
যখন তোমার সত্ত্বা দুটো দাঁড়িয়ে যুদ্ধ প্রান্তরে,
তখন তোমার আত্ম-জগৎ পেরিয়ে যাওয়ার গান ধরে।
পিতৃ সত্ত্বা শোকাহত, শ্মশান ফেরত বাবার চোখ
কিন্তু যখন তোমার মধ্যে লেখক সত্ত্বা খুঁজছে লোক—
তখন তুমি কোনটা বাছবে? শরীর নাকি দূরের খোঁজ!
নিজেকে তাই ঢেলেই দিলে, যীশুর যেমন নৈশভোজ…
একটা সত্ত্বা কাঁদছে বলে, অন্যটার কী ভুল-ত্রুটি?
জীবন দিয়েই বুঝিয়ে দিলে, আসল কবির নেই ছুটি!
ভাবছে সবাই এই তো তুমি, কিন্তু তুমি নেইতো আর:
সমুদ্র-কে কে আর বোঝে! রহস্যময় সব পাহাড়।
মানুষ হাসে, মানুষ কাঁদে, মানুষ বাঁধে হালকা ঘর—
কবির দৃষ্টি নিংড়ে আনে এই জীবনের সকল স্তর।
যোগীর মতো টপকে গেছ দুঃখ, কান্না, শোকের টান,
ভিড়ের থেকে অনেক দূরে তোমার মনের অবস্থান।
ভিড়ের থেকে অনেক দূরে রবীন্দ্রনাথ লিখছে গান।

Facebook Comments Box

