহ্ম বা গোঁড়া হিন্দু। দু’একজন অবশ্য তাঁদের যুক্তিবাদ আজীবন অক্ষুণ্ণ রেখে ধর্ম সম্পর্কে নিস্পৃহতা বজায় রেখেছিলেন।
তারাচাঁদ চক্রবর্তী, চন্দ্রশেখর দেব, শিবচন্দ্র দেব ব্রাহ্মসমাজের সভ্য হন। শিবচন্দ্র দীর্ঘদিন সাধারণ ব্রাহ্মসমাজের সভাপতিও ছিলেন। শেষ জীবনে প্রেততত্ত্ব চর্চায় তিনি তাঁর সমস্ত মনপ্রাণ সমর্পণ করেন। প্যারীচাঁদ মিত্র স্ত্রী-বিয়োগের পর প্রেততত্ত্বের আলোচনাতে মনোনিবেশ করেন। রামতনু লাহিড়ী হয়ে উঠলেন ঈশ্বরে সমর্পিতপ্রাণ। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় হরচন্দ্র ঘোষ ও অমৃতলাল মিত্র রামগোপাল ঘোষ গোবিন্দচন্দ্র বসাক মাধবচন্দ্র মল্লিক হিন্দুধর্মকে গোড়ার দিকে মোটেই প্রীতির চোখে দেখতেন না। ডিরোজিও-র শিষ্যগোষ্ঠীর মধ্যে একজনই বোধ হয় শেষপর্যন্ত যুক্তির পথ ধরে চলেছিলেন, তিনি রাধানাথ শিকদার।
দেবেন্দ্রনাথ নিরাকার অপৌত্তলিক ঈশ্বরধ্যানে আত্মস্থ হতে প্রতিষ্ঠা করলেন তত্ত্ববোধিনী সভা। ১৮৩৯-এ ব্রাহ্মধর্ম গ্রহণের সময় দেবেন্দ্রনাথ অপৌত্তলিক মতে ধর্মাচরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। ব্যক্তিগত ধর্মাচরণ করার সময় দেবেন্দ্রনাথের মনে সামাজিক সংস্কারের কোনও অভিপ্রায় ছিল না। কিন্তু ব্রাহ্মসমাজের ব্যাপ্তির সঙ্গে সঙ্গে দেখা দিল বেশ কিছু সামাজিক সমস্যার সমাধানের প্রশ্ন। টানাপোড়েন শুরু হয় তখনই। ব্রাহ্মধর্ম অপৌত্তলিক ধর্ম। কিন্তু হিন্দুধর্ম পৌত্তলিক। সেই পৌত্তলিকতার সূত্রেই ব্রাহ্মসমাজে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে এল সামাজিক রীতিনীতি পালনের ক্ষেত্রে। শুধু তা-ই নয়, ব্রাহ্মধর্মে জাতিভেদ থাকবে কি না, সে নিয়েও জিজ্ঞাসা দেখা দিল। প্রথমে মতান্তর, এরপর মনান্তর। বিচ্ছেদ ঘনাল। দ্বিধাবিভক্ত হল ব্রাহ্মসমাজ। দেবেন্দ্রনাথের অনুসারীবৃন্দ হিন্দুসমাজের মধ্যে থেকেই সংস্কারে আগ্রহী ছিলেন। অন্যদিকে কেশবপন্থীরা নিজেদের হিন্দুসমাজ থেকে স্বতন্ত্র বলেই ঘোষণা করলেন। জাতিভেদমুক্ত ব্রাহ্মসমাজ গঠনে তাঁদের উৎসাহে কোনও ঘাটতি ছিল না। রক্ষণশীলতার সঙ্গে প্রগতিপন্থীদের সে-সংঘাতের ছবি সেকালের পত্র-পত্রিকায় ধরা আছে।
তখন একদিকে দেবেন্দ্রনাথের নবধর্মবিশ্বাস, অন্যদিকে চিরাচরিত প্রথায় সমাজ, আত্মীয়-স্বজনের নির্ভরতা। সংশয় দ্বিধা কাটিয়ে নিজ মতেই স্থির থেকেছিলেন তিনি। দোলাচলবৃত্তি তখনও তাঁর মধ্যে দেখা দেয়নি। দেবেন্দ্রনাথের পিতৃবিয়োগে শ্রাদ্ধের প্রচলিত আচারবিধি পালনের যৌক্তিকতা নিয়ে অনড় মনোভাবের কারণেই তাঁকে হারাতে হল ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের আনুকুল্য। বিরাগভাজন হলেন অনেকেরই।
সমস্যার সে-ই শুরু। শ্রাদ্ধানুষ্ঠান দিয়ে পৌত্তলিকতা-বর্জিত অনুষ্ঠান শুরু হলেও অন্যান্য অনুষ্ঠান, যেমন উপনয়ন, বিবাহ ইত্যাদির ক্ষেত্রে নির্দিষ্ট পন্থা অবলম্বন করার বিষয়টিও ব্রাহ্মদের (বিশেষত দেবেন্দ্রনাথকে) ভাবিয়ে তুলেছিল। শুধু পৌত্তলিকতাই নয়, সঙ্গে জড়িয়ে ছিল আরও কিছু বিষয়। যেমন, ব্রাহ্মদের উপবীত থাকবে কিনা, তাঁদের মধ্যে অসবর্ণবিবাহ চলবে কিনা ইত্যাদি স্পর্শকাতর বিষয়।
দেবেন্দ্রনাথ-আহুত এক সভায় স্থির হল, ব্রাহ্মদের উপবীত ত্যাগ করাই শ্রেয়। ১৮৬৩ সালে কেশবচন্দ্র দেবেন্দ্রনাথকে বললেন ব্রাহ্মসমাজের বেদীতে কোন উপাসক উপবীত ধারণ করে বসতে পারবেন না। এবার দেবেন্দ্রনাথ বেঁকে বসলেন। তাঁর মতে ‘সাধু ও সৎপাত্র ব্রাহ্মধর্ম প্রচারের উপযুক্ত’ হলে তিনি বেদীতে বসে উপাসনা করতে পারবেন। এরপর একদিন একজন উপাচার্যের অনুপস্থিতিতে দেবেন্দ্রনাথ বিজয়কৃয় গোস্বামীকে আসন গ্রহণ করতে অনুরোধ করেন। বিজয়কৃষ্ণ সরাসরি তাঁর অসম্মতি জানালেন।

ফলে জল গড়াল অনেকদূর। ভাঙনের পথ পরিষ্কার হল। শুধু উপাচার্যের আসনই নয়, জাতিভেদের বিষয়টি নাড়া দিয়ে গেল আরও অনেক গুরুতর এবং প্রয়োজনীয় প্রসঙ্গকে। জাতিভেদ তুলে দিতে তাঁর মন সায় দেয়নি। জাতিভেদপ্রথা ব্রাহ্মদের মধ্যে তুলে দেওয়ার ব্যাপারে দেবেন্দ্রনাথের মনে যে দ্বিধা ছিল, সেটি নিশ্চিত। ব্রাহ্মরা উপবীত রাখবেন কি রাখবেন না, এ নিয়ে দোলাচলে ছিলেন অনেকেই। যুক্তি ও প্রতিযুক্তিতে ব্রাহ্মসমাজ দ্বিধাবিভক্ত। অনেক ব্রাহ্ম উপবীত ত্যাগ করে সমাজচ্যুত হলেন। বিতর্ক বাড়ল।
ঘনিষ্ঠ কয়েকজন দেবেন্দ্রনাথকে বোঝালেন, জাতিচ্যুত হওয়ার ভয়ে অনেকে ব্রাহ্ম হবেন না এবং হিন্দুসমাজও ব্রাহ্মসমাজের পাশে থাকবে না। এ কথা শুনে আবার দেবেন্দ্রনাথের মত পরিবর্তিত হল। তিনি নতুন নিয়ম পাল্টে দিলেন। অযোধ্যানাথ পাকড়াশী, বেচারাম চট্টোপাধ্যায় এবং আনন্দচন্দ্র বেদান্তবাগীশকেই উপাচার্য পদে নিযুক্ত করলেন। তাঁর এমন দোলাচলবৃত্তি দেখে বেশ কয়েকজন ব্রাহ্ম আদি ব্রাহ্মসমাজের সঙ্গে সংশ্রব ত্যাগ করলেন। এরপর আদি সমাজের রক্ষণশীলতা ক্রমশ বাড়তে লাগল। তাঁরা মনে করলেন বাল্যবিবাহ বহুবিবাহ প্রচলিত থাকা উচিত। নিজেদের হিন্দুসমাজেরই একটি শাখা বলে প্রচার করা শুরু করলেন। জাতিভেদের সমর্থনে, উপবীতধারণের পক্ষে তাঁদের বক্তব্য প্রকাশ পেল।
এর কিছুদিন পরেই ঘটল এক উল্লেখযোগ্য ঘটনা। ১৮৭২-এর সেপ্টেম্বর মাসে জাতীয় সভায় রাজনারায়ণ ‘হিন্দুধর্ম্মের শ্রেষ্ঠতা’ শিরোনামে এক বক্তৃতা করেন। ওই সভায় সভাপতিত্ব করেছিলেন স্বয়ং দেবেন্দ্রনাথ। ওই বক্তৃতা সারা দেশে তুমুল আলোড়ন ফেলেছিল। তাঁর বক্তৃতায় যারপরনাই খুশি হলেন রক্ষণশীল হিন্দুধর্মাবলম্বীরা। দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ-এ প্রশংসা করলেন। কালীকৃষ্ণ দেব তাঁকে ‘হিন্দুকুলশিরোমণি’ বলে আখ্যা দিলেন। কেশবপন্থী শিবনাথ শাস্ত্রীও রাজনারায়ণের বক্তৃতাকে ‘চিন্তাপূর্ণ, সুযুক্তিসঙ্গত ও জাতীয়ভাবপূর্ণ’ বলে স্বীকার করেছেন। ১৮৭০-এ কেশবচন্দ্র স্থাপন করেছেন ভারত সংস্কারক সভা। প্রথম পর্বে কেশবচন্দ্র এই সংস্কার আন্দোলনে অগ্রণী ছিলেন ঠিকই। কিন্তু পরবর্তীকালে তিনিও রক্ষণশীলতার ঘেরাটোপে বন্দী হয়ে পড়লেন।
১৮৭২-এ প্রকাশিত হয়েছে বঙ্গদর্শন। ওই সময়েই শুরু হয়েছে হিন্দুধর্মের পুনরুত্থানের যুগ। তার মুখপাত্র হিসেবে পরিচিত হয়ে উঠেছেন শশধর তর্কচূড়ামণি। তিনি এবং তাঁর সহযোগীবৃন্দ পুরাণের আধুনিক ব্যাখ্যা দিয়ে মূর্তিপূজাকে সমর্থন করেছিলেন। শশধরের গোঁড়া হিন্দুয়ানিকে সমর্থন করত বঙ্গবাসী, জাহ্নবী, বেদব্যাস ইত্যাদি পত্রিকা। রাজনারায়ণের বক্তৃতা সেই নব্য হিন্দুজাগরণের ভিতকে আরও পোক্ত করেছিল, সন্দেহ নেই।

রাজনারায়ণের এই বক্তৃতার অভিঘাত এসে পড়েছিল দেবেন্দ্রনাথের ওপরও। তাই, এতদিন তাঁর সৃষ্ট যে পদ্ধতি অনুসারে উপনয়ন প্রচলন করেছিলেন, তাতে পরিবর্তন করলেন। ১৮৭৩-এর শুরুতে তিনি আবার উপনয়নে উপবীত দেবার নিয়ম চালু করলেন। ওই বছর ৬ ফেব্রুয়ারি (২৫ মাঘ ১৭৯৪ শক) সোমেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের উপনয়ন-সংস্কার করে উপবীত দিলেন। সে-অনুষ্ঠান যে সেকালের শিক্ষিত বাঙালিসমাজকে বেশ আলোড়িত করেছিল, সে বিষয়ে সন্দেহ নেই। দেখা যাচ্ছে, পরিণতিতে রক্ষণশীলতাই আদি ব্রাহ্মসমাজের তথা দেবেন্দ্রনাথের আশ্রয় হয়ে উঠল। যে সম্ভাবনা মহীরুহের আকার ধারণ করতে পারত, রক্ষণশীল আর প্রগতিপন্থীদের দ্বন্দ্বে তা বিকশিত হতে পারল না। হিন্দুধর্মের কুসংস্কারের দেওয়ালে আঘাত হেনেছিলেন বিদ্যাসাগর, যিনি ছিলেন রীতিমতো ব্রাহ্ম-ঘনিষ্ঠ। দেবেন্দ্রনাথ-কেশবচন্দ্রও একই পথে যাত্রা শুরু করেও থমকে গেলেন। বলা ভালো, দিকভ্রষ্ট হলেন। স্ববিরোধী কার্যকলাপে তাঁরা জনমানসের সমর্থন হারালেন। কেশবচন্দ্রও মুখে হিন্দুধর্মের থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বলেছেন, কায়মনোবাক্যে বিবাহপদ্ধতির সংস্কার চেয়েছেন। কিন্তু নিজকন্যার বিবাহে প্রাচীন রক্ষণশীলতার পাকে জড়িয়ে সর্বত্র নিন্দিত হলেন, ব্রাহ্মসমাজকেও আর এক ভাঙনের মুখে দাঁড় করালেন।
শতকের মাঝপর্ব থেকে ব্রাহ্মধর্ম দ্রুত প্রসার লাভ করতে থাকে। সারা বাংলা জুড়ে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় এবং সম্পন্ন জমিদার বা রাজারাও এই ধর্মে দীক্ষা গ্রহণ করতে লাগলেন। স্বাভাবিক কারণেই প্রসরমান ধর্মের ব্যাখ্যা ও গুণকীর্তন করে অসংখ্য বই লেখা হল, গান রচিত হল। ঠাকুর পরিবার এর মূল হোতা। শুরু হয়েছিল রামমোহন রায়কে দিয়ে। শতক জুড়ে ভক্তিগীতির জোয়ার এসেছিল। প্রত্যেক ধর্মের ভন্ত নিজ নিজ ধর্মের বা নিছকই ধর্মের গান সংকলন করেছেন।
গোটা উনিশ শতকে বৈষ্ণবধর্ম নিয়ে ভক্তি-আগ্রহ বাঙালিদের মধ্যে কম ছিল না। শ্রীকৃষ্ণতত্ত্ব, চৈতন্যজীবন ও বাণী, বৈষ্ণবীয় তত্ত্বকথা সম্বন্ধে অন্তত শ’দেড়েক বইয়ের সন্ধান পাওয়া গেছে। চৈতন্য-বন্দনা অব্যাহত ছিল উনিশ শতকেও। শাক্তধর্মের পর দুর্গাবন্দনা, গঙ্গার স্তুতিও বাদ পড়েনি।
উনিশ শতক জুড়ে মুদ্রিত মঙ্গলকাব্য আমরা পেয়েছি একশোর ওপর। সংখ্যাটা নিতান্ত অবহেলা করার মতো নয়। দিন যত এগিয়েছে, মঙ্গলসাহিত্যের প্রতি বাঙালির আগ্রহ ততই বেড়েছে। এ-কারণে পরের পঞ্চাশ বছরে তার আড়াইগুণ! মুদ্রিত মঙ্গলকাব্যের মধ্যে স্বাভাবিকভাবে দেবীবন্দনার প্রাধান্য। অন্নদা, মনসা, চণ্ডী, কালিকা, শীতলা, কমলা, যোগাদ্যা, অম্বিকা, সারদা, দুর্গা-র পাশাপাশি বৈষ্ণবীয় পুরুষচরিত্র জগন্নাথ, গোবিন্দ, কৃষ্ণ আছেন।তুলনামূলকভাবে অনেক কম। যুগ্ম দেবমঙ্গলকাব্য হিসেবে পাওয়া গেছে হরপার্বতীমঙ্গল এবং হরিহরমঙ্গল, হরপার্ব্বতীমঙ্গল। অন্নদামঙ্গল প্রথম মুদ্রিত সচিত্র মঙ্গলকাব্য। জনপ্রিয়তায় অন্নদামঙ্গলই প্রথম। বটতলা থেকে ছাপা প্রথম সচিত্র মঙ্গলকাব্য সম্ভবত জয়গোপাল তর্কালঙ্কার সম্পাদিত চণ্ডীমঙ্গল। যদিও মনসামঙ্গলের কেতকাদাস ক্ষেমানন্দ ছাপাখানার আনুকূল্য পেয়েছেন সবচেয়ে বেশি।
এই তথ্যে কিছুটা বিস্মিত হই এজন্য, যখন বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র সগৌরবে আসীন, রবীন্দ্রনাথও এসে গেছেন, তখন কেন মঙ্গলকাব্য পাঠে বাঙালি এত আগ্রহ দেখাল? প্রসঙ্গত, এই দশকে মহাভারত ৩১টি, রামায়ণ ৩৬টি ছাপা হয়েছে। তবে? প্রশ্নের সদুত্তর এখনও পাওয়া যায়নি।
১৮৬৫-র আগে ঋগ্বেদ সংহিতার অনুবাদ প্রকাশিত হয়েছিল। শতকের শেষ দিকে ঋকবেদের অনুবাদ করেন রমেশচন্দ্র দত্ত। সামবেদের অনুবাদ করেছেন ললিতকৃষ্ণ বসু, রজনীকান্ত বিদ্যারত্ন। বেশ কয়েকজন লেখক সংহিতা অনুবাদে মনোযোগ দিয়েছেন। শ্রীমদ্ভাগবতগীতা বা গীতার কয়েক’শ অনুবাদ উনিশ শতকে হয়েছে। এছাড়া ‘নারদ সম্বাদ’-এর বাজার খুব ভালো ছিল। চন্ডীমাহাত্ম্য কীর্তন অবশ্য বেশি লেখক করেননি। ২০টি মহাপুরাণের প্রায় প্রতিটি পুরাণই বাংলায় অনুবাদিত হয়েছে। বাংলার সমাজে পাঁচালি ব্রতকথার প্রচলনের ঐতিহ্য অতি পুরোন। তাদের বাজার কাটতি ছিল ঈর্ষণীয়। এপার-ওপার দু’বাংলা থেকেই ছাপা হয়েছে পাঁচালি ব্রতকথা। সত্যনারায়ণ ব্রতকথা ও পাঁচালি, শনির পাঁচালি, লক্ষ্মীর পাঁচালি, সুবচনী ব্রতকথা, মঙ্গলচণ্ডীর ব্রত ইত্যাদি। এমন আরো অনেক ব্রতকথার বইয়ের দেখা পাওয়া যায়। একালে তার প্রাসঙ্গিকতা অনেকটাই হারিয়ে গেছে।

